বেয়ারস্টোকে ওপেন করিয়ে ময়াঙ্ক আগরওয়ালের চার নম্বরে ব্যাটিং করার সিদ্ধান্তের সমালোচনায় সেওয়াগ
আপডেট করা - May 7, 2022 9:21 pm

রাজস্থান রয়্যালসের কাছে হেরে আইপিএলের প্লে অফের রাস্তাটা অনেকটাই কঠিন করে ফেলেছে পঞ্জাব কিংস। সুযোগ থাকলেও, রাস্তাটা কঠিন। প্রতিটি ম্যাচই জিততে হবে এবার পঞ্জাব কিংসকে। আর রাজস্থানের বিরুদ্ধে ব্যর্থতার পরই ময়াঙ্ক আগরওয়ালের সমালোচনায় বীরেন্দ্র সেওয়াগ। পরপর দুই ম্যাচে ময়াঙ্কের ব্যাটিং পজিশনের বদল নিয়েই মুখ খুলেছেন তিনি। বেয়ারস্টোকে ওপেনে দিয়ে ময়াঙ্কের নিজেকে চার নম্বরে নামিয়ে আনাটা কিছুতেই মেনে নিতে পারছেন না বীরেন্দ্র সেওয়াগ।
আইপিএলে এই মুহূর্তে পঞ্জাব কিংসের ১১ ম্যাচ খেলে পয়েন্ট রয়েছে ১০। প্লে অফের রাস্তা খোলা রাখতে হলে পরপর তিনম্যাচেই জিততে হবে তাদের। সেই পরিস্থিতিতেই দলের ব্যাটিং পজিশন নিয়ে এমন পরীক্ষা নীরিক্ষা বোধহয় ঠিক মেনে নিতে পারছেন না বীরেন্দ্র সেওয়াগ। বিশেষ করে বেয়ারস্টোকে ওপেনিংয়ে পাঠানোর সিদ্ধান্ত একেবারেই সমর্থন করছেন না তিনি। ময়াঙ্কের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন সেওয়াগ। তাঁর মতে ময়াঙ্কেরই ওপেনিং করতে আসা উচিত্। পরপর দুই ম্যাচেই ময়াঙ্ক আগরওয়াল কিন্তু চার নম্বরে সফল হতে পারেনি। শুধু তাই নয় রাজস্থানের বিরুদ্ধেও গুরুত্বপূর্ণ সময়ে মাত্র ১৫ রান করতে পেরেছিলেন ময়াঙ্ক।
ময়াঙ্ক আগরওয়ালের সমালোচনায় বীরেন্দ্র সেওয়াগ
ওপেনিংয়ের দায়িত্ব কেন ময়াঙ্ক অন্যের ওপর ছেড়ে দিচ্ছেন, সেটা নিয়েই প্রশ্ন তুলেছেন বীরেন্দ্র সেওয়াগ। গত দুম্যাচেই পঞ্জাবের হয়ে চার নম্বরে ব্যাটিং করতে আসছেন ময়াঙ্ক আগরওয়াল। ওপেনিংয়ে দেখা যাচ্ছে জনি বেয়ারস্টো। কিন্তু সেভাবে সফল হতে পারেননি। রাজস্থানের বিরুদ্ধে এবারের আইপিএলে প্রথম অর্ধশতরান পেলেও, খুবই ধীরগতিতে এদিন ব্যাটিং করেছেন তিনি। এই ঘটনা দেখার পর থেকেই সেওয়াগের নিশানায় ময়াঙ্ক। সেওয়াগের মতে ময়াঙ্ক যখন নিজেই আক্রমণাত্মক ব্যাটিং করতে পারে, সে জায়গায় কেন বেয়ারস্টোকে ওপেনিংয়ে পাঠাচ্ছেন তিনি।
ক্রিকবাজে বীরেন্দ্র সেওয়াগ জানিয়েছেন, আমার মনে হয়না ময়াঙ্ক আগরওয়ালের এতটা নীচে খেলা উচিত্। আমার মতে ময়াঙ্ক আগরওয়ালকে তিন নম্বরে ব্যাটং করিয়ে ময়াঙ্ক আগরওয়ালেরই ওপেন করা উচিত্। আমার মতে পাওয়ারপ্লে তে কেন অন্য আরেকজমের ওপর তাড়াতাড়ি রান করার দায়িত্ব তিনি তুলে দিচ্ছেন, যখন ময়াঙ্ক আগরওয়াল নিজেই সেটা করতে পারেন। যদি মনে হয় বেয়ারস্টো তিন নম্বরে পারবেন না, সেক্ষেত্রে তাঁকে বসানো হোক, ভানুকা রাজাপক্সে সেই কাজাটা যথেষ্ট ভালভাবে করছেন।
কয়েকদিন আগেই অবশ্য এই বিষয় নিয়ে মখ খুলেছিলেন পঞ্জাব কিংস অধিনায়ক ময়াঙ্ক আগরওয়াল। তিনি জানিয়েছিলেন জনি বেয়ারস্টোর থেকে তাঁর পারফরম্যান্স বের করে আনার জন্যই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কিন্তু ময়াঙ্ক আগরওয়ালের এই সিদ্ধান্তের সঙ্গে কিন্তু একমত হতে পারছেন না প্রাক্তন পঞ্জাব ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ। হাতে রয়েছে আর তিন ম্যাচ। সেই তিনম্যাচে জিতে প্লে অফে পৌঁছতে পারে কিনা পঞ্জাব সেটাই এখন দেখার।