বায়ো-বাবল থেকে ছাড়া পেলেন বিরাট কোহলি ও ঋষভ পান্ত, থাকছেন না সিরিজের শেষ ম্যাচে

জানা যাচ্ছে শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজেও এই দুই ক্রিকেটার খেলবেন না

Virat Kohli
Virat Kohli. (Photo by PHILL MAGAKOE/AFP via Getty Images)

কলকাতার ইডেন গার্ডেন্সে ২০শে ফেব্রুয়ারি ২০২২-এ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অনুষ্ঠিত হতে চলা তৃতীয় টি-টোয়েন্টিতে অংশ নেবেন না বিরাট কোহলি। ভারতীয় ব্যাটিং মাস্টারকে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) বিরতি দিয়েছে। তাঁর সঙ্গে বিরতি পেয়েছেন উইকেটকিপার ও চলমান টি-টোয়েন্টি সিরিজে সহ-অধিনায়ক নির্বাচিত হওয়া ঋষভ পান্তও। 

ভারতীয় দলের বায়ো-বাবল থেকে উভয় ব্যাটারকে ১০ দিনের বিরতি দিয়েছে বিসিসিআই। সূত্র অনুযায়ী লখনউতে ২৪শে ফেব্রুয়ারি থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে শুরু হতে চলা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও খেলছেন না পান্ত ও কোহলি। মার্চের প্রথম সপ্তাহে মোহালিতে কেরিয়ারের ১০০তম টেস্ট ম্যাচের জন্য কোহলি ভালোভাবে প্রস্তুতি নিতে চান।

“বিসিসিআই বিরাট কোহলিকে বায়ো-বাবল থেকে বেরনোর জন্য বিরতি দিয়েছে। বাড়ি ফিরে যাওয়ায় তিনি তৃতীয় টি-টোয়েন্টিতে অংশ নেবেন না (পিটিআই দ্বারা রিপোর্ট করা হয়েছে),” মুফাদ্দাল ভোহরা নামের একটি হ্যান্ডল থেকে টুইট করা হয়েছে।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে কোহলি ও পান্ত দুজনেই হাফ-সেঞ্চুরি করেছেন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারতীয় দলের হয়ে একটি গুরুত্বপূর্ণ হাফ সেঞ্চুরি করেন বিরাট কোহলি। তাঁর ব্যাট থেকে বেরনো ৪১ বলে ৫২ রানের ইনিংস ভারতীয় দলকে স্কোরবোর্ডে মোট ১৮৬/৫ তুলতে সাহায্য করে। ঋষভ পান্তও একটি হাফ-সেঞ্চুরি হাঁকিয়েছেন। তাঁর ২৮ বলে অপরাজিত ৫২ রানের ইনিংসটির কারণে তিনি ম্যাচের সেরা বিবেচিত হয়েছেন। 

ম্যাচের সমাপ্তির পরে, ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলেছেন যে ৩৩ বছর বয়সী কোহলি ‘মেন ইন ব্লু’-র হয়ে একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন এবং বেশ কিছু আনন্দদায়ক শট খেলেছেন। 

“বিরাটের কাছ থেকে এটা খুবই গুরুত্বপূর্ণ ইনিংস ছিল। সে যেভাবে শুরু করেছিল, তাতে আমার উপর থেকে চাপটা সরে গিয়েছিল। আমরা প্রথম দুই ওভারে ভালো শুরু করিনি, তারপরে সে এসে সেই শটগুলি খেলতে শুরু করেছিল যা আমার চোখে খুব আনন্দদায়ক ছিল,” ম্যাচ-পরবর্তী উপস্থাপনা অনুষ্ঠানে কোহলি সম্পর্কে রোহিত শর্মা বলেছিলেন।

ওই একই হ্যান্ডল থেকে কিছুক্ষণ বাদে আরও একটি টুইট করা হয়ে যেখান থেকে পান্তের বিরতি পাওয়ার বিষয়টি স্পষ্ট হয়। সেই টুইটে বলা হয়, “বিসিসিআইয়ের পক্ষ থেকে ঋষভ পান্তক্র বায়ো-বাবল থেকে বিরতি দেওয়া হয়েছে। তিনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে থাকতে পারবেন না (পিটিআই দ্বারা রিপোর্ট করা হয়েছে)।”

close whatsapp