ইডেনে তৃতীয় টি-২০তে দর্শক প্রবেশের অনুমতির জন্য বোর্ডকে অনুরোধ সিএবির
প্রথম দুটি ম্যাচ হতে চলেছে দর্শকশূন্য স্টেডিয়ামে
আপডেট করা - Feb 16, 2022 10:56 am

ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের (সিএবি) সভাপতি অভিষেক ডালমিয়া এবং সচিব স্নেহাশিস গাঙ্গুলী মঙ্গলবার নিশ্চিত করেছেন যে রাজ্য সংস্থাটি বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াকে (বিসিসিআই) অনুরোধ করেছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে দর্শকদের প্রবেশের অনুমতি দেওয়ার জন্য।
অভিষেক ডালমিয়া ইন্ডিয়া টুডে-এর সাথে কথা বলতে গিয়ে বলেছেন যে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচ দর্শকদের ছাড়াই খেলা হবে, এবং তিনি যোগ করেছেন যে এই সিদ্ধান্ত বিসিসিআইয়ের পক্ষ থেকে নেওয়া হয়েছে কোভিড-১৯ পরিস্থিতির কথা মাথায় রেখে। ভারত ১৬ থেকে ২০শে ফেব্রুয়ারি ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩টি টি-টোয়েন্টি খেলবে। গত বছরের নভেম্বরে যখন ইডেন গার্ডেন্সে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি আয়োজন করা হয়েছিল, তখন স্টেডিয়ামে ৭০ শতাংশ দর্শক প্রবেশের অনুমোদন দেওয়া হয়েছিল।
এর আগে ফেব্রুয়ারিতে, পশ্চিমবঙ্গ সরকার ক্রীড়া কার্যক্রমের জন্য ৭৫ শতাংশ আসন পূর্ণ করার অনুমোদন দিয়েছিল। য্দিও, আহমেদাবাদে খালি স্টেডিয়ামে ওডিআই সিরিজ আয়োজন করার পরে, বিসিসিআই ইডেন গার্ডেন্সেও দর্শক না রাখার সিদ্ধান্ত নিয়েছে।
“আমরা সকলেই চাই দর্শকরা এসে ক্রিকেট দেখুক। আমরা সবাই চাই আবার সবকিছু স্বাভাবিক হোক, যেমনটা দেখতে আমরা শৈশবে অভ্যস্ত ছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত, কোভিড পরিস্থিতির কারণে, বিসিসিআই ক্রিকেটারদের নিরাপত্তার দিকে বেশী নজর দিতে চায়। এবং সেই কারণেই তারা এই ম্যাচগুলিকে দর্শকশূন্য রাখার সিদ্ধান্ত নিয়েছে,” অভিষেক বলেছেন।
“অন্তত প্রথম দুটি ম্যাচের জন্য দর্শকশূন্যই থাকবে। আমরা বোর্ডকে অনুরোধ করেছি অন্তত আমাদের কিছু সদস্যকে অনুমতি দেওয়ার জন্য এবং আমরা যখন নভেম্বরে শেষবার খেলেছিলাম, তখন আমাদের ৭০ শতাংশ আসনে দর্শক ছিল এবং আমরা একই সঙ্গে জৈব-সুরক্ষিত পরিবেশও বজায় রেখেছিল।আমাদের কাছে সেই ব্যবস্থা আছে। যদি অনুমতি দেওয়া সম্ভব হয়, তাহলে ভালো হবে,” সিএবি সভাপতি বলেছেন।
বিসিসিআইয়ের প্রতিক্রিয়ার অপেক্ষায়: স্নেহাশিস গাঙ্গুলী
এদিকে, সিএবি সচিব স্নেহাশিস বলেছেন যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পরিকল্পনা সম্পর্কে তাদের কোন ধারণা নেই। আইপিএল ভারতে আয়োজিত হবে বলে আশা করা হচ্ছে তবে তারা ৩য় টি-টোয়েন্টির পরিকল্পনা সম্পর্কে বিসিসিআইয়ের কাছ থেকে বার্তা আসার জন্য অপেক্ষা করছেন।
“প্রথম দুই ম্যাচের জন্য দর্শক থাকবে না। তৃতীয় ম্যাচের জন্য আমরা অনুরোধ করেছি কিন্তু আমরা এখনও সাড়া পাইনি। আইপিএলের জন্য (দর্শকদের অনুমতি দেওয়ার বিষয়ে) কিছু বলতে পারছি না,” তিনি বলেছেন।