বিরাট কোহলি জানালেন এমএস ধোনির যে বার্তা তাঁকে ফর্ম ফিরে পেতে সাহায্য করেছিল

কোহলি বলেছিলেন তাঁর খারাপ সময়ে ধোনি সাহায্যর জন্য এগিয়ে এসেছিলেন

MS Dhoni and Virat Kohli
MS Dhoni and Virat Kohli. (Photo by Stu Forster-ICC/ICC via Getty Images)

ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি চলমান টি-২০ বিশ্বকাপ ২০২২-এ দারুণ স্পর্শে আছেন। ভারত ইতিমধ্যেই টুর্নামেন্টের সেমি-ফাইনালে উঠেছে। সেমি-ফাইনালে মেন ইন ব্লু ১০ই ​​নভেম্বর অ্যাডিলেড ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে নামবে। সুপার ১২ পর্বের পাঁচটি ম্যাচে কোহলি তিনটি হাফ সেঞ্চুরি করেছেন এবং সেই তিনটি ম্যাচেই জিতেছে ভারতীয় দল। 

পাকিস্তানের বিরুদ্ধে  কোহলির ৫৩ বলে ৮২* এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে তাঁর সেরা ইনিংস। কোহলির সাম্প্রতিক ফর্ম দেখে হয়তো অনেকেই ভুলে যেতে পারেন এই বছরের শুরুতে রান পেতে ব্যর্থ হওয়া কোহলিকে কতটা খাতাপ সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছিল। এশিয়া কাপ ২০২২- এর সময় কোহলি প্রকাশ করেছিলেন যে এমএস ধোনিই একমাত্র ব্যক্তি যিনি তাঁকে টেক্সট মেসেজ করেছিলেন যখন কোহলি ভারতের টেস্ট অধিনায়কের পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন।

এমএস ধোনির সঙ্গে কোহলির সম্পর্ক বরাবরই খুব বিশেষ এবং তাঁর জীবন ও কেরিয়ারে কিংবদন্তী উইকেটকিপার-ব্যাটারের ভূমিকা সম্পর্কে প্রায়শই কোহলি কথা বলেছেন। আরসিবি পডকাস্টে কথা বলার সময় কোহলি প্রকাশ করেছেন যে ধোনি তাঁকে কী টেক্সট মেসেজ করেছিলেন যখন তিনি ব্যাট হাতে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং কীভাবে সেই বার্তাটি তাঁর খেলাকে উন্নত করেছিল।

বিরাট কোহলি উপলব্ধি করেছিলেন, “জীবনের কিছু নির্দিষ্ট সময়ে আপনাকে কয়েক ধাপ পিছিয়ে যেতে হবে” 

“একমাত্র ব্যক্তি যে সত্যিকার অর্থে আমার কাছে এসেছিল, সে হল এমএস ধোনি। এবং আমার জন্য এটি একটি আশীর্বাদ যে আমি এমন একজন সিনিয়রের সঙ্গে এমন একটি দৃঢ় বন্ধন এবং সম্পর্ক রাখতে পেরেছি। এই বন্ধুত্বটি পারস্পরিক শ্রদ্ধার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। আমার কাছে সে যে বার্তা পাঠিয়েছিল তাতে উল্লেখ করেছিল যে যখন কাউকে শক্তিশালী হিসেবে ধরে নেওয়া হয়, যখন তাকে একজন দৃঢ় ব্যক্তিত্ব হিসেবে দেখা হয়, তখন লোকে এটা জিজ্ঞাসা করতে ভুলে যায় তুমি কেমন আছ। সেটা আমায় ধাক্কা দিয়েছিল এবং বুঝেছিলাম এখান থেকেই উঠতে হবে,” কোহলি আরসিবি পডকাস্টে বলেছেন।

এশিয়া কাপ ২০২২ বিরাট কোহলির জন্য একটি টার্নিং পয়েন্ট ছিল কারণ তিনি দীর্ঘ বিরতির পরে খেলায় ফিরেছিলেন। এশিয়া কাপের আগে তিনি ভারতের কয়েকটি দ্বিপাক্ষিক সিরিজে না খেলে মাঠের বাইরে সময় কাটানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। খেলায় ফিরে এশিয়া কাপ ২০২২-এই তিনি তৎক্ষণাৎ ফর্মে ফেরেন এবং তিনি টুর্নামেন্টে ভারতের শেষ ম্যাচে তাঁর প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরিও করেছিলেন, যা তাঁর ৭১তম আন্তর্জাতিক সেঞ্চুরিও ছিল।

“আমাকে সবসময় এমন একজন হিসাবে দেখা হয়েছে যে খুব আত্মবিশ্বাসী, মানসিকভাবে খুব শক্তিশালী এবং যে কোন পরিস্থিতি সহ্য করতে পারে এবং অন্যকে পথ দেখাতে পারে। কখনও কখনও আপনি যা উপলব্ধি করেন তা হল জীবনের কিছু নির্দিষ্ট সময়ে আপনাকে কয়েক ধাপ পিছিয়ে যেতে হবে এবং বুঝতে হবে আপনি কেমন আছেন,” তিনি যোগ করেছেন।

close whatsapp