“এখন যা করার ইউনিভার্স বস করবে” – ঢাকায় অবতীর্ণ হয়েই ক্রিস গেইলের হুঙ্কার

করোনা রিপোর্ট নেগেটিভ এলে আগামীকালের ম্যাচেই দেখা যেতে পারে গেইলকে

Chris Gayle
Chris Gayle. (Photo by Gareth Copley-ICC/ICC via Getty Images)

ফরচুন বরিশালের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশগ্রহণ করতে ইতোমধ্যেই ঢাকায় অবতরণ করেছেন ক্রিস গেইল। বিমান থাকা নামার পরেই তাঁর করোনা পরীক্ষা হয়েছে। পরীক্ষার রিপোর্ট যদিও এখনও আসেনি। পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হলে সোমবারের (২৪শে জানুয়ারি) ম্যাচে মিনিস্টার গ্রুপ ঢাকার বিরুদ্ধে ব্যাট হাতে নামতে দেখা যেতে পারে গেইলকে।

বিপিএল খেলতে আসার জন্য ২৪ জানুয়ারিতে ঢাকায় নামার কথা ছিল গেইলের। কিন্তু প্রত্যাশিত সময়ের একদিন আগেই পৌঁছে গেছেন তিনি। আর তাই সোমবারের ম্যাচে তাঁকে দলে রেখেই একাদশ সাজানোর পরিকল্পনা করছে শাকিব আল হাসানের বরিশাল। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে প্রথম ম্যাচে মাত্র ১২৬ তাড়া করতে নেমেও বেশ বেগ পেতে হয়েছিল দলকে। ডোয়েন ব্রাভো ও জিয়াউল হকের অভিজ্ঞ অলরাউন্ডার জুটি বরিশালকে ৪ উইকেটে জয় এনে দেন।

দলের সঙ্গে যুক্ত হয়ে বার্তা দিলেন ক্রিস গেইল

ঢাকায় এসে দলের সঙ্গে যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত গেইল। তিনি হোটেল থেকে সমর্থক ও সতীর্থদের উদ্দেশে একটি ভিডিও বার্তায় বলেছেন, “ফরচুন বরিশাল… আমি ক্রিস গেইল, ইউনিভার্স বস, আমাকে নেওয়ার জন্য ধন্যবাদ। সবার সঙ্গে দেখা করতে মুখিয়ে আছি আমি, দারুণ কিছু করার অপেক্ষা আছি। প্রথম জয়ের জন্য অভিনন্দন, পরের ম্যাচের জন্য শুভ কামনা। আমি তোমাদের সঙ্গে যুক্ত হতে চাই। এখন যা করার ইউনিভার্স বস করবে। উষ্ণ আতিথেয়তার প্রশংসা করি। সবার জন্য ভালোবাসা।”

গেইলকে অবশ্য সোমবারের ম্যাচে খেলতে হলে ম্যাচের আগে করোনা নেগেটিভ হতে হবে। পিসিআর টেস্টে করোনা নেগেটিভ হলে তবেই মিনিস্টার গ্রুপ ঢাকার বিপক্ষে মাঠে নামতে দেখা যাবে ‘ইউনিভার্স বস’ নামে খ্যাত বাঁহাতি এই বিধ্বংসী ওপেনারকে।

বিপিএলের অষ্টম সংস্করণের প্রথম দিন নেমেছিল ফরচুন বরিশাল। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে খেলা সেই ম্যাচটি ছিল এবারের বিপিএলের উদ্বোধনী ম্যাচ। ম্যাচটি জিতলেও দলের ব্যাটিং নিয়ে টিম ম্যানেজমেন্টকে ভাবনাচিন্তা করতে হবে। যখন ৪০ রানেরও কম বাকি, এবং হাতে ৭ উইকেট, তখন হঠাৎই এক ওভারে কোন রান যোগ না করে তিনটি উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল বরিশাল।

আগামী ম্যাচে তুলনামূলক শক্তিশালী প্রতিপক্ষ বরিশালের। চট্টগ্রামের বিরুদ্ধে লক্ষ্য খুব বেশী বড় না হওয়ায় ম্যাচ জিততে হয়তো শেষ অবধি কোন বাধা আসেনি, কিন্তু ঢাকার বিরুদ্ধে একই ভুল অবশ্যই করতে চায়বে না তারা। মিনিস্টার গ্রুপ ঢাকা এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলে একটিতেও না জিতলেও মাহমুদউল্লাহ, তামিম, রাসেলে সমৃদ্ধ দলকে হালকাভাবে নেওয়া কখনওই বুদ্ধিমানের কাজ হবে না।

close whatsapp