ভিন্টেজ ডু প্লেসির তান্ডবে কুপোকাত চট্টগ্রাম, তিনে তিন করে লিগ শীর্ষে কুমিল্লা
বোলিংয়ে নজর কাড়লেন নাহিদুল
আপডেট করা - Jan 31, 2022 4:29 pm

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের ত্রয়োদশ ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৫২ রানে হারিয়ে তিনটি ম্যাচ খেলে তিনটিতেই জিতল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই জয়ের ফলে কুমিল্লা লিগের একমাত্র অপরাজিত দল হিসেবে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে। আগের ম্যাচ জিতে অপরিবর্তিত একাদশ নিয়ে নিজেদের ষষ্ঠ ম্যাচে চট্টগ্রাম মাঠে নেমেছিল পয়েন্ট তালিকার শীর্ষ দল হিসেবে।
নবনিযুক্ত অধিনায়ক নাইম ইসলাম টস জিতে ভিক্টোরিয়ান্সকে ব্যাট করতে পাঠায়। প্রথম দশ ওভারে নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে কুমিল্লার। যদিও ওভারপ্রতি আটের উপরে রান রাট রেখে ব্যাট করতে থাকে কুমিল্লা। এই আসরে প্রথম ম্যাচ খেলতে নামা লিটন দাস ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৪ বলে ৪৭ রান করেন। লিটন নাসুম আহমেদের শিকার হওয়ার আগে তাঁকে ভালো ছন্দে দেখাচ্ছিল। চট্টগ্রামের পক্ষে দুটি উইকেট শিকার করে সফল বোলার নাসুম আহমেদ।
জ্যাকস ছাড়া আর কোন ব্যাটার চট্টগ্রামের হয়ে ছাপ ফেলতে পারেননি
দিনের সেরা পারফর্ম্যান্স এসেছে দক্ষিণ আফ্রিকার বর্ষীয়ান ব্যাটার ফাফ ডু প্লেসির ব্যাট থেকে। লিটন আউট জয়ে যাওয়ার পর ক্রিজে ডু প্লেসিকে সঙ্গ দিতে আসেন তাঁর স্বদেশীয় ক্যামেরন ডেলপোর্ট। ডু প্লেসির ৫৫ বলে ৮৩ রানের অপরাজিত ইনিংস খচিত ছিল ৮টি চার ও ৩টি ছক্কা দিয়ে। অন্যদিকে ডেলপোর্টের স্ট্রাইক রেট ছিল ডু প্লেসির চেয়েও উৎকৃষ্ট। মাত্র ২৩ বল খেলে ৫১ রানে অপরাজিত থাকেন তিনি। তাঁর ব্যাট থেকে এসেছে ৪টি চার ও ৩টি ছয়। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮৩ রান সংগ্রহ করে কুমিল্লা।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে প্রথম ওভারেই কেনার লিউইসকে হারায় চট্টগ্রাম। তারপর একে একে আফিফ, সাব্বির, মিরাজ এসেছেন এবং উল্লেখযোগ্য অবদান ছাড়াই আউট হয়ে ড্রেসিংরুমে ফিরে গেছেন। নাহিদুল ইসলাম একাই ভেঙে দেন চট্টগ্রামের ব্যাটিং লাইন-আপ। আগের ম্যাচে আসরের দ্রুততম অর্ধশতক হাঁকানো উইল জ্যাকস একপ্রান্তে টিকে থেকে রানের গতি সচল রাখেন। তবে অপর প্রান্ত থেকে সতীর্থদের অভাবে তিনি বেশী দূর এগিয়ে নিয়ে যেতে পারেননি দলকে।
৪২ বলে ৭টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৬৯ রান করে জ্যাকস আউট হওয়ার সাথে সাথে কুমিল্লার জয়ের আশা মিলিয়ে যায়। শেষ পর্যন্ত ১৩১ রানে শেষ হয়ে যায় চট্টগ্রামের ইনিংস, তখনও ১৫ বল বাকি। জ্যাকস ছাড়া দলের হয়ে দুই অঙ্কের রান পেরোন কেবল দুজন – মৃত্যুঞ্জয় চৌধুরী (১৩) ও মেহেদী হাসান মিরাজ (১০)।
কুমিল্লার পক্ষে নাহিদুল ইসলাম ছাড়া মুস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম ও শহিদুল ইসলাম দুটি করে উইকেট শিকার করেন। একটি উইকেট নিয়েছেন আফগান করিম জানাত।