রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধেও জয়ের মুখ দেখতে পারল না দিল্লি ক্যাপিটালস

Royal Challengers Bangalore
Royal Challengers Bangalore. (Photo Source: BCCI/IPL)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ২০ তম ম্যাচে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালসকে (ডিসি) ২৩ রানে পরাজিত করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। এবারের মরসুমে এই নিয়ে ৫টি ম্যাচে পরাজিত হল ডিসি।

টসে জিতে প্ৰথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালস। ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালোই করেছিল আরসিবি। অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস ১৬ বলে ২২ রান করে প্যাভিলিয়নে ফেরেন। বিরাট কোহলি ৩৪ বলে ৫০ রানের একটি দারুন ইনিংস খেলেন। আইপিএলের ১৬ তম সংস্করণে এটি ছিল তার তৃতীয় অর্ধশতরান। মহিপাল লোমরোর এবং গ্লেন ম্যাক্সওয়েল যথাক্রমে ১৮ বলে ২৬ রান এবং ১৪ বলে ২৪ রান করেন। আরসিবি পরপর অনেকগুলি উইকেট হারিয়েছিল, নাহলে তারা আরো রান স্কোরবোর্ডে তুলতে পারত। শাহবাজ আহমেদ ১২ বলে অপরাজিত ২০ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। শেষমেশ ২০ ওভারে ৬ উইকেটে ১৭৪ রান করে আরসিবি।

কুলদীপ যাদব এবং মিচেল মার্শ যথাক্রমে ৪ ওভারে ২৩ রান এবং ২ ওভারে ১৮ রান দিয়ে ২টি করে উইকেট নেন। অক্ষর প্যাটেল এবং ললিত যাদব ১টি করে উইকেট শিকার করেন।

দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের হাত ধরে জয় পেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

রান তাড়া করতে নেমে শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে দিল্লি ক্যাপিটালস। পৃথ্বী শ’কে শুরুতেই রান আউট করে প্যাভিলিয়নে ফেরত পাঠান অনুজ রাওয়াত। পৃথ্বী এবং মিচেল মার্শ দুজনেই শূন্য রান করেন। ডেভিড ওয়ার্নার ৪টি চার সহ ১৩ বলে ১৯ রান করে আউট হন। ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন যশ ধুলও। তিনি ১ রান করে মোহাম্মদ সিরাজের শিকার হন। এই ম্যাচে ডিসির হয়ে সর্বোচ্চ রান করেছেন মনীশ পান্ডে। তিনি ৩৮ বলে ৫০ রান করেন। অক্ষর প্যাটেল এবং আমান হাকিম খান যথাক্রমে ১৪ বলে ২১ এবং ১০ বলে ১৮ রান করেন। শেষে আনরিখ নোকিয়া ১৪ বলে ২৩ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। ২০ ওভারে ৯ উইকেটে ১৫১ রান করতে সক্ষম হয় দিল্লি ক্যাপিটালস।

এই ম্যাচে আরসিবির সবচেয়ে সফল বোলার ছিলেন বিজয়কুমার বৈশাখ। তিনি ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ৩টি উইকেট নেন। মোহাম্মদ সিরাজ ৪ ওভারে ২৩ রান দিয়ে ২টি উইকেট শিকার করেন। ওয়েন পার্নেল, হার্ষাল প্যাটেল এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা ১টি করে উইকেট পান। এই ম্যাচে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন বিরাট কোহলি।

এই ম্যাচ নিয়ে টুইটারে অনেকে নিজের নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন –

close whatsapp