“এখন আমাকে তোর কাছ থেকে শিখতে হবে…” – কোহলি-গম্ভীর বিবাদ প্রসঙ্গে প্রত্যক্ষদর্শীর বিবরণ
বিতণ্ডায় জড়ানোর পরে গম্ভীর ও কোহলি দুজনেরই ম্যাচ ফির ১০০ শতাংশ জরিমানা হয়েছিল
আপডেট করা - May 3, 2023 2:57 pm

লখনউ সুপার জায়ান্টস (এলএসজি) ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি)-এর মধ্যে আইপিএল ২০২৩-এর ৪৩তম ম্যাচের শেষে যে ন্যক্কারজনক ঘটনা ঘটেছিল, তার রেশ এখনও কাটেনি। সমগ্র ক্রিকেট মহল গৌতম গম্ভীর ও বিরাট কোহলির মধ্যে বিতণ্ডার নিন্দা করছে। আরসিবির ১৮ রানের জয়ের পরে যখন দুই দলের খেলোয়াড়রা নিজেদের মধ্যে করমর্দন করছিলেন, তখন কোহলি ও গম্ভীরের মধ্যে উত্তপ্ত বাদানুবাদ হয়েছিল।
আইপিএল গভর্নিং বডি দ্রুত পদক্ষেপ নিয়েছিল এবং আইপিএলের আচরণবিধির অনুচ্ছেদ ২.২১ লঙ্ঘনের জন্য উভয়কেই তাঁদের ম্যাচ ফির ১০০% জরিমানা করেছিল। ভারতীয় দলের দুই প্রাক্তন সতীর্থর মধ্যে বিবাদ চলাকালীন একজন আরেকজনকে কী বলেছিলেন, তা নিয়ে অনেক জল্পনা চলছিল। এখন একজন প্রত্যক্ষদর্শী মাঠে কী ঘটেছিল তার বিবরণ দিয়েছেন।
“আপনি টিভিতে দেখেছেন যে মেয়ার্স ও বিরাট ম্যাচের পরে পাশাপাশি হাঁটছিল। মেয়ার্স কোহলিকে জিজ্ঞাসা করেছিল যে কেন সে ক্রমাগত তাদের গালাগালি করছিল এবং বিরাট পাল্টা প্রশ্ন করেছিল যে কেন সে (মেয়ার্স) তার দিকে ‘তাকাচ্ছিল’? তার আগে যে (অমিত) মিশ্র আম্পায়ারের কাছে অভিযোগ করেছিল যে বিরাট ক্রমাগত নাভীন (উল-হক)-কে গালি দিচ্ছে,” ডাগআউটে থাকা একজন প্রত্যক্ষদর্শী ইকোনমিক টাইমস দ্বারা উধৃত হয়েছেন।
তুই আমার খেলোয়াড়কে বলেছিস মানে আমার পরিবারকে গালি দিয়েছিস: গৌতম গম্ভীর
“বিষয়টি খারাপ দিকে যেতে পারে তা বুঝতে পেরে গৌতম মেয়ার্সকে টেনে নিয়ে গিয়েছিল এবং বিরাট একটি মন্তব্য করার পরে তাকে (মেয়ার্স) কথা না বাড়াতে বলেছিল। এরপর যে উত্তপ্ত বিনিময় হয়েছিল তা কিছুটা ছেলেমানুষী বলে মনে হয়েছিল,” তিনি যোগ করেছেন।
“গৌতম জিজ্ঞেস করেছিল ‘কেয়া বোল রাহা হ্যায় বোল’ (কী বলছিলি বল?) এবং বিরাট উত্তর দিয়েছিল, ‘ম্যায় আপকো কুছ বোলা হি নাহি, আপ কিয়ুঁ ঘুস রাহে হো’ (আমি তোমাকে কিছু বলিইনি, তুমি এর মধ্যে আসছ কেন?)
“গৌতম জবাব দিয়েছিল, ‘তুনে আগর মেরে প্লেয়ার কো বোলা হ্যায়, মতলব তুনে মেরি ফ্যামিলি কো গালি দিয়া হ্যায়। (তুই আমার খেলোয়াড়কে বলেছিস মানে আমার পরিবারকে গালি দিয়েছিস) এবং বিরাটের উত্তর ছিল, ‘তো আপনে পরিবার কো সাম্ভাল কে রাখিয়ে’ (তাহলে তোমার পরিবারকে সামলিয়ে রাখো)।
“দুজনে আলাদা হওয়ার আগে গম্ভীরের শেষ উত্তর ছিল, ‘তো আব তু মুঝে সিখায়েগা…’ (তো এখন আমাকে তোর কাছ থেকে শিখতে হবে…)।”
এদিকে, আরসিবি তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছিল যেখানে আরসিবির জয়ের পরে খেলোয়াড়দের প্রতিক্রিয়া রয়েছে। সেই ভিডিওতে কোহলিকে বলতে শোনা যায়, “এটা একটা মিষ্টি জয় আমাদের। খুবই মধুর জয়। যেটা করেছ, সেটা ফেরতও পেতে হভে। নাহলে সেই কাজটা করো না।”