“টি-টোয়েন্টি ক্রিকেটে এটি ভারতের সেরার সেরা লাইন আপ” – দলের কম্বিনেশন দেখে খুশি রবি শাস্ত্রী
শাস্ত্রীর মতে ফিল্ডিংয়ে ভারতকে উন্নতি করতে হবে
আপডেট করা - Oct 13, 2022 2:53 pm

ভারতের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী বিশ্বাস করেন যে আসন্ন টি-২০ বিশ্বকাপ ২০২২-এর জন্য যে ভারতীয় স্কোয়াড নির্বাচিত হয়েছে, সেটি তাঁর দেখা সেরা দল। গত বছরের বিশ্বকাপে প্রধান কোচ থাকা শাস্ত্রীর কোচিং পর্বে ভারত টেস্ট ক্রিকেটে অভাবনীয় সাফল্য পেলেও সাদা বলের আইসিসি ইভেন্টে দুর্ভাগ্যবশত প্রত্যাশিত সাফল্য পায়নি।
আগের বিশ্বকাপের পর যদিও ভারতীয় লাইনআপে বেশ কিছু পরিবর্তন এসেছে এবং বেশ কিছু খেলোয়াড় নিজের মান অনেকটাই উন্নত করতে সক্ষম হয়েছেন। সূর্যকুমার যাদবের সাম্প্রতিক উত্থান এবং মিডল অর্ডারে অভিজ্ঞ ফিনিশার দীনেশ কার্তিকের প্রত্যাবর্তনের ফলে ভারতীয় ব্যাটিং লাইন আপ এখন আরও স্থিতিশীল বলে মনে হচ্ছে। শাস্ত্রী বিশ্বাস করেন যে ভারতের প্রধান ফাস্ট বোলার জাসপ্রিত বুমরাহের অনুপস্থিতি সত্ত্বেও ব্যাটারদের সৌজন্যে ভারতীয় দল এই সংস্করণে সেমি-ফাইনালে পৌঁছতে পারবে।
“আমি গত ছয়-সাত বছর ধরে সিস্টেমের অংশ ছিলাম, প্রথমে একজন কোচ হিসাবে এবং এখন আমি বাইরে থেকে দেখছি, এবং আমি মনে করি এটি টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের সেরার সেরা লাইন আপ। ৪ নম্বরে সূর্য, ৫ নম্বরে হার্দিক এবং ৬ নম্বরে ঋষভ পান্ত বা দীনেশ কার্তিক থাকায় একটি বিশাল পার্থক্য তৈরী হয়েছে কারণ এর ফলে টপ অর্ডারকে যেভাবে খেলে সেভাবে খেলতে পারছে,” মুম্বাই প্রেস ক্লাবে একটি ইভেন্টে শাস্ত্রী বলেছেন।
ভারতকে মাঠে তাদের এ-গেম দেখাতে হবে: রবি শাস্ত্রী
ব্যাটাররা সাম্প্রতিক ম্যাচগুলিতে দুর্দান্ত পারফর্ম করলেও ভারতের উদ্বেগের জায়গা বোলিং আক্রমণ। বোলাররা ভারতকে একটি ভালো শুরু এনে দিলেও তারা ডেথ ওভারে রান রক্ষা করতে ব্যর্থ হয়েছে। তবে শাস্ত্রী ভারতের ফিল্ডিং নিয়ে উদ্বিগ্ন এবং বলেছেন যে পুরো প্রতিযোগিতা জুড়ে স্কোয়াডকে এই অঞ্চলে আরও ভালো করতে হবে।
“একটি ক্ষেত্র যা নিয়ে ভারতকে ভাবতে হবে এবং শুরু থেকেই উন্নতি করতে হবে তা হল ফিল্ডিং। পাকিস্তানের বিপক্ষে (প্রথম ম্যাচে) মাঠে নামার সময় তাদের কঠোর পরিশ্রম করতে হবে এবং মাঠে তাদের এ-গেম দেখাতে হবে। আপনি যে ১৫-২০ রান সংরক্ষণ করেন তা সমস্ত পার্থক্য তৈরী করতে পারে কারণ অন্যথায় আপনি যখনই ব্যাট করতে নামেন, আপনাকে ১৫-২০ রান অতিরিক্ত করতে হয়,” যোগ করেছেন শাস্ত্রী।
মেন ইন ব্লু তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ অভিযান শুরু করবে ২৩শে অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। উদ্বোধনী ম্যাচের আগে, ভারত অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে।