‘মিডল অর্ডার বলে কিছু নেই’ – পাকিস্তানের সমালোচনা করার সুযোগ ছাড়লেন না গাভাস্কার
টি-২০ বিশ্বকাপে প্রথম দুই ম্যাচেই হেরেছে পাকিস্তান
আপডেট করা - Oct 29, 2022 11:25 am

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২২-এর সুপার ১২ পর্বে জোড়া হারের পর পাকিস্তানের পরবর্তী সবকটি ম্যাচই একপ্রকার নক-আউটে পরিণত হয়েছে। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং ১৯৮৩ বিশ্বকাপ জয়ী সুনীল গাভাস্কার ভারতের বিরুদ্ধে হাই-ভোল্টেজ ম্যাচে মহম্মদ ওয়াসিম জুনিয়রকে বাছাই না করার জন্য পাকিস্তান ম্যানেজমেন্টের পরিকল্পনার দিকে আঙুল তুলেছেন।
জিম্বাবোয়ের বিপক্ষে মর্মান্তিক হারের পর মেন ইন গ্রিন আইসিসি টুর্নামেন্ট থেকে বিদায়ের দোরগোড়ায় দাঁড়িয়ে। তাদের সেমি-ফাইনালে ওঠার আশা এখন সরু সুতোর উপর ঝুলছে। মাঠের বাইরে টিম ম্যানেজমেন্ট এবং মাঠে অধিনায়কের সিদ্ধান্ত নিয়ে সমর্থকরা এবং প্রাক্তন ক্রিকেটাররা অখুশি এবং তাঁদের দিক থেকে নিরন্তর সমালোচনা ধেয়ে আসছে।
বাবর আজমের নেতৃত্বাধীন দল ভারতের বিরুদ্ধে ডেথ বোলিং কার্যকর করতে না পারায় ব্যর্থ হয়। অন্যদিকে, জিম্বাবোয়ের বিপক্ষে তাদের ব্যাটিং দলকে ডুবিয়েছিল। অধিনায়কের সিদ্ধান্ত এবং দল নির্বাচন – দুটি ক্ষেত্র নিয়েই এখন চিন্তায় রয়েছে পাকিস্তান। কিংবদন্তী সুনীল গাভাস্কার পাকিস্তানের দুর্বল স্কোয়াড নির্বাচনের জন্য অধিনায়ক এবং ম্যানেজমেন্টের প্রতি তাঁর অসন্তোষ প্রকাশ করেছেন।
মহম্মদ ওয়াসিম জুনিয়রের প্রশংসা করেছেন গাভাস্কার
“তাদের স্থায়ী মিডল অর্ডার বলে কিছু নেই। তারা আগে যে টি-টোয়েন্টি ম্যাচগুলি খেলছিল সেখানে ফাখার জামান ৩ বা ৪ নম্বরে খেলেছিল। এখন সে দলের অংশ, তবে একাদশে নেই। শান মাসুদ, সে রানও করছে। কিন্তু আমি মনে করি নির্বাচন ভালো হয়নি। অস্ট্রেলিয়ার কন্ডিশনের জন্য, তাদের যদি এমন একজন বোলার থাকত যে সিম আপ করতে পারত, যেমন মহম্মদ ওয়াসিম জিম্বাবুয়ের বিপক্ষে করেছিল। এবং পাশাপাশি কয়েকটি ভালো শটও খেলেছে সে। তার প্রতিভা আছে,” ইন্ডিয়া টুডে-তে কথা বলার সময় সুনীল গাভাস্কার বলেছেন।
“তাদের কাছে হার্দিক পান্ডিয়ায় মতো খেলোয়াড় আছে, সে এখনও নতুন কিন্তু আমার মনে হয় সে দুর্দান্ত শট খেলতে পারে এবং কয়েক ওভারও করে দিতে পারে। এবং তাকে ভারতের বিপক্ষে তারা খেলায়নি। তারা দুইজন স্পিনার খেলিয়েছে। সিডনিতে এটা ঠিক আছে, কিন্তু অন্যান্য কেন্দ্রে এমন একজন খেলোয়াড় দরকার যে৩-৪ ওভার দিতে পারে এবং শেষ কয়েক ওভারে ৩০ রান করতে পারে,” যোগ করেছেন গাভাস্কার।
মহম্মদ ওয়াসিম জুনিয়র জিম্বাবোয়ের বিপক্ষে ২৪ রান দিয়ে চার উইকেট নিয়েছিলেন এবং ব্যাট হাতে দলকে জয়ের কাছাকাছি নিয়ে গিয়েছিলেন।