“কোন লেংথ বা লাইন বা নির্দিষ্ট গতি নেই যা তাকে শান্ত রাখতে পারে” – সূর্যকুমারের প্রশংসায় বললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার
টি-২০ ব্যাটার র্যাঙ্কে দ্বিতীয় স্থানে আছেন সূর্যকুমার
আপডেট করা - Aug 4, 2022 1:50 pm

টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাট হাতে তাঁর সাম্প্রতিক সাফল্যের পরে সূর্যকুমার যাদবের প্রশংসা করেছেন প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান সঞ্জয় মাঞ্জরেকার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে ৪৪ বলে ৭৬ রান করে ম্যাচের সেরা নির্বাচিত হন মুম্বাইয়ের ব্যাটার।
ব্যাটারদের জন্য সদ্যপ্রকাশিত র্যাঙ্কিংয়ে সূর্যকুমার সামগ্রিকভাবে তিন ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। শীর্ষস্থানীয় বাবর আজমের চেয়ে ভারতীয় ব্যাটার এখন মাত্র দুই রেটিং পয়েন্টে পিছিয়ে। বিভিন্ন চ্যালেঞ্জের সাথে খাপ খাইয়ে নেওয়া তাঁর অন্যতম ক্ষমতা। মূলত মিডল অর্ডার ব্যাটার হয়েও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাঁর সাম্প্রতিকতম হাফ সেঞ্চুরিটি এসেছে ওপেনার হিসেবে।
আন্তর্জাতিক ক্রিকেটে ২০২১-এ আত্মপ্রকাশ করার পর থেকেই দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন সূর্যকুমার। তাঁর প্রশংসা করে ক্রিকেটার থেকে ধারাভাষ্যকারে পরিণত হওয়া মাঞ্জরেকার টুইট করেছেন, “গত ৫ বছরে ব্যাটার হিসাবে সূর্যর উন্নতি অসাধারণ ছিল! কয়েক বছর আগে স্কোয়ার লেগের উপর দিয়ে ফ্লিক করা ছিল তার একটি ‘গো টু’ শট। এখন, তার কাছে বেশ কয়েকটি শট আছে। কোনও লেংথ বা লাইন বা নির্দিষ্ট গতি নেই যা তাকে শান্ত রাখতে পারে।”
মাঞ্জরেকারের টুইটটি দেখুন
Surya’s growth as batter in the last 5 years or so has been just phenomenal! Few years back flick over square leg was his one ‘go to’ shot. Now, he has several. There isn’t a length or line or certain pace that can keep him quiet. 👏🏼👏🏼👏🏼
— Sanjay Manjrekar (@sanjaymanjrekar) August 3, 2022
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য ফ্লোরিডায় যাওয়ার আগে চলমান সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক সূর্যকুমার। তিনি তিন ইনিংসে ১১১ রান করেছেন প্রায় ১৭০ স্ট্রাইক রেটে। অস্ট্রেলিয়ায় আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের স্কোয়াডে জায়গা পাওয়ার ব্যাপারে সূর্যকুমার নিজের দাবি জোরদার করছেন নিয়মিত।
সূর্যকুমার যাদবকে ওপেনার হিসেবে খেলানোর সিদ্ধান্তে মত নেই আকাশ চোপড়ার
আইসিসি টি-২০ বিশ্বকাপের আগে ভারত তাদের কম্বিনেশন নিয়ে পরীক্ষা চালিয়ে যাচ্ছে। সূর্যকুমার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলমান টি-টোয়েন্টিতে রোহিত শর্মার সাথে ওপেন করছেন। এই সিদ্ধান্তে আকাশ চোপড়াসহ অনেকেই হতবাক হয়েছেন। সাধারণত ৪ নম্বরে সূর্যকুমার ব্যাট করতে আসেন। চোপড়া মনে করেন, সূর্যকুমারের ব্যাটিং পজিশন বদলানো তাঁর আত্মবিশ্বাসকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
তাঁর ইউটিউব চ্যানেলে কথা বলার সময়, প্রাক্তন ভারতীয় ওপেনার বলেছেন, “যখন আপনার কাছে ঈশান কিষাণ ও সঞ্জু স্যামসনের মতো ওপেনার আছে, তখন আপনি কেন সূর্যকুমারের আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষা করছেন? এখন, সূর্যকুমার যাদব জিম্বাবোয়ের বিপক্ষে খেলবে না। সে এশিয়া কাপে খেলবে যেখানে সে ওপেন করবে না।”
চোপড়া আরও বলেন, “এখন, পান্ত একজন ওপেনার নাকি মিডল অর্ডারে তা নিশ্চিত নয়, অন্যদিকে সূর্যকুমার, যে অবশ্যই একজন মিডল অর্ডার ব্যাটার ছিল, সে এখন ওপেন করছে।”
সিরিজের বাকি দুই ম্যাচেও ওপেনার হিসেবেই সূর্যকুমার খেলেন কি না সেই দিকে নজর থাকবে।