‘তার এই ফর্ম রক্ষা করতে হবে’ – সূর্যকুমার সম্বন্ধে রোহিত

এই সিরিজের দুটি ম্যাচেই হাফ সেঞ্চুরি করেছেন সূর্যকুমার যাদব

Rohit Sharma
Rohit Sharma. (Image Source: Twitter)

সূর্যকুমার যাদব আবারও দেখিয়েছেন যে কেন তিনি ভারতের সবচেয়ে প্রভাবশালী টি-টোয়েন্টি ব্যাটার। তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতকে ২৩৭ রানের বিশাল স্কোর গড়তে ২২ বলে ৬১ রানের একটি চাঞ্চল্যকর ইনিংস খেলেছিলেন। ডান-হাতি ব্যাটার কোন বোলারকেই সমীহ করেননি এবং ক্রিজে যে অল্প সময় কাটিয়েছিলেন তার মধ্যেই পাঁচটি চার এবং পাঁচটি ছক্কা মেরেছেন।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে ভারতের প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়ের ক্ষেত্রে সূর্যকুমার উল্লেখযোগ্য অবদান রেখেছেন পরপর দুই ম্যাচে হাফ সেঞ্চুরি করে। ইনিংসের বিচারে সূর্যকুমার তৃতীয় দ্রুততম (৩১ ইনিংস) ভারতীয় হিসেবে ১০০০ টি-২০ আন্তর্জাতিক রান সম্পূর্ণ করেছেন। অধিনায়ক রোহিত শর্মা তাঁর পারফর্ম্যান্সে বিস্মিত ছিলেন এবং মুম্বাই ইন্ডিয়ান্স সতীর্থের প্রশংসা করা থেকে বিরত থাকেননি।

সূর্যকুমারের ফর্ম নিয়ে রোহিত তাঁর মনোভাব জানিয়েছেন

তিরুভানান্থাপুরমে বোলাররা আধিপত্য দেখালেও গুয়াহাটির পিচ ছিল ব্যাটারদের জন্য স্বর্গ। ভারত ২৩৭ করেও খুব সহজে জয় পায়নি এবং দক্ষিণ আফ্রিকা ২২১ অবধি পৌঁছে যায়। সূর্যকুমারের সাম্প্রতিক ফর্মের প্রশংসা করেছেন রোহিত এবং উল্লেখ করেছেন যে তিনি মেন ইন ব্লুর জন্য কতটা গুরুত্বপূর্ণ।

“কীভাবে সূর্যর ফর্মকে এমন রাখব? সে যে ফর্মে আছে… শুধু এটিকে রক্ষা করতে হবে। খালি ভাবছি কীভাবে এটাকে ধরে রাখতে হবে? শুধু ভাবছি তাকে আর খেলাবো না। শুধু তাকে ২৩ তারিখে খেলাব। কিন্তু না, সে যে ধরনের ফর্মে আছে… সে এমন একজন যে ম্যাচটি চালাতে পারে, সে যেখানেই নামে ভালো করে। এটাই তাকে খুশি রাখে এবং আমরা তাকে খুশি রাখতে চাই,” ম্যাচের পরে উপস্থাপনা অনুষ্ঠানের সময় রোহিত বলেছেন।

সহ-অধিনায়ক কেএল রাহুল ও বিরাট কোহলির ইনিংসও ভারতকে অতিকায় স্কোর খাড়া করতে সাহায্য করেছিল। রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা প্রাথমিকভাবে তিনটি উইকেট হারালেও ডেভিড মিলার একক দক্ষতায় দক্ষিণ আফ্রিকাকে ভারতের স্কোরের কাছাকাছি পৌঁছিয়ে দিয়েছিলেন। তবে সূর্যকুমারের ইনিংসের সামনে গুয়াহাটিতে সব কিছুই ম্লান হয়ে গিয়েছিল।

close whatsapp