হাঁটু গেঁড়ে বসা প্রসঙ্গে ডি ককের পাশে দাঁড়ালেন তেম্বা বাভুমা
গতকাল ম্যাচ শুরু হওয়ার খানিকক্ষণ আগে সরে দাঁড়ান ডি কক
আপডেট করা - Oct 27, 2021 2:08 pm

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা স্বীকার করেছেন যে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের প্রতি সমর্থন ও সংহতি দেখিয়ে হাঁটু গেড়ে বসার যে ব্যাঞ্জনা দেখানো হয় সেটি ২৬শে অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে কুইন্টন ডি কক করা থেকে নিজেকে প্রত্যাহার করায় এবং ম্যাচ থেকে সরে দাঁড়ানোয় তিনি বিস্মিত হয়েছিলেন, তবে তিনি এও মেনে নিয়েছেন ডি ককের সিদ্ধান্তকে সম্মান করা উচিত।
“একটি দল হিসাবে, আমরা এই খবরে বিস্মিত। কুইন্টন দলের জন্য একজন বড় খেলোয়াড়, শুধু ব্যাটার হিসেবেই নয়, সিনিয়র দৃষ্টিকোণ থেকেও। তাই একজন অধিনায়ক হিসেবে আমার কাছে ওকে না পাওয়া এমন কিছু যা আমি স্পষ্টতই আশা করিনি,” বাভুমা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার জয়ের পর একটি ভার্চুয়াল প্রেস মিটে বলেছেন।
“কুইন্টন একজন প্রাপ্তবয়স্ক। তিনি তাঁর নিজের ভালোমন্দ নিজেই বুঝতে পারেন। আমরা তাঁর সিদ্ধান্তকে সম্মান করি, আমরা তাঁর প্রত্যয়কে সম্মান করি এবং আমি জানি তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন তার পিছনে তিনি দৃঢ় থাকবেন,” তিনি যোগ করেছেন।
হাঁটু গেঁড়ে বসা প্রসঙ্গে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) ২৬শে অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার আগে যৌথভাবে একটি নির্দেশিকা জারি করে যখন “উদ্বেগ উত্থাপিত হয়েছিল যখন দেখা গেছে যে বিভিন্ন ভঙ্গি [হাটু নেওয়া, মুঠি তোলা বা মনোযোগে দাঁড়ানো] দলের ক্রিকেটাররা প্রদর্শন করছে ফলে বিএলএম উদ্যোগে একতার অভাব সম্পর্কে একটি অনিচ্ছাকৃত ধারণা তৈরি হয়ে গেছে।”
টসের সময়, খবর উঠেছিল যে ডি কক ব্যক্তিগত কারণে প্রত্যাহার করেছেন, যা পরে প্রমাণিত হয় যে তিনি হাঁটু গেঁড়ে বসতে অস্বীকৃত হয়েছিলেন। “আমি জানি না এটি কতদূর এগোবে। আমি বলতে চাইছি, তিনি (ডি কক) যে সিদ্ধান্ত নিয়েছেন তা শুধুমাত্র আজকের, তাই আমি কেবল আজ যা ঘটেছে তা নিয়ে বলতে পারি,” বাভুমা বলেছিলেন।
ডি কক কি তাঁর অবস্থানের কারণ সতীর্থদের বলেছেন প্রশ্ন করা হলে তিনি বলেন: “যেহেতু আজ সকালে বোর্ড থেকে নির্দেশ এসেছে তাই পুরো বিষয়টি নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা সম্ভব হয়নি।”
ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কায়রন পোলার্ড, ডি ককের মুম্বাই ইন্ডিয়ান্সের সতীর্থ, বলেছেন যে তিনি এই বিষয়ে সম্পূর্ণ অজ্ঞ এবং কিছু অনুমান করা থেকে বিরত থাকবেন। “ব্যক্তিগতভাবে, আমি এমন কোনো খেলোয়াড়কে চিনি না যে এটা করতে চায়নি। আমি এটি সম্পর্কে সচেতন নই। তাই এটা আমার কাছে নতুন খবর,” বলেছেন পোলার্ড।