চোটের কারণে বিশ্বকাপের বাইরে ফাবিয়ান অ্যালেন, আকিল হোসেইনকে অন্তর্ভুক্তির আবেদন মঞ্জুর করল আইসিসি
গুদাকেশ মোতিকে নেওয়া হয়েছে রিজার্ভ ক্রিকেটার হিসেবে
আপডেট করা - Oct 20, 2021 8:19 pm

চোটের কারণে আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ক্যারিবীয় অলরাউন্ডার ফাবিয়ান অ্যালেন। তাঁর বদলি হিসেবে আকিল হোসেইনকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। এই পরিবর্তনকে ইতিমধ্যেই আইসিসি স্বীকৃতি জানিয়েছে।
পরিবর্ত হোসেইন ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৯টি ওয়ান ডে ও ৬টি টি-২০ ম্যাচ খেলেছেন। হোসেইন দোলের সঙ্গে সংযুক্ত আরব আমিরশাহীতেই ছিলেন স্কোয়াডের রিজার্ভ ক্রিকেটার হিসেবে। তাই তাঁকে আলাদা করে কোন কোয়ার্যান্টিনের মধ্য দিয়ে যেতে হচ্ছে না। তিনি সরাসরিই দলের সঙ্গে যোগ দেবেন। আকিল হোসেইন মূল স্কোয়াডে অন্তর্ভুক্ত হওয়ায় গুদাকেশ মোতিকে রিজার্ভ ক্রিকেটার হিসেবে নেওয়া হয়েছে।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের প্রাক্বালে অ্যালেন অ্যাঙ্কেলের চোটে বিব্রত হয়ে দলের বিশ্বকাপ অভিযান থেকে সরে দাঁড়িয়েছেন। চোট খুব গুরুতর না হলেও আপাতত বেশ কয়েক দিন তাঁকে মাঠের বাইরে থাকতে হবে। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ তাই অ্যালেনের বদলি খেলোয়াড় নেওয়ার জন্য আবেদন করে। সেই আবেদন মঞ্জুর করে আকিলকে দলে অন্তর্ভুক্ত করার বিষয়ে অনুমোদন দিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের টেকনিক্যাল কমিটি।
এই বিশ্বকাপের জন্য আইসিসির ইভেন্ট টেকনিক্যাল কমিটিতে আছেন ক্রিস টেটলি (হেড অফ ইভেন্টস), ক্লাইভ হিচকক (সিনিয়র ক্রিকেট অপারেশন্স ম্যানেজার), রাহুল দ্রাবিড় (প্রাক্তন ভারতীয় ক্রিকেটার), ধীরজ মালহোত্রা (বিসিসিআই প্রতিনিধি), সাইমন ডুল ও ইয়ান বিশপ (স্বাধীন সদস্য ও ধারাভাষ্যকার)।
অ্যালেনের চোটে কপাল খুলে গেছে স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে থাকা আকিল হোসেইন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে সুনীল নারায়ণের সাথে জুটিতে বোলিং করা আকিল সিপিএলের পারফরম্যান্সের স্বীকৃতি স্বরূপ জায়গা পেলেন দলে। এবার তাঁর কাছে সুযোগ পেলেন বিশ্বমঞ্চ নিজেকে মেলে ধরার।
সুপার ১২তে ওয়েস্ট ইন্ডিজের অভিযান শুরু হচ্ছে ২৩শে অক্টোবর ইংল্যান্ডের বিরুদ্ধে। গতবারের চ্যাম্পিয়নরা এই বারেও টূর্নামেন্ট জেতার ব্যাপারে ফেভারিট। সম্প্রতি তারা দুর্দান্ত ফর্মে আছে। তাদের অধিকাংশ ক্রিকেটারই সদ্যসমাপ্ত আইপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির অংশ ছিল। দলে ম্যাচ উইনারের কোন অভাব নেই। বর্ষীয়ান গেইল, ব্রাভো, পোলার্ডদের পাশাপাশি এবারেই প্রথম বিশ্বকাপ খেলতে চলা হেটমায়াররাও দেশকে তৃতীয় ট্রফি দিতে প্রস্তুত।
ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ স্কোয়াড: কায়রন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান (সহ-অধিনায়ক), ডোয়েন ব্র্যাভো, রস্টন চেজ, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, শিমরন হেটমাইয়ার, এভিন লিউইস, ওবেদ ম্যাককয়, আকিল হোসেইন, রবি রামপাল, আন্দ্রে রাসেল, লেন্ডল সিমন্স, ওশেন টমাস, হেডেন ওয়ালশ জুনিয়র।