ইংল্যান্ডের বিরুদ্ধে সূর্যকুমার যাদবকে চার নম্বরেই খেলানোর পরামর্শ আরপি সিংয়ের
আপডেট করা - Jul 16, 2022 9:41 pm

রবিবার জিততে পারলেই ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ জয় হয়ে যাবে ভারতের। সেই লক্ষ্যেই এখন চলছে নানান হিসাব নিকাশ। রবিবার ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে নামছে ভারত। টি টোয়েন্টির পর এবার একদিনের সিরিজও জিততে মরিয়া ভারত। রবিবার সেই ম্যাচে নামার আগেই ভারতীয় টিম ম্যানেজমেন্টের পক্ষে পরামর্শ আরপি সিংয়ের। তাঁর মতে এই মুহূর্তে দুরন্ত ফর্মে রয়েছেন সূর্যকুমার যাদব। তাঁকে তাঁর নিজের পজিশনেই খেলানো উচিত্।
ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টারে যে সূর্যকুমার যাদবকে চার নম্বর পজিশনে খেলানোরই উপদেশ আরপি সিং দিচ্ছেন তার ইঙ্গিত কিন্তু বেশ স্পষ্ট। গত ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে চার নম্বর পজিশনে ঋষভ পন্থকে খেলানো হয়েছিল। পন্থ যদিও সেখানে রান পেতে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন। পাঁচ নম্বরে ব্যাটিং করতে আসা সূর্যকুমার যাদবও যে বড় রান পেয়েছিলেন তা নয়য। আর এমনটা দেখার পরই প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটার তাঁর পরামর্শ দিয়েছেন টিম ম্যানেজমেন্টকে।
ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টিতে ১১৭ রানের ইনিংস খেলেছিলেন সূর্যকুমার যাদব
ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টি টোয়েন্টিতে দুর্ধর্ষ ব্যাটিং পারফরম্যান্স দেখিয়েছিলেন সূর্যকুমার যাদব। যদিও যোগ্য সঙ্গদের অভাবে সেই ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি তিনি। কিন্তু এই তরুণ ক্রিকেটার তাঁর দুর্ধর্ষ সেঞ্চুরী পারফরম্যান্স দেখিয়ে যে সকলের মন জিতে নিয়েছিলেন তা বলার অপেক্ষা রাখে না। সেই ম্যাচে ১১৭ রানের ঝোরো ইনিংস খেলেছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে। চার নম্বর পজিশনেই সেদিন ব্যাটিংয়ে নেমেছিলেন সূর্যকুমার।
কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচে সূর্যকুমারের পজিশন বদল করতে দেখেই খানিকটা অখুশি হয়েছেন আরপি সিং। তাঁর মতে ফর্মে থাকা কোনও ক্রিকেটারের পজিশন বদল করাটা একেবারেই সঠিক কাজ নয়। ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি জানিয়েছেন, “আমার মতে সূর্যকুমার যাদবকে এই মুহূর্তে চার নম্বর পজিশনেই খেলানো উচিত্। পিছনে ফিরলে দেখা যায় যখন বিরাট কোহলি তিন নম্বর পজিশনে ব্যাটিং করতেন, সেই জায়গাতেই করতেন, কখনও কখনও তিনি নিজের পজিশন একটু ওপরেও তুলতেন। যদি কোনও ক্রিকেটার ফর্মে থাকেন, সেই পজিশন থেকে কখনোই তাঁকে সরানো উচিত্ নয়”।
প্রথম ম্যাচে ভারতীয় ব্যাটারদের সকলকে মাঠে নামতে হয়নি। রোহিত শর্মা এবং শিখর ধওয়ানের হাত ধরেই সেই ম্যাচ জিতে নিয়েছিল ভারতীয় দল। কিন্তু দ্বিতীয় ম্যাচেই চূড়ান্ত ব্যর্থ হয়েছিল ভারতীয় দল। সূর্যকুমার যাদব চেষ্টা চালালেও, পাঁচ নম্বরে নেমে সেই ২৭ রানেই ব্যর্থ হয়ে ফিরতে হয়েছিল তাঁকে। আর সেজন্যই ম্যাঞ্চেস্টারে তাঁকে চার নম্বরেই খেলানোর পরামর্শ দিচ্ছেন আরপি সিং।