ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি২০-তে নতুন মাইলস্টোন গড়ার হাতছানি রোহিত ও বিরাটের সামনে

Virat and Rohit
Virat and Rohit(Photo by INDRANIL MUKHERJEE/AFP via Getty Images)

সাউদাম্পটনে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টিতেই নতুন রেকর্ডের মালিক হয়েছেন রোহিত শর্মা। যদিও তিনি বড় রা পাননি ঠিকই, কিন্তু অধিনায়ক হিসাবে এক বিরল রেকর্ডের মালিক হয়েছেন দ্য হিটম্যান। প্রথম অধিনায়ক হিসাবে টি টোয়েন্টি ক্রিকেটে টানা ১৩টি ম্যাচ জয়ের রেকর্ড গড়েছেন রোহিত শর্মা। শনিবার এজবাস্টনে নতুন রেকর্ডের হাতছানি আবার রোহিত শর্মার সামনে। তবে এবার তিনি একা নন, তাঁর সঙ্গে এই প্রতিযোগিতায় রয়েছেন বিরাট কোহলিও।

এই মুহূর্তে টি টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ চার মারার রেকর্ড থেকে মাত্র দুটো বাউন্ডারি পিছনে রয়েছেন রোহিত শর্মা। একইসঙ্গে ২৯৮টি চার হাকিয়ে সেই তালিকায় রোহিতের পাশেই রয়েছেন বিরাট কোহলি। টি টোয়েন্টি ক্রিকেটে ৩০০টি চার মারার রেকর্ড থেকে মাত্র দু ধাপ দূরে রয়েছেন রোহিত শর্মা। বিশ্ব ক্রিকেটের মঞ্চে টি টোয়েন্টিতে ৩০০টি চার মারার রেকর্ড রয়েছে একমাত্র আয়ারল্যান্ডের পল স্টার্লিংয়ের।

শনিবার এজবাস্টনে যখন বিরাট কোহলি এবং রোহিত শর্মা নামবেন, তখন দুজনের সামনেই রয়েছে এই নতুন রেকর্ড গড়ার হাতছানি। করোনা সারিয়ে সাউদাম্পটনেই ভারতীয় দলের জার্সি গায়ে মাঠে ফিরেছিলেন রোহিত শর্মা। ওপেনিংয়ে শুরুটা বেশ বিধ্বংসীভাবে করলেও, বড় রান অবশ্য পেতে পারেননি তিনি। ২৪ রানেই সাজঘরে ফিরতে হয়েছিল রোহিত শর্মার। যদিও ইংল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচ জিততে রোহিত শর্মার ভারতীয় দলের খুব একটা অসুবিধা হয়নি।

টি২০ ক্রিকেটে ৩০০টি চারের থেকে আর মাত্র দুধাপ দূরে দাঁড়িয়ে রোহিত ও বিরাট

ব্যাট এবং বল হাতে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। ব্যাট হাতে যেমন ধোরো অর্ধশতরান করেছিলেন ভারতের অন্যতম সেরা অল রাউন্ডার। তেমনই বল হাতে ব্রিটিশ বাহিনীকে একাই শেষ করে দিয়েছিলেন হার্দিক। মাত্র ৩৩ রান দিয়ে একাই ৪ উইকেট তুলে নিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। শুধু তই নয় তাঁর দক্ষতার জন্যই ১৪৮ রানে শেষ হয়ে গিয়েছিল ইংল্যান্ড। এবার এজবাস্টনে দ্বিতীয় টি টোয়েন্টিতে নামবে ভারত।

প্রথম ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল বিরাট কোহলিকে। দ্বিতীয় টি টোয়েন্টিতেই ভারতীয় দলে ফিরতে চলেছেন তিনি। এই মুহূর্তে রোহিত শর্মার সঙ্গে একই স্থানে রয়েছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিও। টি টোয়েন্টি ক্রিকেটে ২৯৮টি চার রয়েছে বিরাটের। এদিন দুই তারকা ক্রিকেটারের সামনেই রয়েছে নতুন মাইলস্টোন গড়ার রেকর্ডের হাতছানি।

ওপেনিংয়ে নামবেন রোহিত শর্মা। সেই তিনি যদি দুটো চার মারতে পারেন, তবে পল স্টার্লিংয়ের পর দ্বিতীয় ব্যাটার হিসাবে টি টোয়েন্টি ক্রিকেটে ৩০০টি চার মারার রেকর্ড গড়বেন রোহিত শর্মা। একইসঙ্গে বিরাটও যদি এই ম্যাচে বড় রান পেতে পারেন, তবে রোহিতের সঙ্গে এক সিংহাসনে বসবেন তিনিও।

close whatsapp