ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টিতে দীপক হুডাকে তিন নম্বরে খেলোনার পরামর্শ আকাশ চোপড়ার
আপডেট করা - Jul 7, 2022 12:14 pm

আয়ারল্যান্ডের পর এবার ইংল্যান্ডের মুখোমুখি হতে চলেছে ভারতীয় দল। বৃহস্পতিবার ভারতীয় সময় রাত সারে দশটায় ইংল্যান্ডের বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া। সেই ম্যাচের প্রথম একাদশ কী হবে তা নিয়ে এখন থেকেই জল্পনা তুঙ্গে রয়েছে। সেখানেই ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচে দীপক হুডাকে দলে রাখারই পরামর্শ আকাশ চোপড়া। তবে ওপেনার হিসাবে নয় এই ম্যাচে দীপক হুডাকে তিন নম্বরেই খেলানো উচিত্ বলে মনে করছেন প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটার।
আয়ারল্যান্ড সফরেই ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন দীপক হুডা। সেই সিরিজে দুর্ধর্ষ ফর্মে ছিলেন এই তরুণ ক্রিকেটার। রুতুরাজ গায়কোয়াড়ের জায়গায় ভারতীয় দলের হয়ে ওপেন করার সুযোগ পেয়েছিলেন তিনি। সেই সুযোগকে কাজে লাগাতে এতটুকুও ভুল করেননি এই তরুণ ক্রিকেটার। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের হয়ে সর্বোচ্চ রান করে সিরিজের সেরার খেতাব জিতে নিয়েছিলেন দীপক হুডা। এই তরুণ ক্রিকেটারের সেই পারফরম্যান্স দেখেই আপ্লুত আকাশ চোপড়া।
চোট সারিয়ে এই টি টোয়েন্টি সিরিজ দিয়েই ফের দলে ফিরেছেন রোহিত শর্মা। সেক্ষেত্রে ঈশান কিষাণের সঙ্গে যে তিনিই ওপেন করবেন তা নিয়ে কোনও দ্বিমত নেই। কিন্তু দীপক হুডাকেও ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একাদশে রাখার পরামর্শ দিচ্ছেন প্রাক্তন তারকা ক্রিকেটার আকাশ চোপড়া। তাঁর মতে ওপেনিংয়ে নয়, এই ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে দীপক হুডাকে তিন নম্বরেই ব্যাটিং করানো উচিত্ ভারতীয় দলের।
আয়ারল্যান্ড সিরিজে ১৫১ রান করে সিরিজের সেরা ক্রিকেটার হয়েছিলেন দীপক হুডা
নিজস্ব ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া জানিয়েছেন, ইংবল্যান্ডের বিরুদ্ধে এই টি টোয়েন্টি ম্যাচে দীপক হুডাকে তিন নম্বর পজিশনে খেলানো হোক এটাই চাই আমি। এই ম্যাচে পরিবর্তনের কোনওরকম চিন্তাভাবনা আমি রাখব না, কারণ আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন দীপক হুডা। একটি সেঞ্চুরী পেয়েছিলেন তিনি এবং একটি ম্যাচে মাত্র তিন রানের জন্য অর্ধশতরান হাতছাড়া হয়েছিল দীপক হুডার। তিনি দুর্ধর্ষ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে বৃষ্টির জন্য প্রথম ম্যাচ সংক্ষিপ্ত ওভারের হয়েছিল। সেই ম্যাচে ২৯ বলে ৪৭ রানের ইনিংস খেলে ভারতীয় দলকে জিতিয়ে মাঠ ছেড়েছিলেন এই তরুণ ক্রিকেটার। আর দ্বিতীয় ম্যাচে দীপক হুডার হাত থেকে তো রানের ঝড় উঠেছিল। আইরিশ বোলারদের বিরুদ্ধে ভয়ঙ্কর দাপট দেখিয়েছিলেন তিনি। ৫৭ বলে ১০৪ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন দীপক হুডা। প্রায় ২০০-এর কাছাকাছি ছিল তাঁর স্ট্রাইকরেট।
শুধু তাই নয় ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে ডার্বিশায়ারের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে নেমেছিলেন দীপক হুডা। সেখানেও তাঁর ব্যাট থেকে এসেছে ৫৯ রান। সব মিলিয়ে হুডাকে নিয়ে যথেষ্ট আশাবাদী আকাশ চোপড়া। তাঁর মতে প্রথম টি টোয়েন্টিতে তিন নম্বরেই দীপক হুডাকে খেলানো উচিত্।