এই ভারতীয় দলের আইসিসির যেকোনও ট্রফি জেতা উচিত্, মনে করেন মাইকেল ভন
আপডেট করা - Jul 13, 2022 10:02 pm

টি টোয়েন্টি সিরিজ জয়ের পর এবার ভারতের লক্ষ্য ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ জয়। সেই লক্ষ্যে শুরুটা বেশ ভালভাবেই করেছে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডকে ওভালে প্রথম ম্যাচেই ১০ উইকেটে হারিয়ে সিরিজে যাত্রা শুরু করেছে ভারতীয় দল। বিশেষ করে ওভালে তাদের পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়েছেন প্রাক্তন ব্রিটিশ তারকা মাইকেল ভন। তাঁর মতে এই ভারতীয় দল যে ফর্মে রয়েছে, তাতে সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে একদিনের বিশ্বকাপ সবকিছুই জেতা উচিত্ তাদের।
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। ২০১৯ সালের পর প্রথমবার পূর্ণশক্তির ব্যাটিং লাইনআপ নামিয়েছিল ইংল্যান্ড। কিন্তু ভারতীয় বোলিংয়ের সামনে তারা মাথা তুলে দাঁড়াতেই পারেনি। বিশেষ করে জসপ্রীত বুমরার বিধ্বংসী পারফরম্যান্স একেবারে তাসের ঘরের মতো ভেঙে দিয়েছিল ব্রিটিশ ব্যাটিং লাইনআপকে। আর এমন পারফরম্যান্স দেখেই মাইকেল ভন ভারতকে নিয়ে বিশ্বকাপ জয়ের ব্যপারে এত বড় ভবিষ্যদ্বানী করতে দ্বিধা করেননি।
মাত্র ১৯ রান দিয়ে জসপ্রীত বুমরাহ এদিন একাই নিয়েছিলেন ৬ উইকেট। শুধু তাই নয় তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছিলেন মহম্মদ সামিও। তিনিও তুলে নিয়েছিলেন ৩টি উইকেট। মাত্র ১১০ রানেই শেষ হয়ে গিয়েছিল ইংল্যান্ড। ভারত বনাম ইংল্যান্ড সিরিজে এটাই এখনও পর্যন্ত সবচেয়ে কম রান। আর তা দেখেই ভারতকে বিশ্বকাপ জয়ের ব্যপারে ফেভারিট হিসাবে মানছেন মাইকেল ভন। বিশেষ করে বোলিং থেকে ব্যাটিংয়ের সময় ভারতীয় দলের আক্রমণাক্মক মানসিকতা তাঁকে আরও মুগ্ধ করেছে।
ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে ১-০-এ এগিয়ে গিয়েছে ভারতীয় দল
এই প্রসঙ্গে মাইকেল ভন ক্রিকবাজে জানিয়েছেন, “যেভাবে ভারত টি টোয়েন্টি সিরিজে খেলেছিল, ঠিক সেই পথেই এখানেও মোমেন্টামটা তৈরি করা শুরু করেছে ভারত। আমরা আক্রমণাত্মক মানসিকতা নিয়ে কথা বলছিলাম। তারা এদিন বল হাতে যেমন আক্রমণাত্মক ছিল, তেমনই আক্রমণাত্মক ছিল মাঠে। যখন তোমার দখলে খেলার রাশ রয়েছে এমনটাই করা উচিত্”।
তিনি আরও জানিয়েছেন, “আমি আগেই জানিয়েছি যে ভারতীয় একদিনের এই দলটি বহুদিন ধরেই কোনও বড় ট্রফি জয়ের স্বাদ পায়নি। তাদের যেকোনও বিশ্বকাপ, টি টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা উচিত্”।
বল হাতে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখানোর পর ব্যাট হাতেও এদিন ইংল্যান্ডের বিরুদ্ধে বিধ্বংসী মেজাজে ছিলেন রোহিত শর্মা। ব্রিটিশ বোলাররা চেষ্টা করলেও, একটিও উইকেট তুলতে পারেননি সেদিন। রোহিত শর্মা একাই করেছিলেন ৭৬ রান। সেইসঙ্গে ইংল্যান্ডের বিরুদ্ধে একাধিক রেকর্ডও গড়েছিলেন তিনি। গতবার টি টোয়েন্টি বিশ্বকাপে বিশ্রী হার দেখতে হয়েছিল ভারতকে।
এবার রোহিত শর্মার হাতে নতুন দায়িত্ব। নতুন অধিনায়কের হাত ধরে ভারতীয় দলের ভাগ্য বদলায় কিনা সেটাই এখন দেখার।