বিরাট কোহলির শততম টেস্টে দর্শক নেই, হতাশ সুনীল গাভাসকর
আপডেট করা - Feb 28, 2022 8:28 pm

বিরাট কোহলির শততম টেস্টে দর্শকহীন গ্যালারী। আর বোর্ডের এই সিদ্ধান্তেই খানিকটা হতাশ প্রাক্তন কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাসকর। যদিও পরিস্থিতি বুঝেই যে বোর্ডকে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে সেটাও বুঝতে পারছেন সুনীল গাভাসকর। কিন্তু একজন ক্রিকেটারের কাছে যে এমন পরিস্থিতি কতটা কষ্টের সেটাও মানছেন এই প্রাক্তন তারকা ক্রিকেটার। কয়েকদিন আগেই পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন দর্শকূন্য গ্যালারীতে ম্যাচ করার কথা জানিয়েছে। এরপর থেকেই নানান কথাবার্তা শুরু হয়ে গিয়েছে।
আগামী ৪ মার্চ শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে নামবে ভারত। সেই মঞ্চেই দীর্ঘ প্রতীক্ষিত সেই শততম টেস্টে নামবেন বিরাট কোহলিও। যদিও এই সুযোগটা বিরাট কোহলি পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকাতেই। কিন্তু পিঠের চোটেই সেই সুযোগ হাতছাড়া হয়েছিল। এরপর থেকেই বিরাটের ঘরের মাঠে শততম টেস্ট খেলা নিয়ে শুরু হয়ে গিয়েছিল উন্মাদনা।
প্রথমে শোনা গিয়েছিল তিনি নাকি বেঙ্গালুরুতে কেরিয়ারের শততম টেস্ট খেলতে পারেন। কিন্তু তা হয়নি। মাঝ সূচী পরিবর্তন হওয়ার শ্রীলঙ্কার বিরুদ্ধে মোহালীতে প্রথম টেস্ট খেলতে নামবে ভারত। আর সেখানেই বিরাট খেলবেন তাঁর শততম টেস্ট। কিন্তু করোনার কথা মাথায় রেখে সেই ম্যাচে কোনওরকম দর্শক প্রবেশের অনুমতি নেই। পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনই সেই সিদ্ধান্ত জানিয়েছে। টিভির পর্দাতেই বিরাটের শততম টেস্ট দেখতে হবে তাঁর অগুন্তী ভক্তদের।
বিরাট কোহলির শততম টেস্টে দর্শক প্রবেশের অনুমতি নেই জানার পর হতাশ সুনীল গাভাসকর
আর এই সিদ্ধান্ততেই খানিকটা হতাশ হয়েছেন খোদ প্রাক্তন তারকা সুনীল গাভাসকর। কারণ তিনিও চেয়েছিলেন দর্শক ভর্তি গ্যালারীর সামনে শততম টেস্ট খেলুক বিরাট কোহলি। যদিও শেষপর্যন্ত তা হচ্ছে না। স্পো্র্টস টুডেতে এই প্রসঙ্গে বিরাট সুনীল গাভাস্কার জানিয়েছেন, “যে খেলাই খেলুক না কেন সকলেই মাঠে দর্শক চায়। ক্রিকেট হোক কী পারফর্মার কিংবা অভিনেতা, সকলেই সমর্থকের সামনে দেখতে ভালবাসেন। আর শততম টেস্ট তো খুবই বিশেষ একটা মুহূর্ত। সেখানে দর্শকের অনুপস্থিতি একটু হলেও হতাশ করছে। কিন্তু বোর্ড যখন সিদ্ধান্ত নিয়েছে তা অনেক ভেবেই করেছে। মোহালীর আশেপাশে অনেক জায়গাতেই সংক্রমণ বেড়েছে। সেজন্যই বোধহয় এমন সিদ্ধান্ত”।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি টোয়েন্টির সময়ই বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া হয়েছিল। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজেও ছিলেন না তিনি। টেস্ট সিরিজ দিয়েই ফের ভারতীয় দলে ফিরবেন প্রাক্তন ভারত অধিনায়ক। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ হারের পরই ভারতীয় দলের অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা করেছিলেন।
অধিনায়কত্ব ছাড়ার পর এটাই বিরাট কোহলির প্রথম টেস্ট। আবার এই টেস্টেই অধিনায়ক হিসাবে অভিষেক হবে রোহিত শর্মারও। সব মিলিয়ে মোহালী টেস্ট যথেষ্ট আকর্ষণীয় হতে চলেছে। মাঠে দর্শক প্রবেশের অনুমতি নেই ঠিকই, কিন্তু এই ম্যাচ ঘিরে কিন্তু এখন থেকেই শুরু হয়ে গিয়েছে উত্তেজনা।