তিন দিনে হেরে যাওয়ার কথা ভাবেননি দিমুথ করুণারত্নে

দুই ইনিংস মিলিয়ে মাত্র ১২৫ ওভার ব্যাট করতে সক্ষম শ্রীলঙ্কা

Dimuth Karunaratne
Dimuth Karunaratne. (Photo by ISHARA S. KODIKARA/AFP via Getty Images)

শ্রীলঙ্কা ক্রিকেটের জন্য এটি একটি বড় উপলক্ষ ছিল কারণ দ্বীপরাষ্ট্রটি তাদের ৪০ বছরের ইতিহাসে তাদের ৩০০তম টেস্ট ম্যাচ খেলতে নেমেছিল। কিন্তু মোহালিতে ভারতের বিপক্ষে ম্যাচটি একতরফা প্রমাণিত হল কারণ সফরকারীরা এক ইনিংস এবং ২২২ রানে পরাজিত হয়ে দুই ম্যাচের সিরিজে ০-১ ব্যবধানে পিছিয়ে আছে।

শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুণারত্নে পরাজয়ের প্রকৃতি দেখে হতবাক হয়েছেন এবং ফলাফল নিয়ে তাঁর ব্যাটারদের সমালোচনায় বিদ্ধ করেছেন। সফরকারীরা ভারতীয় বোলিং আক্রমণের বিরুদ্ধে সামান্য প্রতিরোধও গড়ে তুলতে পারেনি এবং দুই ইনিংস মিলিয়ে মাত্র ১২৫ ওভার খেলতে পেরেছিল। দুই ইনিংসে তারা যথাক্রমে ১৭৪ এবং ১৭৮ রান করে। অন্যদিকে ভারত ৮ উইকেটে ৫৭৪ রানের বিশাল স্কোর খাড়া করে। 

ভারতের ইনিংসে তিনটি সেঞ্চুরি পার্টনারশিপ ছিল। তিনটিতেই রবীন্দ্র জাডেজার অবদান ছিল এবং জাডেজা নিজে অপরাজিত ১৭৫ রান করেছিলেন। অন্যদিক দুই ইনিংস মিলিয়ে শ্রীলঙ্কার সর্বোচ্চ পার্টনারশিপ ছিল ৫৮, যা প্রথম ইনিংসে পঞ্চম উইকেটে চারিথ আসালাঙ্কা এবং পাথুম নিসাঙ্কার মধ্যে এসেছিল।

ব্যাটারদের দীর্ঘক্ষণ ব্যাট করতে হবে, বলছিলেন করুণারত্নে

ম্যাচ-পরবর্তী উপস্থাপনায় করুণারত্নে ম্যাচটি তিন দিনে শেষ হওয়ার বিষয়ে হতাশা প্রকাশ করেছিলেন। সফরকারী অধিনায়ক সম্প্রচারকারী স্টার স্পোর্টসকে বলেছেন, “আমরা কখনই ভাবিনি যে ম্যাচটি তিন দিনে শেষ হবে। ব্যাটারদের লম্বা ইনিংস ব্যাট করতে হবে। আপনি যখন ভারতের বিপক্ষে খেলছেন তখন আপনাকে ভালো শুরুকে পুঁজি করতে হবে, এই ট্র্যাকে ব্যাট করা সহজ ছিল, একবার আপনি থিতু হয়ে গেলে আপনাকে বড় স্কোর করতে হবে। অতিরিক্ত সিমার খেলানোর ব্যাপারে আমাদের ভরসা ছিল।”

“যদি আমরা আরও ভালো বোলিং করতাম তাহলে তাদের সীমাবদ্ধ রাখতে পারতাম। আমরা ব্যাট হাতে খুব রক্ষণাত্মক বা খুব আক্রমণাত্মক ছিলাম, স্ট্রাইক রোটেট করে উভয়ের মধ্যে ভারসাম্য আনতে হবে এবং এভাবেই আপনি একটি বড় ইনিংস খেলতে পারেন। ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের বড় স্কোর করতে হবে। আমরা প্রথম দুটি সেশনে ভাল করেছিলাম কিন্তু বলটি পুরানো হওয়ার পর কাজে লাগাতে পারিনি, ” ৩৩ বছর বয়সী বাঁ-হাতি ব্যাটার বলেছেন। করুণারত্নে নিজে ম্যাচে যথাক্রমে ২৮ ও ২৭ রান করেছেন। 

ভারতের মাটিতে এই নিয়ে টেস্টে শ্রীলঙ্কা দশবার ইনিংসে হারল। ১২ই মার্চ থেকে বেঙ্গালুরুতে দ্বিতীয় টেস্ট শুরু হবে যা গোলাপী বলে খেলা হবে। 

close whatsapp