ভারত বনাম শ্রীলঙ্কা: প্রথম টি-২০ আন্তর্জাতিক, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট এবং সম্ভাব্য একাদশ

তরুণ ক্রিকেটারদের নিয়ে নামছে ভারতীয় দল

Indian Team
Indian Team. (Photo by Kerry Marshall/Getty Images)

মঙ্গলবার, ৩ জানুয়ারি ওয়াংখেড়ে স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের উদ্বোধনী ম্যাচে একটি নতুন চেহারার ভারতীয় দল শ্রীলঙ্কার মুখোমুখি হবে। স্বাগতিক দল তাদের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মাকে ছাড়াই নামছে কারণ তিনি বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই সিরিজে আঙুলে চোট পেয়েছিলেন। তাঁর পরিবর্তে সংক্ষিপ্ততম ফর্ম্যাটে হার্দিক পান্ডিয়া দায়িত্ব সামলাবেন। বেশ কয়েকজন বিশেষজ্ঞ তাঁকে ২০২৪-এ আয়োজিত পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের নেতৃত্ব দেওয়ার দাবীদার মনে করছেন।

প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। অভিজ্ঞ ওপেনিং ব্যাটার কেএল রাহুলও ছুটি পেয়েছেন তাঁর বিয়ের কারণে। পান্ডিয়ার সহকারী হিসেবে থাকবেন বিশ্বের ১ নম্বর টি-টোয়েন্টি ব্যাটার সূর্যকুমার যাদব।

এদিকে, শ্রীলঙ্কা ভারতের শেষ সফরের স্মৃতি ভুলে গিয়ে নতুনভাবে শুরু করতে চাইবে। গত বছর ভারত টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে পরাজিত করেছিল শ্রীলঙ্কাকে। তবে শ্রীলঙ্কা বছরের শেষের দিকে এশিয়া কাপে ভারতকে হারিয়ে প্রমাণ করেছিল এখনও চমক দেখাতে পারেন লঙ্কানরা। এশিয়ান চ্যাম্পিয়নরা তাদের স্কোয়াডে লঙ্কা প্রিমিয়ার লিগের বেশ কিছু পারফর্মারকে রেখেছে।

পিচ কন্ডিশন

ওয়াংখেড়ের আউটফিল্ড অত্যন্ত দ্রুত এবং পিচে বাউন্স ভালো থাকায় ব্যাটাররা এখানে সময় উপভোগ করবে। শিশির ম্যাচে প্রভাব ফেলতে পারে। টসজয়ী অধিনায়ক প্রথমে বোলিং করার কথা ভাববেন।

উভয় দলের কম্বিনেশন

ভারত

স্কোয়াডে রুতুরাজ গায়কওয়াড়, শুবমান গিল ও ঈশান কিষান থাকায় কোন ওপেনিং জুটি নিয়ে ভারত নামে সেই দিকে নজর থাকবে। উইকেটকিপার হিসেবে ঈশানের সুযোগ পাওয়া প্রায় নিশ্চিত হওয়ায় গায়কওয়াড় ও গিলের মধ্যে যে কোন একজন হয়তো খেলবেন। হার্দিক একাদশে থাকায় কম করে ছয়টি বোলিং বিকল্প থাকবে ভারতের কাছে।

সম্ভাব্য একাদশ: ঈশান কিষান (উইকেটকিপার), শুবমান গিল, সূর্যকুমার যাদব, দীপক হুডা, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, হর্ষল প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং, উমরান মালিক।

শ্রীলঙ্কা

দাসুন শানাকার নেতৃত্বাধীন দল আবিষ্কা ফার্নান্ডোকে দলে ফিরিয়ে এনেছে। এ ছাড়া টি-২০ বিশ্বকাপে যে একাদশ খেলানো হত সেই একাদশে বিশেষ পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। বোলিং বিভাগে তাদের দুই প্রধান অস্ত্র মাহীষ থিকশানা এবং ওয়ানিন্দু হাসারাঙ্গাকে সামলে খেলতে হবে ভারতীয় ব্যাটারদের।

সম্ভাব্য একাদশ: পাথুম নিসাঙ্কা, কুসাল মেন্ডিস (উইকেটকিপার), আবিষ্কা ফার্নান্ডো, চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসা, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসরাঙ্গা, চামিকা করুণারত্নে, মাহীষ থিকশানা, লাহিরু কুমারা, দিলশান মাদুশাঙ্কা।

ভারত বনাম শ্রীলঙ্কা হেড-টু-হেড

ম্যাচ – ২৬ | ভারত – ১৭ | শ্রীলঙ্কা – ৮ | অমীমাংসিত – ১

সম্প্রচারের বিবরণ

ম্যাচের সময় – ৩ জানুয়ারি, ভারতীয় সময় সন্ধ্যা ৭:০০

টিভি – স্টার স্পোর্টস নেটওয়ার্ক

লাইভ স্ট্রিমিং – ডিজনি+ হটস্টার

close whatsapp