টি-২০ বিশ্বকাপের প্রস্তুতির জন্য কেন পার্থকেই বেছে নিল ভারতীয় দল, জানালেন দলের কন্ডিশনিং কোচ
৬ই অক্টোবর অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হয়েছিল ভারতীয় দল
আপডেট করা - Oct 8, 2022 1:19 pm

টি-টোয়েন্টি বিশ্বকাপে যাওয়া বেশিরভাগ দল অক্টোবরের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে দ্বিপাক্ষিক সিরিজ খেললেও, ভারত আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনেকটাই দূরে আছে এবং প্রশিক্ষণ শিবিরের জন্য পার্থে পৌঁছে গিয়েছে। রোহিত শর্মার নেতৃত্বাধীন দল ৪ঠা অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ শেষ করেই ৬ অক্টোবর পার্থে গিয়েছিল।
পশ্চিম অস্ট্রেলিয়ার শহরে পৌঁছেই ভারত তাদের প্রথম প্রশিক্ষণ সেশনে নেমে পড়েছিল। ভারতীয় খেলোয়াড়রা ৭ই অক্টোবর শুক্রবার ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন (ওয়াকা) গ্রাউন্ডে প্রশিক্ষণ নিয়েছে। উল্লেখ্য, ১৭ ও ১৯শে অক্টোবর, যথাক্রমে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে নামার আগে, ১০ ও ১৩ই অক্টোবর ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান একাদশের বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত ।
ভারতের প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে দূরে থাকার এবং কেবল প্রশিক্ষণ সেশনের মধ্যেই নিজেদের সীমাবদ্ধ রাখার সিদ্ধান্তের ব্যাখ্যা করে, দলের স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ সোহম দেশাই বলেছেন যে খেলোয়াড়রা ৮ দিনের প্রস্তুতিমূলক সময়কে পরিকল্পনা এবং নির্দিষ্ট দক্ষতা তৈরী করতে ব্যবহার করবে, যা অস্ট্রেলিয়ার কন্ডিশনে তাঁদেরকে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে সাহায্য করবে।
নিজেদেরকে শারীরিকভাবে এবং দক্ষতার দিক দিয়ে গড়ে তোলার লক্ষ্য: স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ সোহম দেশাই
প্রধান কোচ রাহুল দ্রাবিড় ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পরে জানিয়েছিলেন যে অস্ট্রেলিয়ার কন্ডিশনের সাথে বোঝাপড়া গড়ে তোলার জন্য এবং স্কোয়াডের সে সদস্যরা আগে অস্ট্রেলিয়া সফর করেননি তাঁদের সুবিধার জন্য ভারতীয় দল পর্যাপ্ত সময় হাতে নিয়ে অস্ট্রেলিয়ার উদ্দেশে তাড়াতাড়ি যাত্রা করছে।
“বিশ্বকাপের আগে আসন্ন ৮-১০ দিন আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। টিম ম্যানেজমেন্ট এবং বিসিসিআইকে ধন্যবাদ এই ৮ দিন পেতে সাহায্য করার জন্য। বড় টুর্নামেন্টের আগে আমরা প্রায়ই বিধ্বস্ত থাকি কারণ ভারতীয় দল প্রচুর ক্রিকেট খেলে। কিন্তু এই ৮ দিন, আমরা ধীরে ধীরে নিজেদেরকে শারীরিকভাবে এবং দক্ষতার দিক দিয়ে, উভয় ক্ষেত্রেই গড়ে তুলতে চলেছি বিশ্বকাপের প্রথম ম্যাচের জন্য,” বিসিসিআইয়ের শেয়ার করা একটি ভিডিওতে সোহম দেশাই বলেছেন।
#TeamIndia had a light training session yesterday at the WACA. Our strength and conditioning coach, Soham Desai gives us a lowdown on the preparations ahead of the @T20WorldCup pic.twitter.com/oH1vuywqKW
— BCCI (@BCCI) October 8, 2022
“লক্ষ্য হল পার্থের এই পিচে কিছুটা সময় পাওয়া এবং সেইসাথে দ্বিপাক্ষিক সিরিজ খেলার একঘেয়েমি ভাঙা। অস্ট্রেলিয়ার জন্য প্রয়োজনীয় সুনির্দিষ্ট দক্ষতা গড়ে তুলতে গ্রুপের জন্য এটি একটি ভালো সময় হতে চলেছে। বিশ্বকাপের আগে এটাই সামগ্রিক পরিকল্পনা,” তিনি যোগ করেছেন।