দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট পদে নিযুক্ত হলেন সৌরভ গাঙ্গুলী
২০১৯-এ ডিসির মেন্টর হিসেবে কাজ করেছিলেন সৌরভ
আপডেট করা - Jan 3, 2023 5:44 pm

পিটিআই-এর একটি প্রতিবেদন অনুসারে, প্রাক্তন ভারতীয় অধিনায়ক এবং বিসিসিআইয়ের বিগত সভাপতি সৌরভ গাঙ্গুলী আইপিএল ২০২৩-এর আগে দিল্লি ক্যাপিটালস শিবিরে পুনরায় যোগ দিতে প্রস্তুত। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ২০১৯ মরসুমে দিল্লি ক্যাপিটালসের পরামর্শদাতা হিসাবে কাজ করার পরে আবার দিল্লি-ভিত্তিক ফ্র্যাঞ্চাইজির সঙ্গে জড়িত হবেন।
গত বছরের অক্টোবরে বিসিসিআই সভাপতির পদ থেকে অপসারিত হয়েছিলেন সৌরভ এবং তাঁর জায়গায় রজার বিনি নতুন সভাপতি হন। ভারতের অন্যতম সেরা অধিনায়ক হিসাবে সম্মানিত সৌরভ দিল্লি ক্যাপিটালসের পাশাপাশি একই মালিকানাধীন দুবাই ক্যাপিটালস (আইএলটি২০) এবং প্রিটোরিয়া ক্যাপিটালসের (SA20) তত্ত্বাবধানে থাকবেন।
“হ্যাঁ, সৌরভ এই বছর থেকে দিল্লি ক্যাপিটালসে ফিরে আসবেন। আলোচনা এবং বাকী কাজ শেষ হয়েছে। তিনি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কাজ করেছেন, মালিকদের সঙ্গে একটি ভালো সম্পর্ক রয়েছে এবং যদি তিনি আইপিএলে কাজ করবেন তবে সেটা সর্বদা ডিসির সঙ্গেই,” ঘটনার সঙ্গে জড়িত আইপিএলের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে পিটিআইকে জানিয়েছে।
আইপিএল নিলামে পাঁচজন ক্রিকেটারকে নিয়েছে ক্যাপিটালস
দিল্লি ক্যাপিটালস সদ্য সমাপ্ত আইপিএল নিলামে পাঁচজন খেলোয়াড়কে নিয়েছে। টি-২০ বিশ্বকাপজয়ী ইংল্যান্ডের বিস্ফোরক উইকেটকিপার-ব্যাটার ফিল সল্টের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী ব্যাটার রাইলি রসৌকেও নিয়েছে ডিসি। ভারতীয় আন্তর্জাতিকদের মধ্যে মণীশ পান্ডে এবং ইশান্ত শর্মাকেও নিয়েছে আইপিএল ২০২০-র ফাইনালিস্টরা। এ ছাড়া তরুণ আনক্যাপড ভারতীয় পেসার মুকেশ কুমারকেও সাড়ে ৫ কোটি টাকায় কিনেছে ক্যাপিটালস। কোচির ইভেন্টে মুকেশ ছিলেন ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে ব্যয়বহুল ক্রয়।
সৌরভের ডিসিতে অন্তর্ভুক্তির পরে এমনও মনে করা হচ্ছে যে আইপিএল ২০২ নিলামে ডিসির স্ট্র্যাটেজি কী হবে তা নিয়ে প্রাক্তন ভারতীয় অধিনায়ক দলের প্রধান কোচ রিকি পন্টিংকে প্রস্তাব দিয়েছিলেন।
ডিসি সম্পূর্ণ স্কোয়াড: ঋষভ পান্ত (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ, রিপাল প্যাটেল, রভম্যান পাওয়েল, সরফরাজ খান, যশ ধুল, মিচেল মার্শ, ললিত যাদব, অক্ষর প্যাটেল, অনরিখ নর্কিয়া, চেতন সাকারিয়া, কমলেশ নাগরকোটি, খলিল আহমেদ, লুঙ্গি ঙ্গিডি, মুস্তাফিজুর রহমান, আমান খান, কুলদীপ যাদব, প্রবীণ দুবে, ভিকি ওস্তওয়াল, ইশান্ত শর্মা, ফিল সল্ট, মুকেশ কুমার, মণীশ পান্ডে, রাইলি রসৌ।