আসন্ন লেজেন্ডস লিগ ক্রিকেটে খেলছেন না সৌরভ গঙ্গোপাধ্যায়
আপডেট করা - Jul 20, 2022 8:10 pm

বুধবার হঠাত্ই একটা জল্পনা দানা বাঁধতে শুরু করেছিল ভারতীয় ক্রিকেট মহলে। শোনাযাচ্ছিল আসন্ন লেজেন্ডস লিগ ক্রিকেটে নাকি খেলতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আর তাতেই শুরু হয়েছিল নানান জল্পনা। যদিও সেই জল্পনা সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেই অবসান করেছেন। আসন্ন লেজেন্ডস লিগ ক্রিকেটে খেলছেন না বোর্ড সভাপতি তথা ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। বুধবার তিনি নিজেই সেই কথা জানিয়ে দিয়েছেন সকলকে। আগামী সেপ্টেম্বরেই শুরু হতে চলেছে এবারের লেজেন্ডস লিগ ক্রিকেট।
লেজেন্ডস লিগ ক্রিকেটে প্রথম সংস্করণে নানান তারকা ক্রিকেটাররাই খেলেছিলেন। আর প্রথম মরসুম থেকেই বেশ জনপ্রিয়তা লাভ করেছে এই নতুন লিগ। এবারের লেজেন্ডস লিগ ক্রিকেট নিয়ে এখন থেকেই উন্মাদনার পারদ তুঙ্গে। ভারত তথা অন্যান্য দেশেরও নানান প্রাক্তন তারকা ক্রিকেটাররা এই সংস্করণের লিগে খেলতে চলেছে। শোনাযাচ্ছে সমস্ত দেশ মিলিয়ে প্রায় ১১০ জন প্রাক্তন ক্রিকেটারকে এবার দেখা যাবে আসন্ন লেজেন্ডস লিগ ক্রিকেটে। সেখানেই হঠাত্ করে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম শোনার পর জল্পনা তুঙ্গে পৌঁছেছিল।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের লেজেন্ডস লিগ খেলা নিয়ে শুরু হয়েছিল জল্পনা
লেজেন্ডস লিগ ক্রিকেটের তরফে একটি বিবৃতি জারি হওয়ার পরই সৌরভ গঙ্গোপাধ্যায়ের খেলা নিয়ে গুঞ্জনটা বলা হয়েছিল। সেখানে অন্যান্য ক্রিকেটারদের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের খেলার কথাও নাকি জানানো হয়েছিল। আর সৌরভের মতো তারকা ক্রিকেটার যদি এই লিগে খেলতে নামেন, তবে যে লিগের জনপ্রিয়তা তুঙ্গে পৌঁছবে তা বলার অপেক্ষা রাখে না। যদিও কিছুক্ষণের মধ্যেই সেই খবর ভুল বলেও জানিয়ে দিয়েছে প্রাক্তন ভারতীয় দলের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
আসন্ন লেজেন্ডস লিগ ক্রিকেটে সৌরভ গঙ্গোপাধ্যায়ের খেলার যে কোনও সম্ভাবনা নেই, তা বোর্ড সভাপতি নিজেই জানিয়ে দিয়েছেন। এনডিটিভিকে এই প্রসঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়, “আমি আসন্ন লেজেন্ডস লিগ ক্রিকেটে খেলছি না। যে খবর ছড়িয়ে পড়েছে চারদিকে তা একেবারেই ভুল খবর”।
আসন্ন লেজেন্ডস লিগ ক্রিকেটে ইতিমধ্যেই বিশ্ব ক্রিকেটের বেশ কিছু তারকা ক্রিকেটাররা নিজেদের খেলার কতথা ঘোষণা করে দিয়েছেন। ভারত তো রয়েছেই, সেইসঙ্গে পাকিস্তান, ইংল্যান্ড, নিউ জিল্যান্ড এবং অন্যান্য বেশকিছু দেশের প্রাক্তনম তারকা ক্রিকেটাররাও খেলতে চলেছেন এই লিগে। কয়েকদিন আগেই হরভজন সিং, বীরেন্দ্র সেওয়াগ, পার্থিব পটেলদের নাম জানানো হয়েছিল। গতবারই খেলেছিলেন ইরফান পাঠান এবং উফসুফ পাঠানরা। এবারও যে তারা খেলবেন তা নিয়ে সন্দেহ নেই।
এছাড়া সদ্য ইংল্যান্ড দল থেকে অবসর নিয়েছেন ইয়ন মর্গ্যান। শোনাযাচ্ছে তিনিও খেলতে চলেছেন এই লিগ। এছাড়া শেন ওয়াটসন, ম্যাট প্রিয়র, ব্রেট লিদের মতো তারকাদেরও দেখা যেতে চলেছে এই লিগে।