লেজেন্ডস লিগ ক্রিকেটের দ্বিতীয় মরসুমে শেন ওয়াটসন, ম্যাট প্রায়রদের সঙ্গে একঝাঁক প্রাক্তনের যোগদান
নতুন ক্রিকেটারদের সংযোজনকে স্বাগত জানিয়েছেন লিগের সিইও
আপডেট করা - Jul 20, 2022 7:14 pm

লিজেন্ডস লিগ ক্রিকেটের দ্বিতীয় মরসুমের খেলোয়াড়দের তালিকায় আরও বেশ কিছু কিংবদন্তি ক্রিকেটার যুক্ত হওয়ার ফলে প্রতিযোগিতাটি আরও বড় হয়ে উঠেছে। এর আগে বীরেন্দ্র সেহওয়াগ (ভারত), হরভজন সিং (ভারত), মুত্তাইয়া মুরালিথারান (শ্রীলঙ্কা), ইরফান পাঠান (ভারত), ইয়ন মর্গ্যান (ইংল্যান্ড), মিচেল জনসন (অস্ট্রেলিয়া) প্রমুখ আন্তর্জাতিক খেলোয়াড়ের যোগদান করার খবর এসেছিল।
এখন সেই তালিকায় সংযোজিত হলেন আরও বেশ কিছু তারকা খেলোয়াড়। সম্প্রতি শেন ওয়াটসন (অস্ট্রেলিয়া), রবি বোপারা (ইংল্যান্ড), ম্যাট প্রায়র (ইংল্যান্ড), ক্রিস ট্রেমলেট (ইংল্যান্ড), ফারভিজ মাহারুফ (শ্রীলঙ্কা), রমেশ কালুভিথারানা (শ্রীলঙ্কা), উপুল চন্দনা (শ্রীলঙ্কা) প্রমুখ ক্রিকেটাররা তাঁদের অংশগ্রহণ নিশ্চিত করেছেন।
গত সপ্তাহের শুরুতে ব্রেট লি, ইউসুফ পাঠান, যোগিন্দর শর্মা, লিয়াম প্লাঙ্কেট, মন্টি পানেসার, প্রবীণ তাম্বে, নমন ওঝা, সুব্রহহ্মণ্যম বদ্রীনাথ, স্টুয়ার্ট বিনি, আসগর আফগানের মতো পরিচিত খেলোয়াড়রা লেজেন্ডস লিগ ক্রিকেটের দ্বিতীয় মরসুমে খেলার জন্য তাঁদের অংশগ্রহণ নিশ্চিত করেছিলেন।
কার্নিভাল অফ লেজেন্ডস ফিরে এসেছে: কমিশনার রবি শাস্ত্রী
লেজেন্ডস লিগ ক্রিকেটের সহ-প্রতিষ্ঠাতা ও সিইও রামন রাহেজা বলেছেন, “লেজেন্ডস লিগ ক্রিকেটের সিজন ২-এর জন্য এই আইকনিক খেলোয়াড়দের সংযোজন ভক্তদের মধ্যে উত্তেজনাকে পরবর্তী স্তরে নিয়ে যাবে। আমরা তাদের কিংবদন্তি দলে স্বাগত জানাই এবং তাদের দেখার জন্য উন্মুখ। তারা আবার দর্শকদের উন্নত বিনোদন প্রদান করে মাঠে আবার জাদু তৈরি করুক।”
লেজেন্ডস লিগ ক্রিকেটের প্রথম মরসুমে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটাররা ৩টি দলে বিভক্ত ছিল, যেখানে তাঁরা ভারত, এশিয়া এবং অবশিষ্ট বিশ্ব একাদশের প্রতিনিধিত্ব করেছিলেন। সারা বিশ্ব জুড়ে ক্রিকেট ভক্তরা দেখেছেন ক্রিকেটের কিংবদন্তিরা প্রথম মরসুমে অনবদ্য ক্রিকেট উপহার দিয়েছেন। দ্বিতীয় মরসুমটি ২০শে সেপ্টেম্বর, ২০২২ থেকে ১০ই অক্টোবর, ২০২২ পর্যন্ত খেলা হবে এবং চারটি ব্যক্তিগত মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে।
লেজেন্ডস লিগ ক্রিকেটের কমিশনার রবি শাস্ত্রী বলেছেন, “কার্নিভাল অফ লেজেন্ডস ফিরে এসেছে। বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিকেটারদের একসঙ্গে খেলতে দেখা যাবে। এই খেলোয়াড়রা তাঁদের কেরিয়ার জুড়ে ক্রিকেটে অসামান্য অবদান রেখেছেন। আমি তাদের লেজেন্ডস লিগ ক্রিকেটের দ্বিতীয় মরসুমে খেলা দেখার অপেক্ষায় আছি।”