ভারতের ম্যাচের সময়সূচীর দিকে আঙুল সাইমন ডুলের, তাঁর মতে উৎসবের মরসুম ভারতের সূচীকে প্রভাবিত করেছে

পাকিস্তান ম্যাচের পর দীর্ঘ এক সপ্তাহের বিরতির পর দ্বিতীয় ম্যাচ ছিল ভারতের

Simon Doull
Simon Doull. (Photo by Michael Steele-ICC/ICC via Getty Images)

প্রাক্তন নিউজিল্যান্ড ক্রিকেটার এবং উল্লেখযোগ্য সম্প্রচারক সাইমন ডুল টিম ইন্ডিয়ার ম্যাচের সময়সূচী সম্পর্কে মন্তব্য করেছেন। তাঁর মনে হয়েছে ভারতে পালিত উৎসব এবং সেই সংক্রান্ত ছুটির কথা মাথায় রেখে সূচী নির্ধারণ করা হয়েছিল, এবং এই সূচী তৈরীর পিছনে অহংকারের আভাসও পেয়েছেন তিনি। 

মেন ইন ব্লু ২৪শে অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু করে। তারপরের ম্যাচটি এক সপ্তাহ পরের রবিবারে রাখা হয়েছিল নিউজিল্যান্ডের বিপক্ষে। 

ডুল উল্লেখ করেছেন যে টুর্নামেন্টে ভারতের প্রথম প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানকে রাখার সময়সূচী ঠিক ছিল। তবে, তিনি মনে করেন যে নামিবিয়ার পরিবর্তে নিউজিল্যান্ড ভারতের শেষ প্রতিপক্ষ হওয়া উচিত ছিল।

ক্রিকবাজের সাথে কথা বলার সময়, ডুল বলেছেন, “আমি জানি না নির্দয় না হয়ে কথাটা বলব, তবে আমার মনে হয় সময়সূচী তৈরীর ব্যাপারে একটি চাপা অহংকার ছিল। সম্প্রচারকদের সাথে সাথে আইসিসিও এটাই চেয়েছিল। দীপাবলি এবং সেই সংলগ্ন ছুটির দিনগুলিকে কাজে লাগিয়ে ভারতের ম্যাচগুলি ফেলেছিল। তারা চেয়েছিল উৎসবের মরসুমের সেরা সময়ে ভারতের ম্যাচগুলি সম্প্রচার করতে।” 

তিনি আরও জোড়েন, “পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ হওয়াটা যথাযথ ছিল। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটা গ্রুপ পর্বের শেশ ম্যাচ হওয়া উচিত ছিল। এমন হওয়া উচিত ছিল যে নিউজিল্যান্ড ও ভারত একে অপরের বিরুদ্ধে লড়ছে সেমিফাইনালে জায়গা পাওয়ার জন্য।” 

পাকিস্তান ম্যাচের পর দীর্ঘ এক সপ্তাহের বিরতির পর নিউজিল্যান্ড ম্যাচ থাকায় সরব হয়েছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলিও। ভারত তাদের দ্বিতীয় ম্যাচ খেলার আগে অন্যান্য বেশ কিছু দলের তৃতীয় ম্যাচও খেলা হয়ে গিয়েছিল। 

ভারত জানে তারা তাদের সেরা ক্রিকেট খেলতে পারেনি: দীনেশ কার্তিক

টিম ইন্ডিয়া টুর্নামেন্টের শেষ পর্যায়ে এসে তিনটি বড় জয় তুলে নিয়েছে। তারা আফগানিস্তান, স্কটল্যান্ড এবং নামিবিয়াকে ব্যাপক ব্যবধানে হারায়। কিন্তু গ্রুপ পর্বের শেষ ম্যাচে নামিবিয়ার মুখোমুখি হওয়ার আগেই তাদের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল। তখন আর তাদের পক্ষে সেমিফাইনালে যাওয়ার আর কোন সুযোগ ছিল না। 

দীনেশ কার্তিকের মনে হয়েছে ভারতের ম্যাচের সময়সূচী যা ছিল তার যদি উল্টোটা হত তবে ভালো হত। হেভিওয়েটদের মুখোমুখি হওয়ার আগে গ্রুপের তথাকথিত দুর্বল দলগুলির বিরুদ্ধে আগে খেললে অন্য পরিণতি হতে পারত।

ক্রিকবাজের সাথে কথা বলতে গিয়ে কার্তিক বলেছেন, “আমাদের প্রতিভা বিবেচনা করে প্রত্যেকে মনে করেছিল পাকিস্তানকে আমরা উড়িয়ে দেব। হারার পর অনেকে অনেক কিছু বলতে পারে, কিন্তু দিনের শেষে, ভারত জানে তারা তাদের সেরা ক্রিকেট খেলতে পারেনি। যে তিনটি ম্যাচ দিয়ে ভারত শেষ করল, সেগুলো দিয়ে শুরু করলে অনেক আত্মবিশ্বাস নিয়ে বাকি দুটো ম্যাচে নামতে পারত। কিন্তু এটাই বিশ্বকাপের মতো একটি টুর্নামেন্টের সৌন্দর্য, এখানে আগাম কোন কিছু ভেবে রাখা যায় না।”  

close whatsapp