নিলামের মঞ্চে শাহরুখের পুত্র-কন্যা, পাশাপাশি দেখা গেল আরিয়ান ও সুহানাকে
কেকেআর সিইও ভেঙ্কি মাইসোরের সঙ্গে কথা বলার সময় ক্যামেরাবন্দী আরিয়ান
আপডেট করা - Feb 12, 2022 10:48 am

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মেগা নিলাম ১২ ও ১৩ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এবং সমস্ত দল টুর্নামেন্টের ১৫তম সংস্করণের আগে তাদের স্কোয়াডগুলিকে শক্তিশালী করার জন্য পুরোদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে৷ মেগা নিলামের জন্য মোট ৫৯০ জন্য খেলোয়াড় চূড়ান্ত তালিকায় জায়গা করে নিয়েছেন। যদিও এঁদের মধ্যে অর্ধেকেরও বেশী সংখ্যক অবিক্রিত থেকে যাবেন।
নিলামের আগে নিলাম সংক্রান্ত সমস্ত নিয়মাবলী বুঝিয়ে দেওয়ার জন্য দশটি ফ্র্যাঞ্চাইজিকে একটি ব্রিফিংয়ের জন্য ডাকা হয়েছিল। সেখানেই বলিউডের বাদশা অভিনেতা শাহরুখ খানের দুই সন্তান, আরিয়ান খান ও সুহানা খানকে, আইপিএল নিলাম ব্রিফিংয়ের সময় দেখা গেছে এবং এই জুটির ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় পলকের মধ্যেই ভাইরাল হয়ে যায়। উল্লেখ্য শাহরুখ খান আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) অন্যতম কর্ণধার।
আরিয়ান খান এবং কলকাতা নাইট রাইডার্সের সিইও ভেঙ্কি মাইসোরকে একে অপরের সাথে আলোচনা করতে দেখা যায়। একটি টুইট এরকম একটি ক্যাপশন লিখে পোস্ট করা হয় “আইপিএল নিলামে আরিয়ান খান এবং তিনি এখন সুহানা খানের সঙ্গে। কলকাতা নাইট রাইডার্স এইবার.. করবো লড়বো জিতবো রে।” সেই টুইটেই শাহরুখ খানের সন্তানদের ছবি দেখতে পারেন।
#AryanKhan & With Now #Suhanakhan at IPL auction 🙌 @KKRiders This time .." KORBO LORBO JEETBO Re!🔥"#TATAIPLAuction
https://t.co/9XnQ5FiwLv— Chak De! 🇮🇳 (@Captainanjan) February 11, 2022
মেগা নিলামের আগে প্লেয়ার রিটেনশন নীতির ব্যবহার করে কেকেআর মোট চার ক্রিকেটারকে ধরে রেখেছে
মেগা নিলামের আগে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ৪ খেলোয়াড়কে ধরে রেখেছে। যে চার ক্রিকেটারকে ধরে রাখা হয়েছে তাঁদের মধ্যে দুজন বিদেশী এবং দুজন ভারতীয়। ধরে রাখা ক্রিকেটাররা হলেন অলরাউন্ডার আন্দ্রে রাসেল ও ভেঙ্কটেশ আইয়ার এবং রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী ও সুনীল নারিন।
রাসেল দলের সবচেয়ে দামী ধরে রাখা খেলোয়াড়। তিনি বার্ষিক ১২ কোটি টাকার বেতনে চুক্তিবদ্ধ। রহস্য স্পিনার বরুণ চক্রবর্তীকে ৮ কোটি টাকা দেওয়া হবে। অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ার এবং সুনীল নারিনকে যথাক্রমে ৮ কোটি এবং ৬ কোটি টাকায় চুক্তিবদ্ধ করা হয়েছে।
কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ২০২১ সালের আইপিএল সংস্করণে শুরুটা ভালো না করলেও সনহযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত দ্বিতীয় পর্বে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছিল এবং ফাইনাল অবধি পৌঁছেছিল, যেখানে এমএস ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ২৭ রানে পরাজিত হয়ে তৃতীয় আইপিএল ট্রফি হাতছাড়া করেছিল কেকেআর৷
কেকেআর ২০১২ ও ২০১৪ সালে দুইবার আইপিএল জিতেছে। তারা এখনও পর্যন্ত আইপিএলে ৬বার প্লে অফে পৌঁছেছে। আসন্ন নিলামে তারা কেমন দল করে সেদিকে সমর্থকদের দৃষ্টি থাকবে।