১৫০ কিমি বেগে বোলিংয়ের দক্ষতা তাঁরও রয়েছে, বেঙ্গালুরুকে হারিয়ে বড় বার্তা কুলদীপ সেনের

Kuldeep Sen and Sanju Samson
Kuldeep Sen and Sanju Samson. (Photo Source: IPL/BCCI)

আইপিএলের মঞ্চ থেকে বরাবরই উঠে এসেছে ভবিষ্যতের তারকারা। মঙ্গলবার রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচে তেমনই এক ভবিষ্যতের তারকার উদয়ের স্বাক্ষী হয়ে রইল সকলে। বেঙ্গালুরুর তারকাখচিত দলকে বল হাতে একাই শেষ করে দিলেন কুলদীপ সেন।  তাঁর দুর্ধর্ষ বোলিংয়ের সামনে কোনও ব্যাটারই মাথা তুলে দাঁড়াতে পারেননি  সেদিন। ম্যাচের মায়কের পুরষ্কার না পেলেও, তিনিই যে রাজস্থানের জয়ের প্রধান কান্ডারী তা বলার অপেক্ষা রাখে না। এখনও নাকি অনেক চমক বাকি রয়েছে কুলদীপের।

এবারের আইপিএলে তরুণ ক্রিকেটাররা দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন। মঙ্গলবারের পর সেই সফল তরুণদের তালিকায় নাম লিখিয়েছেন কুলদীপ সেনও। কিন্তু তাঁর লক্ষ্য নাকি এখনও সম্পূর্ণ হয়নি। বেঙ্গালুরুকে হারানোর পরই নিজের আগামী লক্ষ্য সম্বন্ধে জানিয়েছেন এই তরুণ ক্রিকেটার। আইপিএলের এই মরসুমেই ১৫০ কিমি বেগে বোলিং করতে চান তিনি। আর সেই সাফল্যের থেকে নাকি খুব একটা দূরে নেই তরুণ উঠতি ক্রিকেটার কুলদীপ সেন।

আইপিএলের মঞ্চে প্রথমবার চার উইকেট নিয়েছেন কুলদীপ সেন

এখনও পর্যন্ত এই আইপিএলে ধারাবাহিকভাবে ১৫০ কিমি বেগে বল করে গিয়েছেন উমরান মালিক। প্রতিটি ম্যাচেই তাঁর বোলিং দক্ষতার প্রশংসা শোনা গিয়েছে প্রাক্তন তেকে বিশেষজ্ঞদের মুখে। এখনও পর্যম্ত সানরাইজার্স হায়দরাবাদ যেকটা ম্যাচ খেলেছে, প্রতিটি ম্যাচেই সবচেয়ে জোরে বল করার পুরষ্কার পেয়েছেন উমরান। কিন্তু এই আইপিএলে শুধু তিনি নন, আরও অন্যানরাও যে ১৫০ কিমি বেগে বোলিং করতে পারেন, সেটাই হয়ত এবার দেখাতে চান কুলদীপ সেন। বেঙ্গালুরু বধের পরই সেই ইঙ্গিত দিয়ে রাখলেন তিনি।

ম্যাচ শেষে কুলদীপ সেন জানিয়েছেন, “১৫০ কিমি বেগে বোলিং করার খুব  কাছেই রয়েছি আমি। জোরে বোলিং করতে আমি বেশ পছন্দই করি। বোলিং করার সময় আমি জানতাম যে লেন্থের ব্যবহার করে সাফল্য পাব। বেঙ্গালুরুর বিরুদ্ধে বোলিংয়ের সময় এর চেয়ে বেশীকিছু নিয়ে আর ভাবিনি”।

আইপিএলে এবারই অভিষেক হয়েছে কুলদীপের। মঙ্গলবার আইপিএলের মঞ্চে কেরিয়ারের সেরা বোলিং করেছেন তিনি। প্রথমবার একা চার উইকেট নিয়েছেন এই তরুণ ক্রিকেটার। ফাফ ডুপ্লেসি, গ্লেন ম্যাক্সওয়েল, ওয়ানিন্দু হাসারঙ্গাদের মতো তারকাদের সাজঘরে ফিরিয়ে রাজস্থান রয়্যালসের জয়ের রাস্তাটা তিনিই প্রশস্ত করে দিয়েছিলেন। ম্যাচ শেষে গেম চেঞ্জারের পুরষ্কারটাও গিয়েছে তাঁরই হাতে। তবে এখানেই শেষ নয়। কুলদীপ সেনের ঝুলিতে নাকি এখনও অনেক চমক বাকি রয়েছে। আইপিএলের মঞ্চে তারই প্রদর্শন করতে চান তিনি।

close whatsapp