পাঞ্জাব কিংসের বিরুদ্ধে মাত্র ২০ বলে অর্ধশতরান করলেন কাইল মেয়ার্স
আপডেট করা - Apr 28, 2023 8:55 pm

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬ তম সংস্করণের ৩৮ তম ম্যাচে কেএল রাহুলের নেতৃত্বাধীন দল লখনউ সুপার জায়ান্টাসের (এলএসজি) মুখোমুখি হয়েছে শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন দল পাঞ্জাব কিংস (পিবিকেএস)। এই ম্যাচেই মাত্র ২০ বলে অর্ধশতরান করলেন কাইল মেয়ার্স।
চোটের কারণে টানা তিনটি ম্যাচে না খেলার পর এই ম্যাচে দলে ফিরেছেন পিবিকেএসের অধিনায়ক শিখর ধাওয়ান। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন তিনি। ম্যাচের প্ৰথম ওভারের প্ৰথম বলেই কেএল রাহুলের ক্যাচ ফেলে দেন অথর্ব তাইডে। এই ক্যাচটি তিনি ধরতে পারলে আইপিএলে নিজের অভিষেক ম্যাচের প্ৰথম বলেই উইকেট নেওয়ার রেকর্ড করতে পারতেন গুরনূর ব্রার। কিন্তু এই সুযোগকে কাজে লাগাতে পারেননি এলএসজির অধিনায়ক কেএল রাহুল। তিনি ৯ বলে মাত্র ১২ রান করে কাগিসো রাবাডার বলে শাহরুখ খানের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন।
পিবিকেএসের বিরুদ্ধে ৫৪ রান করলেন কাইল মেয়ার্স
কিন্তু আরেক ওপেনার কাইল মেয়ার্স তখনও ঝোড়ো গতিতে ব্যাটিং করে যাচ্ছিলেন। তিনি ম্যাচের দ্বিতীয় ওভারে ৪টি চার মারেন। সেই ওভারে বল করছিলেন পিবিকেএস দলের অভিজ্ঞ পেসার আর্শদীপ সিং। তিনি ২৪ বলে ৫৪ রান করে আউট হন। তার এই ইনিংসে ছিল ৭টি চার এবং ৪টি ছয়। তিনি রাবাডার বলে শিখর ধাওয়ানের হাতে ক্যাচ দিয়ে আউট হন। এই মরসুমে এটি ছিল তার চতুর্থ অর্ধশতরান।
এই মরসুমে এখনও পর্যন্ত ৮টি ইনিংস খেলে ২৯৭ রান করেছেন মেয়ার্স। তার সর্বোচ্চ রান হল ৭৩। তার গড় এবং স্ট্রাইক রেট হল যথাক্রমে ৩৭.১৩ এবং ১৬০.৫৪। এই মরসুমে এলএসজির হয়ে এখনও অবধি সবথেকে বেশি রান করেছেন তিনি। এই মুহূর্তে অরেঞ্জ ক্যাপের তালিকায় সপ্তম স্থানে রয়েছেন মেয়ার্স।
এই ম্যাচে বড় স্কোর করার দিকে এগোচ্ছে লখনউ সুপার জায়ান্টাস। মাত্র ১২.২ ওভারের মধ্যেই ১৫০ রান পার করে ফেলে এলএসজি। আয়ুশ বাদোনি ২৪ বলে ৪৩ রান করে আউট হন। তার ইনিংসে ছিল ৩টি চার এবং ৩টি ছয়। তার উইকেটটি নেন লিয়াম লিভিংস্টোন। এই মুহূর্তে ক্রিজে রয়েছেন মার্কাস স্টয়নিস এবং নিকোলাস পুরান। মার্কাস স্টয়নিস ৩১ বলে অর্ধশতরান সম্পূর্ণ করেন। শেষমেশ এলএসজি কত রান করে সেটাই এখন দেখার বিষয়।