শিবম দুবের খেলার স্টাইলের সঙ্গে যুবরাজ সিংয়ের মিল খুঁজে পাচ্ছেন সঞ্জয় মঞ্জেরেকর
আপডেট করা - Apr 13, 2022 1:46 pm

এবারের আইপিএলে প্রথম ম্যাচ জিতেছে চেন্নাই সুপার কিংস। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়েই জয়ের রাস্তায় ফিরেছে চেন্নাই সুপার কিংস। আর সেই ম্যাচেই নেপথ্য নায়ক শিবম দুবে এবং রবিন উথাপ্পা। মাত্র ৫ রানের জন্য আইপিএলের প্রথম সেঞ্চুরি হাতছাড়া হয়েছে শিবম দুবের। আর তাঁর খেলা দেখেই সকলে আপ্লুত। বিশেষ করে শিবম দুবের পারফরম্যান্স নিয়ে একটু বেশীই উচ্ছ্বসিত প্রাক্তন তারকা ক্রিকেটার সঞ্জয় মঞ্জেরেকর। শিবম দুবের সঙ্গে যুবরাজ সিংয়েরই মিল খুঁজে পাচ্ছেন তিনি।
আইপিএলে পরপর চার ম্যাচ হেরে ক্রমশই পিছিয়ে পড়ছিল চেন্নাই সুপার কিংস। তাদের খেলা নিয়েও শুরু হয়েছিল সসালোচনা। এমনকি অনেকেই মনে করতে শুরু করেছিলেন যে এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের প্লেঅফে যাওয়ার সম্ভাবনাও কার্যত নেই। সেখান থেকেই বেঙ্গালুরুকে হারিয়ে ঘুরে দাঁডিয়েছে। যদিও সেই জয়ের সম্পূর্ণ কৃতিত্ব চেন্নাইয়ের দুই ব্যাটার শিবম দুবে এবং রবিন উথাপ্পার। তাদের ১৫৬ রানের পার্টনারশিপেই বিরাট রানের পাহাড় গড়ে তুলেছিল চেন্নাই সুপার কিংস।
শিবম দুবেকে যুবরাজ সিংয়ের সঙ্গে তুলনা করলেন সঞ্জয় মঞ্জেরেকর
সেখানেই বেঙ্গালুরুর বিরুদ্ধে ব্যাট হাতে দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন শিবম দুবে। হেজেলউড থেকে সিরাজ, আকাশদীপদের কার্যত নাস্তানাবুদ করেছিলেন তিনি একাই। ৪৬ বলে ৯৫ রানের ঝোরো ইনিংস খেলেছিলেন শিবম দুবে। আর সেখানেই গোটা ইনিংস জুড়ে রয়েছে ৮টি ওভার বাউন্ডারি এবং পাঁচটি বাউন্ডারি। সেই শিবম দুবের বড় শট দেখার পর থেকেই তাঁকে নিয়ে উচ্ছ্বসিত প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জেরেকর। তাঁর বড় শট খেলার দক্ষতাকে যুবরাজ সিংয়ের সঙ্গেই তুলনা করছেন তিনি।
ইএসপিএন ক্রিকইনফোতে দেওয়া এক সাক্ষাতকারে সঞ্জয় মঞ্জেরেকর জানিয়েছেন, “হেজেলউড সেইসম. ছন্দে রয়েছেন এবং বোলিংয়ে রয়েছেন। আর চেন্নাইয়ের হয়ে সেই সময় ক্রিজে রয়েছেন শিবম দুবে। সেই জায়গায় দাঁড়িয়ে তাঁর পারফরম্যন্স সত্যিই অসাধারণ। দূরপাল্লার শট খেলার দক্ষতা তাঁর মধ্যে রয়েছে। এমন দক্ষতা যুবরাজ সিংয়ের মধ্যে ছিল আর শিবম দুবের মধ্যে রয়েছে”।
৪৬ বলে ৯৫ রান করে বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচের সেরা হয়েছেন শিবম দুবে
তিনি আরও জানিয়েছেন, “ঐ দুই শট দেখেই বোঝা যায় যে তিনি শুধু বড়় শটই খেলতে পারেন না, তাঁর হাতে আরও ভালো ভালো নানান শট রয়েছে। আর সেজন্যই তাঁর এই ইনিংস অন্যান্য অনেক ইনিংসকেই ঢেকে দিতে পেরেছে”।
বেঙ্গালুরুর বিরুদ্ধে তাঁর পারফরম্যান্সের সৌজন্যে চেন্নাই সুপার কিংস শুধু জেতেইনি, শিবম দুবে নিজের জায়গাও অনেকটা ওপরের দিকে তুলে নিয়েছেন। এই ম্যাচে ৯৫ রান করে তিনি এখন অরেঞ্জ ক্যাপের দৌড়েও ঢুকে পড়েছেন। পাঁচ ম্যাচ খেলে শিবম দুবের রান এখন ২০৭। সেইসঙ্গে পাঁচ ম্যাচে তাঁর গড় রয়েছে ৫১.৭৫ এবং স্ট্রাইকরেট রয়েছে ১৭৬.৯২।