লখনউ সুপারজায়ান্টসের তুরুপের তাস নিকোলাস পুরান, মত মহম্মদ কাইফের
১৬ কোটি টাকা দিয়ে পুরানকে কিনেছে সুপারজায়ান্টস
আপডেট করা - Mar 25, 2023 12:49 pm

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে এখন আর এক সপ্তাহও বাকী নেই এবং উত্তেজনার মাত্রা শুধু ক্রিকেটারদের ক্ষেত্রেই নয়, সমর্থকদের মধ্যেও বেড়ে চলেছে। গত বছর দুটি নতুন দল যুক্ত হওয়ায় টুর্নামেন্টটি বর্ধিত হয়ে এখন ১০ দলের মধ্যে প্রতিযোগিতা হয়েছে, এবং উভয় নতুন দলই চিত্তাকর্ষক ক্রিকেট উপস্থাপন করে প্রথম আবির্ভাবেই প্লে অফে জায়গা করে নিয়েছিল।
হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাত টাইটান্স চ্যাম্পিয়ন হয়েছিল এবং কেএল রাহুলের নেতৃত্বাধীন লখনউ সুপার জায়ান্টস (এলএসজি) এলিমিনেটরে হেরে গিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে। আইপিএল ২০২৩-এর আগে লখনউয়ের ফ্র্যাঞ্চাইজি তাদের স্কোয়াডকে শক্তিশালী করার জন্য নিলামে বেশ কিছু শীর্ষ-স্তরের খেলোয়াড় কিনেছিল।
এবারের নিলামে এলএসজির সবচেয়ে দামী খেলোয়াড় ছিলেন ক্যারিবিয়ান তারকা নিকোলাস পুরান। তাঁকে কিনতে ফ্র্যাঞ্চাইজি ১৬ কোটি টাকা খরচ করেছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় পুরান তাঁর সেরা ছন্দে ছিলেন না। তবে জাতীয় দলের হয়ে অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর থেকে তিনি টি-টোয়েন্টি লিগগুলিতে দুর্দান্ত পারফর্ম করেছেন।
পুরান যদি লখনউকে ৪-৫ ম্যাচ জিতিয়ে দেয়, তবে সেটাই যথেষ্ট: মহম্মদ কাইফ
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ বিশ্বাস করেন যে নিকোলাস পুরান সুপার জায়ান্টসের হয়ে একাই খেলা পরিবর্তন করতে পারেন এবং ওপেনার হিসেবে রাহুল ও কুইন্টন ডি কক ব্যর্থ হলে পুরানের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কাইফের মতে ওয়েস্ট ইন্ডিজের উইকেটকিপার-ব্যাটারকে অতিরিক্ত দায়িত্বর বোঝা চাপিয়ে দিলে তিনি পারফর্ম করতে পারবেন না এবং এলএসজির টিম ম্যানেজমেন্ট ও অধিনায়ক রাহুলের উচিৎ পুরানকে ভালোভাবে পরিচালনা করা।
“আমি মনে করি গৌতম গম্ভীর ও কেএল রাহুলের উচিৎ পুরানকে নিজের মতো খেলার জন্য স্বাধীনতা দেওয়া কারণ এইরকম একজন খেলোয়াড়কে একটি সীমার বাইরে ঠেলে দেওয়া যায় না। এটাও আশা করা যায় না যে সে প্রতিটা ম্যাচে জেতাবে। তার জন্য যথাযথ প্রত্যাশা খাড়া করতে হবে, যেমন সে যদি এখানে ১৪-১৫টি ম্যাচ খেলতে আসে এবং যদি সে লখনউকে ৪-৫ ম্যাচ জিতিয়ে দেয়, তবে সেটাই যথেষ্ট,” কাইফ স্টার স্পোর্টসকে বলেছেন।
“যখনই পুরানের মতো একজন খেলোয়াড় তার উইকেট হারায়, আমরা মনে করি সে ভালো করতে পারেনি। কিন্তু পুরানের মতো একজন পাওয়ার-হিটারের মেন্টরিং প্রয়োজন, কাঁধের উপর হাত রেখে সমর্থন করা এবং পরবর্তী ম্যাচে তাকে স্বাভাবিক খেলা খেলতে অনুপ্রাণিত করা দরকার,” তিনি যোগ করেছেন।