ফ্যাফ ডু প্লেসিসকে অধিনায়ক হিসেবে নিয়োগ করার পিছনে কারণ জানালেন মাইক হেসন
আপডেট করা - Apr 18, 2023 10:12 pm

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫ তম সনস্করণে শেষবারের জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) হয়ে অধিনায়কত্ব করবেন বলে জানিয়েছিলেন বিরাট কোহলি। তিনি অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর পর আরসিবি এমন একজন ক্রিকেটারকে দলে নিতে চেয়েছিল যিনি অধিনায়কত্বের দায়ভার গ্রহণ করতে পারবেন। আরসিবি ২০২২ সালের নিলামে চেন্নাই সুপার কিংসকে (সিএসকে) পিছনে ফেলে ৭ কোটি টাকা দিয়ে ফ্যাফ ডু প্লেসিসকে কিনেছিল আরসিবি। এরপর ফ্যাফ ডু প্লেসিসকে তারা অধিনায়ক হিসেবে নিয়োগ করে। তার নেতৃত্বে ২০২২ সালের মরসুমে প্লেঅফসে গিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
ফ্যাফ ডু প্লেসিসকে অধিনায়ক করার পিছনে কি কারণ ছিল সেই ব্যাপারে মুখ খুলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ডিরেক্টর অফ ক্রিকেট মাইক হেসন। তিনি বলেছেন যে তারা এমন কাউকে অধিনায়ক হিসেবে নিয়োগ করতে চেয়েছিলেন যাকে ভারতীয় এবং আন্তর্জাতিক খেলোয়াড়রা শ্রদ্ধা করেন।
আরসিবি পডকাস্টে মাইক হেসন বলেন, “আমরা এমন কাউকে চেয়েছিলাম যিনি আগে আন্তর্জাতিক স্তরে অধিনায়কত্ব করেছিলেন, এমন একজনকে যাকে ভারতীয় খেলোয়াড় এবং আন্তর্জাতিক খেলোয়াড়রা শ্রদ্ধা করেন। এটি সত্যিই খুব গুরুত্বপূর্ণ ছিল কারণ আমরা এমন একজনকে চেয়েছিলাম যিনি দলকে বুঝতে বেশি সময় নেবেন না। আমরা অনুভব করেছিলাম যে আরসিবিতে আমাদের এমন একজনের প্রয়োজন যিনি সুযোগের সদ্ব্যবহার করতে পারবেন।”
“আমরা এমন একজন খেলোয়াড় চেয়েছিলাম যিনি অধিনায়কত্ব করার পাশাপাশি ব্যাটিং বিভাগকেও শক্তিশালী করবেন” – মাইক হেসন
মাইক হেসন জানিয়েছেন যে তারা এমন একজন খেলোয়াড়কে চেয়েছিলেন যিনি অধিনায়কের দায়ভার গ্রহণ করার পাশাপাশি ব্যাটিং বিভাগকেও শক্তিশালী করতে পারবেন এবং সাম্প্রতিক মরসুমগুলিতে যার রেকর্ড ভালো ছিল। ফ্যাফ ডু প্লেসিসের মধ্যে এই গুণগুলি ছিল বলে জানিয়েছেন তিনি।
মাইক হেসন বলেন, “আমরা এমন একজন খেলোয়াড় চেয়েছিলাম যিনি অধিনায়কত্ব করার পাশাপাশি ব্যাটিং বিভাগকেও শক্তিশালী করবেন। তাই সাম্প্রতিক বছরগুলিতে আইপিএলে সত্যিই ভালো রেকর্ড ছিল এমন কাউকে আমরা চেয়েছিলাম। ফ্যাফের মধ্যে এই গুণগুলি ছিল। কোচ এবং কোচিং বিভাগ তাকেই অধিনায়ক হিসেবে দেখতে চেয়েছিলেন। আমাদের দলের সিনিয়র খেলোয়াড় বিরাট, ফ্যাফ, ম্যাক্সি (গ্লেন ম্যাক্সওয়েল) এবং ডিকে (দীনেশ কার্তিক) ব্যাটিং বিভাগকে ভারসাম্যপূর্ণ করেছে। ফ্যাফ দলের খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়াতেও সাহায্য করেন। তিনি দলের প্রত্যেক খেলোয়াড়ের কাছ থেকে মতামত নেন। আমরা তাকে অধিনায়ক হিসেবে পেয়ে খুবই খুশি।”