“নির্বাচকরা জানেন তারা কি করছেন” – তিলক ভার্মা এবং সূর্যকুমার যাদবের নির্বাচনকে সমর্থন করলেন রবিচন্দ্রন অশ্বিন
আপডেট করা - Aug 23, 2023 11:27 pm

সম্প্রতি এশিয়া কাপ ২০২৩-এর জন্য ১৭ জনের দল ঘোষণা করেছে ভারত। তবে দল ঘোষণা হওয়ার পর থেকেই ভারতীয় দলের নির্বাচকদের সমালোচিত হতে হচ্ছে। কারণ অনেকেই মনে করছেন যে এই দলে যুজবেন্দ্র চাহাল, সঞ্জু স্যামসন এবং রবিচন্দ্রন অশ্বিনের থাকা উচিত ছিল।
কেএল রাহুল এখনও পুরোপুরি ফিট হননি। তার হালকা চোট রয়েছে। তবে সেটি ভয়াবহ কিছু নয়। রাহুলের ব্যাকআপ হিসেবে সঞ্জু স্যামসনের শ্রীলঙ্কায় যাওয়ার কথা ছিল। কিন্তু শেষমেশ তাকে দলে নেওয়া হয়নি। স্যামসনের নাম দলে দেখতে না পেয়ে ভারতীয় দলের সমর্থকরা নির্বাচকদের সমালোচনায় সরব হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় অনেকেই এই ব্যাপারে নিজেদের মতামত জানিয়েছেন। ওডিআইতে সঞ্জু স্যামসনের রানের গড় হল ৫৫.৭। অন্যদিকে, এই ফরম্যাটে সূর্যকুমার যাদবের রানের গড় হল ২৪.৩। সোশ্যাল মিডিয়ায় বেশিরভাগ সমর্থকরা মূলত এই বিষয়টিরই উল্লেখ করছেন।
তবে শুধুমাত্র সূর্যকুমার যাদব নয়, প্রথমবারের জন্য ওডিআই দলে ডাক পাওয়া তিলক ভার্মাকেও সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। তিলক ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজে ভালো পারফরম্যান্সের প্রদর্শন করেছিলেন। এছাড়াও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তার রেকর্ড খুব ভালো। কিন্তু একটিও একদিনের ম্যাচ না খেলা ক্রিকেটারকে এশিয়া কাপের জন্য নির্বাচিত হতে দেখে খুশি হননি সমর্থকরা। তাদের মতে তিলকের জায়গায় সঞ্জু স্যামসনের নাম দলে থাকা উচিত ছিল।
অভিজ্ঞ ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন সূর্যকুমার যাদব, তিলক ভার্মা এবং নির্বাচকদের পাশে দাঁড়িয়েছেন। যারা নির্বাচিত হওয়া খেলোয়াড়দের নিয়ে প্রশ্ন তুলছেন তাদের সমালোচনা করেছেন তিনি।
রবিচন্দ্রন অশ্বিন নিজের ইউটিউব চ্যানেলে বলেন, “নির্বাচকরা জানেন যে তারা কি করছেন। ভারতের মতো একটি বিশাল দেশে আপনি যখন একটি স্কোয়াড নির্বাচন করেন, তখন কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা থাকবেন যারা সুযোগ পাবেন না। তাই শুধুমাত্র আপনার প্রিয় খেলোয়াড় স্কোয়াডে নেই বলে অন্যদের হেয় করা উচিত নয়।”
এশিয়া কাপে নিজেদের প্ৰথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত
২রা সেপ্টেম্বর এশিয়া কাপের মঞ্চে নিজেদের প্ৰথম ম্যাচ খেলবে ভারত। সেই ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল।
এশিয়া কাপে কামব্যাক করবেন ভারতীয় দলের দুইজন গুরুত্বপূর্ণ মিডল অর্ডার ব্যাটার কেএল রাহুল এবং শ্রেয়াস আইয়ার। দুজনেই চোটের কারণে বহুদিন ভারতীয় দলের জার্সি গায়ে মাঠে নামতে পারেননি। আসন্ন টুর্নামেন্টটিতে তারা অবশ্যই চেনা ছন্দে ফিরতে চাইবেন। শেষমেশ তারা ব্যাট হাতে সফল হন কিনা সেটাই এখন দেখার বিষয়।