বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন সরণদীপ সিং
আপডেট করা - Jul 18, 2022 2:31 pm

ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলিকে। নির্বাচক থেকে টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত নিয়েই এবার প্রশ্ন তুলেছেন প্রাক্তন নির্বাচক সরণদীপ সিং। কেন বিরাট কোহলিকে বিশ্রীম দেওয়া হয়েছে সেটাই যেন বুঝে উঠতে পারছেন না তিনি। ভারতীয় দলের জার্সিতে দীর্ঘদিন ধরে নামের মধ্যে নেই বিরাট কোহলি। যা নিয়ে ক্রমশই চিন্তার ভাঁজ গাড় হচ্ছে সকলের। শুরু হয়ে সমালোচনাও। এরইমাঝে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়ায় বেশ ক্ষুব্ধ প্রাক্তন নির্বাচক সরণদীপ সিং।
এই মুহূর্তে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলছে ভারতীয় দল। প্রথম ম্যাচে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখালেও, দ্বিতীয় ম্যাচেই ইংল্যান্ডের কাছে হেরে গিয়েছে টিম ইন্ডিয়া। সেই ম্যাচেই চোট কাটিয়ে আবার দলে ফিরেছিলেন বিরাট কোহলি। কিন্তু ব্যাট হাতে বড় রান পেতে ব্যর্থ হয়েছেন তিনি। পরিস টপলের বলে সেই উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়েই সাজঘরে ফিরতে হয়েছিল তাঁকে। মাত্র ১৬ রান করতে পেরেছিলেন বিরাট কোহলি।
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে মাত্র ১৬ রান করতে পেরেছেন বিরাট কোহলি
আবার একইদিনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বোর্ড। বিরাট কোহলির আবেদনে সাড়া দিয়ে শেষপর্যন্ত তাঁকে বিশ্রাম দেওয়ারই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় দলের নির্বাচকরা। আর এমন সিদ্ধান্ত দেখার পরই হতবাক হয়ে গিয়েছেন প্রাক্তন ভারতীয় দলের নির্বাচক সরণদীপ সিং। তাঁর মতে বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া হলেও, তিনি যে ফর্মে ফিরতে পারবেন তা নিশ্চিত নয়।
এই প্রসঙ্গে সরণদীপ সিং জানিয়েছেন, “আমি বুঝতে পারছি মা যে এই মুহূর্তে হঠাত্ই বিশ্রামের অর্থটা কী। যদি কেউ শতরান করে তারপরে তাঁকে বিশ্রাম দেওয়ার কথা আসতে পারে। তিনি যদি টানা তিন থেকে চার মাস খেলতেন এবং সেইসঙ্গে ৪ থেকে ৫টা সেঞ্চুরী থাকত, তবে বিরাট কোহলির বিশ্রাম চাওয়াটা মানাত। আর সেই পরিস্থিতিতে তিনি বিশ্রাম চাইতেও পারতেন”।
আইপিএলের পরই ভারতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বোর্ডের তরফে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলেননি তিনি। একেবারে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচেই ফিরেছিলেন বিরাট কোহলি। কিন্তু সেই ম্যাচেও চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন তিনি। দুই ইনিংস মিলিয়ে বিরাট কোহলি করেছিলেন মাত্র ৩১ রান। প্রথম ইনিংসে ১১ রান করতে পেরেছিলেন বিরাট কোহলি। দ্বিতীয় ইনিংসে মাত্র ২০ রান করেই সাজঘরে ফিরেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক।
আইপিএলের মঞ্চেও এবার চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন তিনি। সেই পরিস্থিতিতে বিরাট কোহলিকে ফের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্তকে সমর্থন করতে পারছেন না সরণদীপ সিং। তাঁর মতে বিরাট কোহলির ফর্মে ফেরা কখনোই বিশ্রামের ওপর নির্ভর করতে পারে না।