দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০তে ভুবনেশ্বরই হবেন নির্ভরযোগ্য ডেথ বোলার, মত মাঞ্জরেকরের
তাঁর মতে তিন সিমারের সঙ্গে হার্দিককে দেখা যাবে পেস বোলিং বিকল্প হিসেবে
আপডেট করা - Jun 8, 2022 1:11 pm

প্রাক্তন ভারতীয় ব্যাটার সঞ্জয় মাঞ্জরেকর মনে করেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভুবনেশ্বর কুমারকে বেশী সুযোগ দেওয়া উচিত। প্রোটিয়াদের বিরুদ্ধে পাঁচটি টি-টোয়েন্টির জন্য ১৮ সদস্যের ভারতীয় দলে ভুবনেশ্বর পাঁচজন সিমারের মধ্যে রয়েছেন। বাকি পেসাররা হলেন হর্ষল প্যাটেল, আভেশ খান, উমরান মালিক ও অর্শদীপ সিং।
স্পোর্টস ১৮-এ একটি আলোচনা চলাকালীন, মাঞ্জরেকরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কোন সিমার দক্ষিণ আফ্রিকানদের বিরুদ্ধে বেশি ম্যাচ পেতে পারে। তিনি উত্তর দেন, “অনেক প্রার্থী আছে। ভুবনেশ্বর খুব ভালো, তিনি দেখিয়েছেন যে তিনি বেশ নির্ভরযোগ্য ডেথ বোলার, ডেথ ওভারের সময় ভারতের কাউকে দরকার। ভুবনেশ্বর কুমারের খেলার সম্ভাবনা আছে। এ ছাড়া অন্যান্য উত্তেজনাপূর্ণ বিকল্পও রয়েছে।”
যদিও, ক্রিকেটার থেকে বিশ্লেষকে পরিণত হওয়া সঞ্জয় যোগ করেছেন যে টিম ইন্ডিয়ার যে সিমারই বাছাই করুক না কেন একটি শক্তিশালী পেস আক্রমণ থাকবে। মাঞ্জরেকর বিস্তারিত বলেছেন, “আভেশ খান আরেকজন ভালো প্রার্থী, সেখানে হর্ষল প্যাটেল আছে, আছে অর্শদীপ সিং। তাই সেই জায়গাগুলির জন্য একটি সত্যিকারের লড়াই হতে চলেছে। ভারত তাদের চতুর্থ বিকল্প হিসাবে হার্দিক পান্ডিয়ার সাথে তিনজন প্রকৃত সিম বোলার নিয়ে নামবে। যাকেই বাছাই করা হোক মান ভালোই হতে চলেছে।”
মিডল ওভারে উমরান মালিকের উইকেট নেওয়ার ক্ষমতার প্রশংসা করেছেন মাঞ্জরেকর
জসপ্রিত বুমরাহ সম্ভবত ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে পেসার হিসেবে একমাত্র নিশ্চিত বাছাই। দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজের জন্য বেছে নেওয়া পাঁচজন সিমারই নিজেদের ছাপ ফেলতে এবং বৈশ্বিক ইভেন্টের জন্য ভারতীয় দলে জায়গা পাওয়ার জন্য তাদের দাবি দাখিল করার আশা করবে।
মাঞ্জরেকরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে নির্বাচকরা উমরানকে নিয়ে কী ভাবছেন। তাঁর জবাব, “তিনি স্কোয়াডে আছেন, তিনি হয়তো কয়েকটি ম্যাচ খেলতে পারেন কিন্তু দ্বিপাক্ষিক ম্যাচের কথা কে ভাবে। আইসিসি ইভেন্টের কথা ভেবে তাঁরা (নির্বাচকরা) ভাব্তে পারেন যে উমরানকে সুযোগ দেওয়া একটু তাড়াতাড়ি হয়ে যাবে কিনা।”
৫৬ বছর বয়সী ধারাভাষ্যকার পেস বোলার হিসাবে উমরানের অনন্য বৈশিষ্ট্যটি চিহ্নিত করেছেন। মাঞ্জরেকর পর্যবেক্ষণ করেছেন, “উমরান মালিকের সবচেয়ে ভালো ব্যাপার হল যে তিনি আপনাকে মিডল ওভারে উইকেট দেন, খুব কম ফাস্ট বোলারই এটি করতে পারেন। ভারতের কাছে যদি এমন স্পিনার থাকে যারা মাঝখানে উইকেট পাচ্ছে না, তখনই উমরান আসবে।”