রুতুরাজ গায়কোয়াড়কে আরও একটা সুযোগ দেওয়া উচিত্ বলেই মনে করেন সঞ্জয় বাঙ্গার
আপডেট করা - Jun 13, 2022 2:00 pm

ঘরের মাঠে পরপর দুই ম্যাচে হার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজেে টিকে থাকাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ভারতের সামনে। মঙ্গলবার বিশাখাপত্তনমে মরণ-বাঁচন ম্যাচে নামবে টিম ইন্ডিয়া। সিরিজ জয়ের আশা জাগিয়ে রাখতে হলে এই ম্যাচে জয় ছাড়া কোনও উপায় নেই। আর সেই লক্ষ্যে যে ভারতীয় দলে বেশকিছু জায়গায় পরিবর্তন আসতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না। এমন পরিস্থিতিতে টিম ম্যানেজমেন্টের নজরে কিন্তু রুতুরাজ গেয়কোয়াড়ও রয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়েই তাঁকে আরও একটি সুযোগ দেওয়ার আর্জি সঞ্জয় বাঙ্গারের।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টিটোয়েন্টি সিরিজে দলের সেরা তারকাদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন নির্বাচকরা। তরুণ ক্রিকেটারদেরই দেখে নিতে চেয়েছিলেন তারা। কিন্তু পরপর দুই ম্যাচেই ভারতীয় দলের ক্রিকেটাররা কিন্তু চূড়ান্ত ব্যর্থ হয়েছে। প্রথম ম্যাচে যদি বোলাররা ব্যর্থ হন, তব্ দ্বিতীয় ম্যাচে ভারতের হারের প্রধান কারণ তাদের ব্যাটিং ব্যর্থতা। ঘুরে দাঁড়াতে হলে বিশাখাপত্তনম ম্যাচ জিততেই হবে টিম ইন্ডিয়াকে। এমন পরিস্থিতিতে দলে কয়েকটি পরিবর্তনও আসতে পারে।
কটকে দ্বিতীয় ম্যাচে মাত্র ১ রানে আউট হয়েছেন রুতুরাজ গায়কোয়াড়
লোকেশ রাহুল ছিটকে যাওয়ায় ঈশান কিষাণের সঙ্গে ওপেনিংসে সুযোগ পেয়েছিলেন রুতুরাজ গায়কোয়াড়। কিন্তু নিজের পারফরম্যান্স দেখাতে ব্যর্থই হয়েছেন তিনি। প্রোটিয়াদের বিরুদ্ধে পরপর দুই ম্যাচেই ব্যট হাতে রান পাননি রুতুরাজ গায়কোয়াড়। বিশাখাপত্তনমে তাঁর সুযোগ পাওয়া নিয়ে যে সংশয় দেখা দিয়েছে , বেশ স্পষ্ট। যদিও সঞ্জয় বাঙ্গার অবশ্য রুতুরাজ গায়কোয়াড়ের পাশেই দাঁড়াচ্ছেন। তাঁর মতে বিশাখাপত্তনমেও রুতুরাজ গায়কোয়াড়কে একটা সুযোগ দেওয়া উচিত্।
স্টার স্পোর্টসে সঞ্জয় বাঙ্গার জানিয়েছেন, আমার মনে হয় রুতুরাজ গায়কোয়াড়কে আরও একটা সুযোগ এখনও দেওয়া উচিত্। যদিও তাঁর ব্যাটিং দেখে আমিও খানিকটা হতবাকও হয়েছি। যে ধরণের লেন্থের শট তিনি খেলেছিলেন, সেটা আদৌ দরকার ছিল কিনা তা নিয়ে সংশয় একটা রয়েই যায়। তবে মনে হয় তিনি বোধহয় সেই শট খেলার জন্য আগে থেকেই মানসিকভাবে তৈরি হয়েছিলেন।
ভারতীয় দলের হয়ে এখনও পর্যন্ত রুতুরাজ গায়কোয়াড় নিজের পারফরম্যান্স প্রদর্শন করতে ব্যর্থই হয়েছেন। দেশের জার্সিতে পাঁচটি ম্যাচ খেলা হয়ে গেলেও, বড় রান পেতে ব্যর্থই হয়েছেন রুতুরাজ। এখনও পর্যন্ত ভারতের হয়ে সর্বোচ্চ রান করেছেন তিনি ২৩। দিল্লিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টিতে সেই রান করেছিলেন রুতুরাজ গায়কোয়াড়।
দেশের জার্সিতে রুতুরাজের পারফরম্যান্স
২১ রান বনাম শ্রীলঙ্কা (২০২১)
১৪ রান বনাম শ্রীলঙ্কা (২০২১)
৪ রান বনাম ওয়েস্ট ইন্ডিজ (২০২২)
২৩ রান বনাম দক্ষিণ আফ্রিকা (২০২২)
১ রান বনাম দক্ষিণ আফ্রিকা (২০২২)
ভারতের হয়ে পাঁচ ম্যাচ খেলে এখনও পর্যন্ত মাত্র ৬৩ রানই করতে পেরেছেন রুতুরাজ গায়কোয়াড়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরপর দুই ম্যাচেই ব্যাট হাতে বড় রান পেতেও ব্যর্থ হয়েছেন তিনি। পাওয়ার প্লে-তে তাঁর থেকে যে আরও বেশী রান টিম ম্যানেজমেন্ট প্রত্যাশা করে তা বলার অপেক্ষা রাখে না। বিশাখাপত্তনম ম্যাচে সঞ্জয় বাঙ্গার তাঁকে দলে রাখার পরামর্শ দিলেও, টিম ম্যানেজমেন্ট কী সিদ্ধান্ত নেয় সেদিকেই তাকিয়ে সকলে।