টি টোয়েন্টি সিরিজ চলার মাঝে শ্রেয়সকে অলরাউন্ডার হওয়ার বার্তা রোহিত শর্মার
আপডেট করা - Feb 17, 2022 7:47 pm

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পরপর দুটো টি টোয়েন্টি ম্যাচেই কী সুযোগ পাবেন না শ্রেয়স আইয়ার। ব্যাটিংয়ের পাশাপাশি এবার শ্রেয়সকে বোলারও হতে হবে। রোহিত শর্মার কথার ইঙ্গিত তো অন্তত তেমনই। আর তাতেই ভারতীয় ক্রিকেট মহল জুড়ে শুরু হয়ে গিয়েছে নানান জল্পনা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচে জয়ের পরই শ্রেয়স আইয়ারকে না খেলানোর প্রসঙ্গ ওঠে। আর সেখানেই এমন এক মন্তব্য রোহিত শর্মার। মিডল অর্ডারে তারা একজন অলরাউন্ডারকে খেলাতে চান। সেজন্যই নাকি শ্রেয়সকে না খেলানোর সিদ্ধান্ত হয়েছিল।
বুধবার ম্যাচ শুরুর ঠিক কয়েক ঘন্টা আগে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক নির্বাচিত হন শ্রেয়স আইয়ার। সেই থেকেই তাঁকে ঘিরে দেখা দিয়েছিল উচ্ছ্বাস। অপেক্ষা ছিল ভারতীয় দলের জার্সিতে নামার পর শ্রেয়সের পারফরম্যান্স দেখার। কিন্তু প্রথম একাদশ দেখার পরই খানিকটা চমকে উঠেছিলেন সকলে। প্রথম একাদশে ছিলেন না শ্রেয়স আইয়ার।
করোনার কারণে একদিনের ক্রিকেটে দেখা যায়নি শ্রেয়স আইয়ারকে। টি টোয়েন্টির আগে অবশ্য তিনি পুরোপুরি ফিট হয়ে গিয়েছেন। এই ম্যাচে ভারতীয় দলের মিডল অর্ডারে তাঁকেই দেখার সম্ভাবনা ছিল। কিন্তু শ্রেয়স দলে ছিলেন না। আর ম্যাচ শেষেই তাঁর অনুপস্থিতির কারণ জানিয়েছেন রোহিত শর্মা। আর তাতে জল্পনা তো বাড়ারই কথা। ভারতীয় দল তাদের মিডল অর্ডারে এমন একজনকে চাইছে যে বোলিংও করতে পারবে। আর সেই কথা মাথায় রেখেই শ্রেয়সকে না খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে এখন প্রশ্ন উঠছে প্রথম একাদশে নিজের জায়গা পাকা করতে শ্রেয়স আইয়ারকে কী এবার বোলিংও করতে হবে। রোহিত শর্মা কী শ্রেয়সকে বোলিং করারই বার্তা দিচ্ছেন। যদিও সেভাবে স্পষ্ট নয়। রোহিত শর্মা ম্যাচ শেষে জানিয়েছিলেন, আমরা শ্রেয়সের সঙ্গে সরাসরি কথা বলেছি এবং ওঁকে জানিয়েছি যে বিশ্বকাপের জন্য মিডল অর্ডারে একজন অল রাউন্ডারের দরকার।
শ্রেয়স আইয়ারের উদ্দেশ্যে বিশেষ বার্তা রোহিতের, মিডল অর্ডারে তাদের প্রয়োজন অল রাউন্ডারের
তিনি আরও বলেন, শ্রেয়স আইয়ারের মতো কোনও ক্রিকেটার প্রথম একাদশে না থাকাটা খুবই হতাশাজনক ব্যপার। কিন্তু দলের স্বার্থে যা প্রয়োজন সেটাই করতে হবে আমাদের। এই মুহূর্তে মিডল অর্ডারে আমাদের এমন একজনকে চাই যিনি বল করতে পারবেন।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচে শ্রেয়স আইয়ারের পরিবর্তে ভারতীয় দলের হয়ে খেলেছেন ভেঙ্কটেশ আইয়ার। ব্যাটিংয়ের পাশাপাশি দলের প্রয়োজনে বোলিংও করার দক্ষতা রয়েছে তাঁর। আর সেজন্যই হয়ত শ্রেয়সের থেকে আগে তাঁকেই দলে রাখার কথা ভেবেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে মিডল অর্ডারে এই মুহূর্তে শ্রেয়স আইয়ারের দুরন্ত পারফরম্যান্স। যদিও বল হাতে সেভাবে কখনও তাঁকে তেমনভাবে দেখা যায়নি।
কিন্তু রোহিতের যা বার্তা তাতে তো ব্যাটিংয়ের পাশাপাশি এবার বোলিংয়েও মন দিতে হবে শ্রেয়স আইয়ারকে। এখন শুধু এটাই দেখার শ্রেয়স শুধুমাত্র ব্যাটার নাকি দলের প্রয়োজনে নিজেকে বোলার হিসাবেও তৈরি করেন।