অধিনায়ক হিসেবে রোহিত বোলারদের অনেক স্বাধীনতা দেন, বলেছেন ভারতীয় দলে নতুন আসা হর্ষল প্যাটেল
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজের দলে আছেন হর্ষল
আপডেট করা - Feb 4, 2022 1:02 pm

আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২১-এর সমাপ্তির পরে বিরাট কোহলি অধিনায়কত্ব ত্যাগ করার পরে রোহিত শর্মাকে টিম ইন্ডিয়ার টি-২০ অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছিল। সংক্ষিপ্ততম ফর্ম্যাটে রোহিতের অধিনায়কত্বের সূচনা সফলভাবে হয়েছে, নভেম্বরে ভারত ঘরের মাঠে নিউজিল্যান্ডকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল। সম্প্রতি সেই সিরিজে ভারতীয় দলের হয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া পেসার হর্ষল প্যাটেল রোহিতের নেতৃত্বের ক্ষমতা বর্ণনা করেছেন।
হর্ষল বলেছেন যে রোহিত বোলারদের স্বাধীনতা দেন এবং পারফর্ম করার জন্য বোলারদের প্রতি পূর্ণ বিশ্বাস দেখান। প্রাক্তন আরসিবি ক্রিকেটারকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন ঘরোয়া টি-২০ সিরিজের জন্য ভারতীয় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। আইপিএল ২০২১-এ সর্বাধিক উইকেট নেওয়ার জন্য তিনি পার্পল ক্যাপ জিতেছিলেন।
রোহিত শর্মা খুব হালকা মেজাজের, বলেছেন হর্ষল প্যাটেল
“তিনি [রোহিত শর্মা] আপনার হাতে বলটা তুলে দেবেন এবং আপনার উপর যদি তাঁর আস্থা থাকে, তবে কী করতে হবে সে সম্পর্কে তিনি কিছু বলবেন না। ‘তুমি জানো কী করতে হবে, শুধু যাও এবং পারফর্ম করো’। রোহিত এরকমই একজন অধিনায়ক এবং আমি সত্যিই এই ধরণের অধিনায়কদের অধীনে খেলা উপভোগ করি,” স্টার স্পোর্টস শো ফলো দ্য ব্লুজ-এ কথা বলার সময় হর্ষল প্যাটেল বলেছেন।
“আমার পরিকল্পনা আছে – প্ল্যান এ, বি, সি – তাই আমি রান দিলেও আমি জানি কী করতে হবে। আমি বাইরের থেকে বেশী উপদেশ পছন্দ করি না এবং তিনি একজন অধিনায়ক হিসাবে ঠিক এই ধরনের ব্যক্তিত্বের সাথে খাপ খেয়ে যান। তিনি খুব হালকা মেজাজের এবং তিনি আপনাকে স্বাধীনতা দেন”, ৩১ বছর বয়সী যোগ করেছেন।
হর্ষল প্যাটেল তাঁর অভিষেক সিরিজে কিউইদের বিপক্ষে শেষ দুটি ম্যাচে খেলেন এবং চারটি উইকেট নিয়ে সিরিজ শেষ করেন। ডিসেম্বরে কোহলিকে পদ থেকে বরখাস্ত করার পর রোহিত শর্মাকে ওয়ানডে অধিনায়ক হিসেবেও বেছে নেওয়া হয়েছে। গত মাসে কোহলি টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পরে, রোহিত লাল বলের ক্রিকেটেও ভারতকে নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে।
ওপেনিং ব্যাটার চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পারননি এবং ৬ই ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সীমিত ওভারের সিরিজে মেন ইন ব্লু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে।