কেন কেএল রাহুল প্রথম ওডিআইতে নেই, প্রকাশ্যে এল কারণ

৯ই ফেব্রুয়ারি দ্বিতীয় ওডিআই থেকে খেলবেন রাহুল

KL Rahul
KL Rahul. (Photo by Pankaj Nangia/Getty Images)

আহমেদাবাদে ৬ই ফেব্রুয়ারি থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজ দিয়ে টিম ইন্ডিয়া তাদের ঘরোয়া মরসুম শুরু করবে। নির্বাচকরা গত মাসে সিরিজের জন্য একটি শক্তিশালী ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিলেন এবং জানিয়েছিলেন সহ-অধিনায়ক হিসেবে নির্বাচিত হওয়া কেএল রাহুলকে তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডে থেকে পাওয়া যাবে। অনেকেই মনে করেছিলেন, ব্যস্ত দক্ষিণ আফ্রিকা সফর থেকে ফেরার পর তাঁকে একটু বেশি বিশ্রাম দেওয়া হচ্ছে। 

তবে, এখন জানা গেছে যে কেএল রাহুল তাঁর বোনের বিয়েতে যোগ দেওয়ার জন্য প্রথম ওডিআইয়ে থাকবেন না। তিনজন খেলোয়াড় – শিখর ধাওয়ান, রুতুরাজ গায়কোয়াড় এবং শ্রেয়াস আইয়ার – কোভিড-১৯ পজিটিভ হওয়ায় রাহুলকে সিরিজের উদ্বোধনী ম্যাচে খেলার জন্য দলে ডাকার সম্ভাবনা ছিল। কিন্তু রাহুল তাঁর বোনের বিয়েতে ব্যস্ত থাকায় এখন নিশ্চিত হওয়া গেছে যে তাঁকে দ্বিতীয় ওয়ানডে থেকে পাওয়া যাবে।  

ইএসপিএনক্রিকইনফো ২৯ বছর বয়সী রাহুলের তিন ম্যাচের প্রথমটি থেকে অনুপস্থিত হওয়ার সঠিক কারণটি জানালেও তাঁর বোনের বিয়ের তারিখ কবে তা এখনও জানা যায়নি। ৯ই ফেব্রুয়ারি সিরিজের দ্বিতীয় ওডিআইয়ে কেএল রাহুল খেলতে পারবেন এবং তিন দিনের বাধ্যতামূলক আইসোলেশনের সময়কাল সম্পূর্ণ করতে রবিবার (৬ই ফেব্রুয়ারি)-এর মধ্যে টিম ইন্ডিয়ার সঙ্গে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। 

ভারতের মূল স্কোয়াড থেকে মাত্র ৫জন ব্যাটার সুস্থ আছেন

ভারতীয় শিবিরে কোভিডের প্রাদুর্ভাবের পরে, ঘোষিত মূল স্কোয়াড থেকে স্বাগতিকদের এখন মাত্র পাঁচজন ব্যাটার বাকি রয়েছে যাঁরা প্রথম ওয়ানডেতে নামার মতো অবস্থায় আছেন। রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত এবং অলরাউন্ডার দীপক হুডা এখন প্রথম একাদশের হয়ে নামতে পারবেন। বুধবার (২রা ফেব্রুয়ারি) রাতে মায়াঙ্ক আগরওয়ালকে দলে যোগ করা হয়েছিল এবং বৃহস্পতিবার তিনি আহমেদাবাদে পৌঁছবেন বলে আশা করা হচ্ছে।

ব্যাটারদের অভাবের কারণে, প্রথম ওয়ানডেতেই মায়াঙ্ক খেলতে পারেন এবং অধিনায়ক রোহিতের সাথে ইনিংস ওপেন করতে পারেন। তিনজন সদস্যের কোভিডের কারণে দীপক হুডার সামনে এখন একটি ভালো সুযোগ এসে গেছে। স্কোয়াডে নাম থাকলেও হুডা হয়তো তৎক্ষণাৎ প্রথম একাদশে ঢুকে পড়তে পারতেন না, কারণ স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে ওয়াশিংটন সুন্দর আছেন। কিন্তু ব্যাটারদের অভাবে হুডাকে হয়তো প্রথম ওয়ানডেতেই অভিষেক করতে দেখা যেতে পারে। 

close whatsapp