দ্বিতীয় ম্যাচে দল যে পজিশনে চাইবে সেখানেই খেলতে প্রস্তুত সূর্যকুমার যাদব
আপডেট করা - Feb 8, 2022 8:32 pm

দ্বিতীয় একদিনের ম্যাচে নামার আগে প্রস্তুত সূর্যকুমার যাদব। ভারতীয় দলের প্রয়োজনে যেকোনও পজিশনে ব্যাট করতে তৈরি রয়েছেন ভারতীয় দলের এই তারকা ক্রিকটার। পাঁচ নম্ব হোক কী ছ নম্বর পজিশনে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দল যে জায়গায় তাঁকে খেলাতে চাইবে, সেই জায়গাতেই নিজের একশো শতাংশো দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন এই তরুণ তারকা ক্রিকেটার। বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জিততে পারলেই বছরের প্রথম একদিনের সিরিজ পকেটে পুরবে টিম ইন্ডিয়া।
প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুর্ধর্ষ বোলিং পারফরম্যান্স প্রদর্শন করেছিল ভারত। যুজবেন্দ্র চাহালের স্পিনে বেসামাল হয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে ব্যাটিংয়ে সেরকম ছন্দ দেখাতে পারেনি ভারতীয় দলের ব্যাটাররা। মিডল অর্ডার সেই ম্যাচেও ব্যর্থ হয়েছিল। সেখানেই পাঁচ নম্বরে নেমে সূর্যকুমার যাদব হাল না ধরলে, জয় পেতে বেশ কষ্টই হয়ত টিম ইন্ডিয়ার। তাঁর বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়েই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিল ভারত।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন সূর্যকুমার যাদব। সেখানেই তিনি জানান, “আমি সবসময়ই প্রস্তুত রয়েছি। টিম ম্যানেজমেন্ট আমাকে যেখানেই ব্যাটিং করাতে চায় আমি প্রস্তুত রয়েছি তার জন্য। অবশ্যই আমি এর আগে তিন, চার নম্বর পজিশনে ব্যাটিং করেছি। যেকোনও পজিশনে খেলার জন্যই এখন আমি প্রস্তুত রয়েছি”।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে যেকোনও পজিশনে ব্যাটিংয়ের জন্য প্রস্তুত রয়েছেন সূর্যকুমার যাদব
আহমেদাবাদে প্রথম ম্যাচ জিতে শুরুটা বেশ ভালভাবেই করেছে ভারত। ব্যাটিংয়ে প্রথম ম্যাচে খানিকটা সমস্যা থাকলেও, দ্বিতীয় ম্যাচে নামার আগে যথেষ্ট আত্মবিশ্বাসী রয়েছে ভারতীয় দল। এই ম্যাচে ব্যাটিং পজিশন বদলে সূর্য কুমার যাদবকে যদি ঋষভ পন্থকে খেলানো হয় তবে হয়ত অবাক হওয়ার মতো কিছু থাকবে না। যদিও দলের প্রথম একাদশ কিংবা ব্যাটিং পজিশন নিয়ে মুখ খুলতে চাননি তিনি।
প্রথম ম্যাচ জয়ের পর এই ম্যাচেও সেই ধারাটা ধরে রাখতে চান তিনি। গত ম্যাচে যেভাবে খেলেছেন তিনি, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেই সেভাবেই নিজের পারফরম্যান্স দেখাতে চান সূর্যকুমার যাদব। সেই মতোই চলছে শোষ মুহূর্তের প্রস্তুতিও। গতম্যাচে পাঁচ নম্বরে নেমে দলকে সামলেছিলেন এই তরুণ ক্রিকেটার। এই ম্যাচে আবার দলে ফিরছেন লোকেশ রাহুলও। আর সেটা যে তাদের বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে তাও সূর্য কুমারের কথা থেকে স্পষ্ট।
লিমিটেড ওভারের ফর্ম্যাটে দাপট দেখালেও, এখনও পর্যন্ত সেভাবে ভারতীয় দলের হয়ে টেস্ট খেলার সুযোগ তাঁর হয়নি। সেই সুযোগের অপেক্ষায় রয়েছেন এই তরুণ তারকা। এই প্রসঙ্গে সূর্যকুমার জানান, “লাল বলের ক্রিকেট খেলতে আমি সবসময়ই পছন্দ করি। যখনই সুযোগ পাই তখনই লাল বলের ফর্ম্যাট খেলি। ভারতীয় দলের হয়ে টেস্ট খেলার জন্য মুখিয়ে রয়েছি”।