দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে শিক্ষা নিয়েই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সাফল্য, জানালেন চাহাল
আপডেট করা - Feb 6, 2022 10:10 pm

আহমেদাবাদে ভারতের ১০০০ তম একদিনের ম্যাচ জয়ের অন্যতম কারিগড়ের নাম যুজবেন্দ্র চাহাল। একাই চার উইকেট নিয়ে এদিন ভারতীয় দলেক জয়ের ভিতটা মজবুত করে দিয়েছিলেন যুজবেন্দ্র চাহাল। ম্যাচ শেষে সেই পুরষ্কারও পেয়েছেন তিনি। ম্যাচের সেরার উপহার উঠেছে যুজবেন্দ্র চাহালের হাতে। আর তাতেই আপ্লুত ভারতীয় দলের এই তারকা স্পিনার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুযোগ পেয়েও সাফল্য পাননি তিনি। কিন্তু সেই সিরিজ থেকেই শিক্ষা নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সাফল্য তাঁর। ম্যাচ শেষে সেই কথাই শোনা গেল যুজবেন্দ্র চাহালের মুখ থেকে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এদিন তাঁর ওভারটাকেই যদি ম্যাচের টার্নিং পয়েন্ট বলা হয়ে থাকে, তবে হয়ত খুব একটা ভুল করা হবে না। ম্যাচের ২১ নম্বর ওভারে এসেই পুরান, কায়রন পোলার্ড ও ব্রুকসকে তুলে নিয়ে এদিন ম্যাচের ভবিষ্যত নিশ্চিত করে দেন তিনি। তাঁর দুর্ধর্ষ পারফর্ম্যান্সে মুগ্ধ ভারত অধিনায়ক থেকে প্রাক্তন ক্রিকেটাররা। ম্যাচ শেষে চাহালই ফাঁস করলেন তাঁর সাফল্যের কাহিনী।
দক্ষিণ আফ্রিকা সিরিজের বিডিও ফুটেজ দেখেই নিজেকে প্রস্তুত করেছেন যুজবেন্দ্র চাহাল
ম্যাচে শেষে সেরার উপহার হাতে ওঠার পর চাহাল জানান, “দক্ষিণ আফ্রিকা সিরিজের ম্যাচের ফুটেজ দেখি আমি। সেখানেই নিজের ভুলগুলোকে দেখি বারবার। এরপর থেকে ভুল শোধরানোর চেষ্টা শুরু করি”। এছাড়াও তাঁকে মাঠে রোহিত,বিরাট যে পরামর্শ দেন, তাও জানান চাহাল। তিনি আরও বলেন, “রোহিত, বিরাটের সঙ্গে মাঠে আলোচনা হয় আমার। সেখানেই তারা দুজন আমাকে বলেন এই পিচে গতির তারতম্যটাই প্রধান। আর সেই মতোই টার্নিং পেস কাজে লাগিয়ে সাফল্য পাই আমি। স্লোয়ার বলেই আসে সাফল্য”।
দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় একদিনের দলে সুযোগ পেয়েছিলেন যুজবেন্দ্র চাহাল। তিন ম্যাচের সেই একদিনের সিরিজেই তাঁর সামনে ছিল একশোটি উইকেট নেওয়ার সুযোগ। কিন্তু সেখানে একেবারেই সাফল্য পাননি ভারতীয় দলের এই লেগ স্পিনার। তিন ম্যাচে পেয়েছিলেন মাত্র ২টি উইকেট। তবে হাল ছাড়েননি। সেই থেকেই যেন জেদটা তাঁর আরও বেড়ে গিয়েছিল।
দেশে ফেরার পর থেকেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের সেই সিরিজের ফুটেজ দেখেছেন বারবার। সেখানে কোন জায়গায় ভুল করেছেন, তা নিয়েই চলেছে হিসাব নিকাশ। সেই ভুল শোধরানোর প্রস্তুতি সেরেছেন। পরামর্শ নিয়েছেন ভারতীয় দলের বোলিং কোচ পরণ মাম্বরের থেকেও। আর সেই প্রস্তুতির ফলই যুজবেন্দ্র চাহাল পেয়েছেন এদিন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে।
কায়র পোলার্ড, নিকোলাস পুরাণদের মতো ব্যাটরদের ফিরিয়ে দিয়ে যেমন ভারতের জয়ের নায়ক হয়ে গিয়েছেন, তেমনই ভারতীয় স্পিনার হিসাবে দ্রুততম ১০০ উইকেটের মালিকও হয়ে গিয়েছেন চাহাল। এই পারফরম্যান্সের ধারাই এখন ধরে রাখতে চান তিনি।