“কুলদীপের সামনে একটি খুব কঠিন রাস্তা” – চায়নাম্যান বোলারের পক্ষে আন্তর্জাতিক প্রত্যাবর্তন প্রসঙ্গে ভাজ্জি
গত বছরের জুলাইয়ে শেষবার ভারতের হয়ে খেলেছিলেন কুলদীপ
আপডেট করা - Jan 27, 2022 9:18 pm

বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারতীয় অফ-স্পিনার হরভজন সিং নির্বাচকদের ধৈর্য ধরে থাকার এবং কুলদীপ যাদবের সাথে লেগে থাকার আহ্বান জানিয়ে বলেছেন, বাঁহাতি কব্জি-স্পিনার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে এসে তাঁর ছন্দে আসতে কিছুটা সময় নেবেন। আহমেদাবাদে ৬ই ফেব্রুয়ারি থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন ৩ ম্যাচের সিরিজের জন্য ভারতের ১৮ সদস্যের ওডিআই স্কোয়াডে নির্বাচিত হওয়া কুলদীপ যাদব ভারতের হয়ে শেষবার ২০২১-এর জুলাইয়ে খেলেছিলেন।
কুলদীপ যাদব ২০১৯ বিশ্বকাপের পর থেকে সিনিয়র জাতীয় দলের হয়ে নিয়মিত খেলছেন না। চোটের সমস্যা এবং ধারাবাহিকতার অভাব বাঁহাতি স্পিনারকে তাঁর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সেও তাঁকে অনিয়মিত করে তুলেছে। গত ৩ বছরে মাত্র ১৪টি আইপিএল ম্যাচ খেলেছেন কুলদীপ। গত বছর তাঁর হাঁটুর অস্ত্রোপচার হয়েছিল।
২০১৯ বিশ্বকাপের পর থেকে কুলদীপ মাত্র ১৪টি ওডিআই এবং ৬টি টি-টোয়েন্টি খেলেছেন। যদিও মাঝের ওভারে ভারতের হয়ে উইকেট নিতে পারবেন এমন বোলারের অভাবের কারণে আবার কুলদীপের দিকে তাকিয়েছেন নির্বাচকরা।
চোট পাওয়ার কথা মাথায় ঘুরবে কুলদীপের, মনে করছেন হরভজন
হরভজন প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে বলেছেন, “কুলদীপের সামনে একটি খুব কঠিন রাস্তা। তিনি সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেট খেলেননি এবং তাই আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করা সহজ হবে না।”
“তিনি অস্ত্রোপচারের আগে নিয়মিত খেলছিলেন না এবং আপনি যখন সাদা বলে ফিরে আসছেন, তখন আপনার মনে প্রথম যে জিনিসটি থাকে তা হল ‘আমি যেন চোট না পেয়ে যাই’। তাই ভারসাম্য বজায় রাখতে হবে। দলে থাকা বা না থাকা নিয়ে স্বাভাবিকভাবেই অনেক নিরাপত্তাহীনতার সাথে মোকাবিলা করতে হয়। এটা মানসিক দৃঢ়তার পরীক্ষা,” তিনি যোগ করেন।
কেকেআরে কুলদীপের সাথে কাজ করা হরভজন শেষে বলেছেন, “আমি পরিষ্কার করে বলছি তিনি যদি শুরুতেই কয়েকটি উইকেট পেয়ে যান তা হলে তিনি একজন ভিন্ন বোলার হয়ে উঠবেন। কিন্তু সবকিছু পরিকল্পনা অনুযায়ী নাও চলতে পারে। তাঁর ছন্দে ফিরতে কিছুটা সময় লাগতে পারে। আমার একমাত্র পরামর্শ হবে যে তাঁর সাথে লেগে থাকা হোক কারণ আপনি তাঁর অতীতের পারফরম্যান্সের উপর ভিত্তি করে ভরসা দেখিয়েছেন এবং তাঁকে যথেষ্ট সময় এবং আত্মবিশ্বাস দিয়েছেন।”
কুলদীপ যাদবকে কেকেআর নিলামের আগে ছেড়ে দিয়েছে।