ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চতুর্থ টি-২০ ম্যাচে ভারতের জয়ের পর যশস্বী জয়সওয়ালের প্রশংসা করলেন আকাশ চোপড়া

Aakash Chopra and Yashasvi Jaiswal
Aakash Chopra and Yashasvi Jaiswal. (Photo Source: Twitter)

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চতুর্থ টি-২০ ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের প্রদর্শন করেছেন প্রতিভাবান ভারতীয় ব্যাটার যশস্বী জয়সওয়াল। তিনি মাত্র ৫১ বলে অপরাজিত ৮৪ রানের একটি অনবদ্য ইনিংস খেলেন। তার এই দুর্দান্ত ইনিংসটিতে ছিল ১১টি চার এবং ৩টি ছয়। তার এবং শুভমন গিলের হাত ধরে চতুর্থ ম্যাচটি খুব সহজেই জিতে নিয়েছে ভারত। এই মুহূর্তে চলতি সিরিজটি ২-২ অবস্থানে দাঁড়িয়ে রয়েছে। ১৩ই আগস্ট, রবিবার, লডারহিলের (ফ্লোরিডা, মার্কিন যুক্তরাষ্ট্র) সেন্ট্রাল ব্রওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়াম টার্ফ গ্রাউন্ডে এই টি-২০ সিরিজের পঞ্চম এবং শেষ ম্যাচটি খেলতে নামবে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচটিতে যে দল জয় পাবে তারা সিরিজ নিজেদের নামে করবে।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চতুর্থ টি-২০ ম্যাচটিতে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দলের জয়ের পর যশস্বী জয়সওয়ালের প্রশংসা করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া।

আকাশ চোপড়া নিজের ইউটিউব চ্যানেলে বলেন, “আমার কাছে ম্যাচসেরা কে? আমি যশস্বী জয়সওয়ালের সাথে যাচ্ছি। ভারতীয় জার্সিতে এটি ছিল তার চতুর্থ ম্যাচ। তিনি দুটি টেস্ট ম্যাচ খেলেছেন – প্রথম টেস্টে তিনি ১৭১ রান করেছিলেন এবং ম্যাচসেরা হয়েছিলেন। তিনি তার প্রথম টি-২০ ম্যাচে তাড়াতাড়ি আউট হয়ে গিয়েছিলেন কিন্তু দ্বিতীয় ম্যাচে তিনি শেষ পর্যন্ত অপরাজিত থাকেন এবং তার দলকে জিতিয়ে দেন। ম্যাচসেরা – যশস্বী জয়সওয়াল। তিনি চারবার ভারতের হয়ে খেলেছেন এবং দুইবার ম্যাচসেরার পুরস্কার জিতেছেন।”

তিনি আরও বলেন, “জয়সওয়াল যেভাবে খেলেন, তার যে অভিপ্রায় এবং ক্ষমতা আছে, তার মধ্যে আমরা ভবিষ্যতের সুপারস্টারকে দেখতে পাচ্ছি। তিনি তারকা নন, তিনি সুপারস্টার। আপনি তাকে তিনটি ফরম্যাটেই ভারতের প্রতিনিধিত্ব করতে দেখতে পাবেন এবং আমি নিশ্চিত যে তিনি জাতীয় দলের হয়ে ভালো পারফরম্যান্সের প্রদর্শন করতে থাকবেন।”

চতুর্থ ম্যাচে শুভমন গিলও ব্যাট হাতে রান পেয়েছেন

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্ৰথম তিনটি টি-২০ ম্যাচে ভালো রান করতে পারেননি শুভমন গিল। কিন্তু চতুর্থ ম্যাচে তিনি ব্যাট হাতে নিজেকে প্রমাণ করেছেন। তিনি মাত্র ৪৭ বলে ৭৭ রানের একটি দারুণ ইনিংস খেলেন। তিনি এই ইনিংসে ৩টি চার এবং ৫টি ছয় মারেন।

ভারত এই ম্যাচটিতে ৯ উইকেটে জয় পেয়েছিল। চলতি সিরিজের শেষ ম্যাচটি দুই দলের জন্যই খুব গুরুত্বপূর্ণ। শেষমেশ এই সিরিজটি কোন দল জেতে সেটাই এখন দেখার বিষয়।

close whatsapp