তৃতীয় টেস্টে ফেরার সম্ভাবনা বিরাট, ইশান্তের
চোট পাওয়া সিরাজ তো থাকছেনই না, এখন দেখা যাচ্ছে বিরাটকে জায়গা করে দিতে সরে যেতে হবে বিহারীকেও
আপডেট করা - Jan 10, 2022 12:58 pm

দক্ষিণ আফ্রিকা ও ভারতের মধ্যে তিন ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচ শুরু হবে ১১ই জানুয়ারি (মঙ্গলবার) থেকে কেপটাউনে। তার আগে সিরিজটি সমতায় রয়েছে। ওয়ান্ডারার্সে ২৪০ রানের লক্ষ্য অনায়াসে তাড়া করার পরে স্বাগতিকদের কাছে আত্মবিশ্বাস থাকবে। ওয়ান্ডারার্স এমন একটি কেন্দ্র ছিল যেখানে এর আগে ভারত পাঁচটি ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েও একবারও হারেনি। দ্বিতীয় টেস্টের আগে অধিনায়ক বিরাট কোহলির চোট পাওয়ায় খেলতে পারেননি, তার জায়গায় হনুমা বিহারী এসেছিলেন। তৃতীয় টেস্টে বিরাট, ইশান্তের প্রত্যাবর্তনের খবর পাওয়া যাচ্ছে।
অন্যদিকে, মহম্মদ সিরাজ প্রথম ইনিংসে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় ১০০ শতাংশ দিয়ে বোলিং করতে পারেননি, যার ফল ভুগতে হয়েছে ভারতকে। পিঠের ব্যাথা সারিয়ে কোহলি এখন সুস্থ হওয়ায় তৃতীয় টেস্টে তাঁর দলে ফিরে আসা প্রায় পাকা। নির্ধারক টেস্টের দুই দিন আগে নেটে ব্যাটিং করেছেন তিনি।
বিরাট, ইশান্তের জন্য জায়গা ছেড়ে দিতে পারেন বিহারী ও সিরাজ
টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুসারে, দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় ইনিংসে লড়াকু ৪০* করলেও বিহারী বাদ যেতে পারেন বিরাট কোহলিকে জায়গা করে দেওয়ার জন্য। বিহারী টেল এন্ডারদের সঙ্গে টিকে থেকে ভারতকে ২৪০ রানের একটি ভদ্রস্থ লক্ষ্য খাড়া করতে সাহায্য করেছিলেন। বিহারী এবং শ্রেয়াস আইয়ারের সুযোগ পাওয়া সম্পর্কে কথা বলতে গিয়ে, প্রধান কোচ রাহুল দ্রাবিড় বলেছিলেন যে এই দুজনকে তাঁদের সুযোগের জন্য অপেক্ষা করতে হবে।
এদিকে, প্রতিবেদনে আরও বলা হয়েছে যে দীর্ঘকায়া পেসার ইশান্ত শর্মা সিরাজের জায়গায় আসতে পারেন কারণ এই অভিজ্ঞ পেসার তাঁর নিখুঁত লাইন ও লেংথ ব্যবহার করে রানের গতি নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখেন। ইশান্ত ১০৫ টেস্টের অভিজ্ঞ ক্রিকেটার। তাঁর অভিজ্ঞতার যেমন একটি দাম রয়েছে তেমন তিনি একটি প্রান্ত ধরে কৃপণ বোলিং করে গেলে অপর প্রান্তে আক্রমণাত্মক বোলার এনে উইকেট নেওয়ার জন্য ঝাঁপানোর কথা ভাবতে পারেন অধিনায়ক।
ইশান্ত ছাড়া অন্য যে পেসার রয়েছেন ভারতের স্কোয়াডে তিনি হলেন উমেশ যাদব। সাম্প্রতিক সময়ে যখনই তিনি সুযোগ পেয়েছেন সেটি কাজে লাগিয়েছেন এবং দলকে হতাশ করেননি। ২০২১-এর ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে উমেশ শেষবার ভারতের হয়ে খেলেছিলেন। স্পিন-সহায়ক পিচে বেশী বোলিং করার সুযোগ পাননি তিনি। ১০ ওভার বল করে উইকেটশূণ্য থাকেন তিনি। ২০২১-এ ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে ভালো বোলিং প্রদর্শন ছিল তাঁর।