বিরাট-রোহিতের থেকে বিশেষ উপহার পেলেন রবি শাস্ত্রী
আপডেট করা - Nov 9, 2021 5:27 pm

টি-২০ বিশ্বকাপই কোচ রবি শাস্ত্রীর টিম ইন্ডিয়ার হেড কোচ হিসেবে শেষ টুর্নামেন্ট ছিল। নামিবিয়ার বিরুদ্ধে জয় দিয়েই বিশ্বকাপ যাত্রা শেষ করল টিম ইন্ডিয়া। কিন্তু মোটেই সুখকর হলো না এবারের টি -২০ বিশ্বকাপ। তবে বিদায় বেলায় বিরাট কোহলি এবং রোহিত শর্মার থেকে বিশেষ উপহার পেলেন রবি শাস্ত্রী।
বিদায়ী কোচকে অধিনায়ক বিরাট কোহলি এবং সহ- অধিনায়ক রোহিত শর্মা তুলে দেন বিশেষ উপহার। কোহলি ও রোহিত, উভয়েই নিজেদের একটি করে ব্যাট উপহার দিয়েছেন শাস্ত্রীকে। টিম ইন্ডিয়ার অন্দরমহল থেকে বিদায় নেওয়া ব্যাটিং কোচ বিক্রম রাঠোর, বোলিং কোচ ভরত অরুণ ও ফিল্ডিং কোচ আর শ্রীধরের সঙ্গে একটি গ্রুপ ছবিতে শাস্ত্রীকে দেখা যায় কোহলি ও রোহিতের কাছ থেকে উপহার পাওয়া দু’টি ব্যাট হাতে।
বিদায়ী ভাষণে রবি শাস্ত্রী বলেন, ‘দল হিসেবে তোমরা যে ভাবে খেলেছো, তাতে আমার প্রত্যাশা ছাপিয়ে গিয়েছে। গত কয়েক বছর ধরে গোটা বিশ্বজুড়ে ক্রিকেটের সমস্ত ফর্ম্যাটেই সব দলকে হারিয়ে ভারত এখন অন্যতম সেরা দল।’
অন্যদিকে, বিরাট কোহলি ম্যাচ শেষে টুইটে লেখেন, ‘আমরা একসঙ্গে নিজেদের লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছিলাম। কিন্তু শেষ পর্যন্ত পৌঁছতে পারিনি। এর জন্য আমদের চেয়ে বেশি কষ্ট কেউ পায়নি। আপনাদের সকল থেকে যে সমর্থন পেয়েছি তা অতুলনীয়। এর জন্য আমরা কৃতজ্ঞ। প্রতিজ্ঞা করছি আমরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসব এবং নিজেদের সেরাটা দেব। জয় হিন্দ।’