দীনেশ কার্তিককে টি২০ বিশ্বকাপের জন্য ইশান কিষাণের থেকে এগিয়ে রাখছেন রবি শাস্ত্রী
আপডেট করা - Apr 22, 2022 8:54 pm

সামনেই রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। তার আগেই দীনেশ কার্তিককে নিয়ে বিরাট মন্তব্য রবি শাস্ত্রীর। আসন্ন বিশ্বকাপের ঋষভ পন্থের সঙ্গে দ্বিতীয় উইকেট কিপার হিসাবে দীনেশ কার্তিককেই ভারতীয় দলে রাখা উচিত্ বলে মনে করেন শাস্ত্রী। আইপিএলে দীনেশ কার্তিকের পারফরম্যান্স দেখার পর থেকে অনেকেই তাঁকে নিয়ে উচ্ছ্বাস দেখিয়েছেন। তাদের থেকে খানিকটা এগিয়েই নিজের মত দিলেন রবি শাস্ত্রী। তাঁর মতে বর্তমান পারফরম্যান্সের বিচারে দীনেশ কার্তিককে বিশ্বকাপের দলে রাখা উচিত্।
এবারের আইপিএল শুরু হওয়ার আগে থেকেই নিজের লক্ষ্য স্থির করে ফেলেছিলেন দীনেশ কার্তিক। প্রথম থেকেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ফিনিশার হিসাবে খেলতে চেয়েছিলেন তিনি। আর আইপিএলের শুরু থেকেই নিজের লক্ষ্যে একেবারে সফল হয়েছেন দীনেশ কার্তিক। আর তা দেখার পর থেকেই দীনেশ কার্তিককে নিয়ে শুরু হয়ে গিয়েছে নতুন জল্পনা। আইপিএলে নামার আগে দীনেশ কার্তিক নিজেও যে ভারতীয় দলে ফেরার জন্য মুখিয়ে ছিলেন, সেই কথা গোপন করেননি তিনি।
এতদিন শোনাযাচ্ছিল যে সামনের টি টোয়েন্টি বিশ্বকাপে দীনেশ কার্তিক সুযোগ পেলে সেটা অতিরিক্ত ব্যাটার হিসাবে পেতে পারেন। কিন্তু ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী কিন্তু অন্য কথাই বলছেন। তাঁর মতে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে দীনেশ কার্তিকের উইকেটকিপার ব্যটার হিসাবেই ভারতীয় দলে সুযোগ পাওয়া উচিত্, মনে করছেন রবি শাস্ত্রী। বরং আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইশান কিষাণের থেকে তাঁকে এগিয়েই রাখছেন রবি শাস্ত্রী। অবশ্যই সেটা তাঁর আইপিএলের বর্তমান পারফরম্যান্সের ওপর নির্ভর করেই পাওয়া উচিত্ বলে মনে করেন তিনি।
আইপিএলে সাত ম্যাচ খেলে ছটিতেই অপরাজিত থেকেছেন দীনেশ কার্তিক
ইএসপিএন ক্রিকইনফো-কে দেওয়ার এক সাক্ষাতকারে রবি শাস্ত্রী জানিয়েছেন, “আমি তাঁর বর্তমান পারফরম্যান্স দেখেই বিচার করব। যে ধরণের শট তিনি খেলতে পারেন এবং তেমনই অভিজ্ঞতাটা রয়েছে তাঁর কাছে। আর যদি ফিটনেস নিয়ে কথা আসে তবে, অনেকের থেকেই দীনেশ কার্তিক এখন অনেক বেশী ফিট”।
এবারের আইপিএলে সাতটি ম্যাচের মধ্যে ছটিতেই অপরাজিত থেকেছেন তিনি। প্রতি ম্যাচেই শেষ মুহূর্তে নেমে রয়্যাল চ্যালেঞ্জারেস বেঙ্গালুরুকে একের পর এক ম্যাচে জয় এনে দিয়েছেন দীনেশ কার্তিক। সেই পারফরম্যান্স দেখেই আপ্লুত রবি শাস্ত্রী। তাঁর খেলার স্টাইল থেকে খেলার দক্ষতা এবং বিভিন্ন শট দেখে তাঁকেই বিশ্বকাপ খেলার জন্য এগিয়ে রাখছেন তিনি।
শাস্ত্রী আরও জানিয়েছেন, “তিনি প্রথম একাদশে থাকবেন কিনা জানি না কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে অবশ্যই থাকবেন দীনেশ কার্তিক। অস্ট্রেলিয়ার পিচ এবং পরিবেশে দীনেশ কার্তিক যেমন শট খেলেন তা খুবই গুরুত্বপূর্ণ। তাঁর কাট এবং পুল শট খেলার দক্ষতা অসাধারণ”।
এবারের আইপিএলে এই মুহূর্তে দীনেশ কার্তিকের রান ২১০। সামনে এখনও অনেক ম্যাচ রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরু। এমন ফর্ম বজায় রাখলে দীনেশ কার্তিক ভারতীয় দলে জায়গা করে নেবেন বলেই আশবাদী রবি শাস্ত্রী।