চাপের পরিস্থিতি কোহলির মতো খেলোয়াড়দের সেরাটা বের করে আনে, মত বিসিসিআই সভাপতি রজার বিনির
ভারত-পাকিস্তান ম্যাচ প্রসঙ্গে বিনি বলেছেন এমন ম্যাচ খুব বেশী দেখা যায় না
আপডেট করা - Oct 29, 2022 1:34 pm

নবনিযুক্ত বিসিসিআই সভাপতি রজার বিনি বিরাট কোহলির প্রশংসা করেছেন এবং পাকিস্তানের বিরুদ্ধে তাঁর ম্যাচ জেতানো ৮২*(৫৩) ইনিংসকে দর্শকদের জন্য একটি স্বপ্ন এবং উপহার হিসাবে বর্ণনা করেছেন। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এ দুই দলের অভিযানের প্রথম ম্যাচে এই ইনিংসটি খেলেছিলেন কোহলি এবং শেষ বলে রুদ্ধশ্বাস জয়ে তুলে নিয়েছিল ভারত।
ভারত-পাকিস্তান ম্যাচ সবসময়ই দুই দলের খেলোয়াড় ও সমর্থকদের জন্য বিশেষ। এবং এই ম্যাচটি ভারতীয়দের জন্য আরও বেশী স্মরণীয় ছিল কারণ তারা গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ১০ উইকেটের লজ্জাজনক পরাজয়ের শিকার হয়েছিল। ভারত বনাম পাকিস্তান ম্যাচ কম হওয়ায় বিনি উল্লেখ করেছেন দর্শকদের জন্য এই ধরনের খেলা অতিরিক্ত আনন্দ উপহার দেয়।
“এটা আমার জন্য স্বপ্নের মতো ছিল। কোহলি যেভাবে মাঠের সব দিকে বল মারছিল তা অভাবনীয়। এটি একটি দুর্দান্ত জয় ছিল। এমন ম্যাচ খুব বেশী দেখা যায় না যেখানে বেশীরভাগ সময় ম্যাচ পাকিস্তানের পক্ষে ছিল এবং আকস্মিকভাবে সেটি ভারতের দিকে চলে এসেছিল। এইরকম ম্যাচ ক্রিকেটের জন্য ভালো কারণ দর্শকরা এমন কিছুই দেখতে চায়,” শুক্রবার কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনে (কেএসসিএ) তাঁর সংবর্ধনা অনুষ্ঠানে বিনি বলেছেন।
ভারতের প্রাক্তন অধিনায়ক কোহলি বেশ কিছুদিন ধরে ফর্মের বাইরে ছিলেন, কিন্তু এশিয়া কাপ ২০২২ থেকেই তাঁকে ভিন্ন মেজাজে দেখা যাচ্ছে। মহাদেশীয় টুর্নামেন্টের আগে তিনি ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন এবং কয়েকটি দ্বিপাক্ষিক সিরিজ খেলেননি। তবে কোহলি দুর্দান্তভাবে ফিরে এসেছেন, এবং কেরিয়ারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি করেছিলেন আফগানিস্তানের বিপক্ষে।
যখন কোন দল ম্যাচ হেরে যায়, তখন সেটিকে সুষ্ঠুভাবে এবং সঠিকভাবে নেওয়া উচিত: স্টুয়ার্ট বিনি
“কোহলিকে নিজেকে প্রমাণ করতে হবে না। সে একজন উচ্চমানের খেলোয়াড় এবং তার মতো খেলোয়াড়রা চাপের পরিস্থিতিতে উন্নতি লাভ করে, চাপ তাদের সেরাটা বের করে আনে,” বিসিসিআই সভাপতি আরও যোগ করেন।
ভারত-পাকিস্তান ম্যাচটি বিতর্কেরও জন্ম দিয়েছিল। চূড়ান্ত ওভারে মহম্মদ নাওয়াজের একটি ডেলিভারিকে নো-বল হিসাবে বিবেচনা করা হয়েছিল, এবং অনেকেই দাবি করেছিলেন যে এটি কোমরের চেয়ে উঁচু বল ছিল না। সেই কথা বলতে গিয়ে বিনি যোগ করেছেন, “যখন কোন দল ম্যাচ হেরে যায়, তখন সেটিকে সুষ্ঠুভাবে এবং সঠিকভাবে নেওয়া উচিত, খেলাটি জেতার জন্য ভারত যেভাবে খেলেছে সেটার প্রশংসা করা উচিত।”