টানা উইকেট পড়লেও, এই পরিকল্পনাটির কারণেই সেঞ্চুরি করতে পেরেছিলেন প্রভসিমরান সিং
৬৫ বলে ১০৩ রানের ইনিংসের জন্য ম্যাচের সেরা হয়েছেন প্রভসিমরান
আপডেট করা - May 14, 2023 1:46 pm

পাঞ্জাব কিংসের (পিবিকেএস) তরুণ ওপেনার প্রভসিমরান সিং দিল্লি ক্যাপিটালস (ডিসি)-এর বিরুদ্ধে ঝকঝকে ইনিংস খেলে দলের জয়ে অবদান রেখেছেন। ম্যাচের পরে সেই ইনিংসের বিষয়ে তাঁর মানসিকতা প্রকাশ করেছেন। উল্লেখ্য, ১৩ই মে, শনিবার, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন দিল্লিকে ৩১ রানে হারিয়েছে পাঞ্জাব।
প্রথম ইনিংসে পাঞ্জাব নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছিল এবং সাত ওভারের নিচে ৪৫ রানে ৩ উইকেট পড়ে গিয়েছিল। তবে ওপেনার প্রভসিমরান শুরু থেকেই স্কোরবোর্ডে সচল রেখেছিলেন এবং ম্যাচের শেষ পর্যায়ে তাঁর পাওার-হিটিং প্রদর্শন করেছিলেন। ২২ বছর বয়সী উইকেটকিপার-ব্যাটার ৬৫ বলে ১০৩ রানের ইনিংস খেলতে ছয়টি ছক্কা এবং ১০টি চার হাঁকিয়েছিলেন। জয়ের পরে প্রভসিমরান প্রকাশ করেছেন যে তাঁর পরিকল্পনা ছিল যতক্ষণ বেশী সম্ভব ক্রিজে থাকা।
সুযোগের জন্য ম্যানেজমেন্টের কাছে সত্যিই কৃতজ্ঞ: প্রভসিমরান সিং
“আমরা শুরুতেই কয়েকটি উইকেট হারিয়েছি। তাই পরিকল্পনাটি ছিল খেলাটিকে একটু গভীরে নিয়ে যাওয়ার। আমি দীর্ঘ সময় ধরে এই দলের সঙ্গে আছি এবং বারবার সুযোগ পাওয়া গেলে তা কাজে লাগানো যায়। উইকেট শুরুতে কিছুটা কঠিন ছিল এবং পরিকল্পনা ছিল পার্টনারশিপ গড়ার। তারপরে বাছাই করা বোলারকে আক্রমণ করতে চেয়েছিলাম,” ম্যাচ-পরবর্তী উপস্থাপনায় প্রভসিমরান বলেছেন।
“আমি সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে কথা বলছিলাম। তারা আমাকে বলেছিল যে আমি যেন খেলাটিকে শেষ অবধি নিয়ে যাই এবংআমি ভালো শুরু পেলে যেন বড় স্কোর করতে পারি। সুযোগের জন্য ম্যানেজমেন্টের কাছে সত্যিই কৃতজ্ঞ,” তিনি যোগ করেছেন।
এখনও পর্যন্ত এই মরসুমে ১২ ইনিংস খেলে প্রভসিমরান ২৭.৮৩ গড়ে ৩৩৪ রান করেছেন যার মধ্যে একটি সেঞ্চুরি ও একটি হাফ-সেঞ্চুরি রয়েছে। এদিকে, পাঞ্জাব ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে এবং প্লে অফে জায়গা পেতে তাদের বাকি ম্যাচগুলিতে জিততে হবে।
ক্যাপিটালসের বিরুদ্ধে পাঞ্জাবের দুর্দান্ত জয়ে্র পরে প্রভসিমরান প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার জিতেছিলেন। এই হারের ফলে ডিসি আইপিএল ২০২৩-এর প্লে-অফের লড়াই থেকে বাদ পড়া প্রথম দল হয়েছে। শেষতম স্থানে থাকা ক্যাপিটালসের সংগ্রহে আট পয়েন্ট।