আইপিএল ২০২৩, ম্যাচ ৫০: ডিসি বনাম আরসিবি, প্রিভিউ, সম্ভাব্য একাদশ, হেড-টু-হেড এবং সম্প্রচার বিবরণ

দিল্লির একাদশে প্রত্যাবর্তন হতে পারে মিচেল মার্শের

Gujarat Titans vs Delhi Capitals
Delhi Capitals. (Photo Source: IPL/BCCI)

দিল্লি ক্যাপিটালস (ডিসি) ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) তাদের নিজ নিজ আগের ম্যাচে স্বল্প স্কোর করেও ম্যাচ জিততে সক্ষম হয়েছে এবং আগামী ৬ই মে, শনিবার, আইপিএল ২০২৩-এর ৫০তম ম্যাচে একে অপরের মুখোমুখি হবে। প্রথম পাঁচ ম্যাচে হারার পরে ডিসি বিগত চার ম্যাচে তিনটি ম্যাচ জিতে প্রত্যাবর্তন করতে সক্ষম হয়েছে।

ডিসি তাদের আগের ম্যাচে মাত্র ১৩০ রান করেছিল। তবে খলিল আহমেদ (২/২৪) ও ইশান্ত শর্মা (২/২৩) দুর্দান্ত বোলিং করে প্রতিপক্ষকে ১২৫ রানে সীমাবদ্ধ রেখেছিল। ছয় পয়েন্ট আইপিএল পয়েন্ট তালিকায় সবার শেষে থাকা ডিসিকে প্লে-অফে পৌঁছতে হলে, এখন সব ম্যাচই জিততে হবে।

রয়্যাল চ্যালেঞ্জার্স ১২৬/৯ স্কোর করার পরে প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টসকে ১০৮ রানে অল আউট করে ১৮ রানে জিতেছিল। মরসুমে প্রথম ম্যাচ খেলতে নেমে ১৫ রান দিয়ে ২ উইকেট নিয়ে নজর কেড়েছিলেন জশ হ্যাজেলউড। চলমান সংস্করণে আরসিবি ও ডিসি শেষবার মুখোমুখি হয়েছিল, তখন আরসিবি ২৩ রানে জিতেছিল।

পিচ কন্ডিশন

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের পিচে ব্যাটার ও বোলার উভয়ের জন্যই সহায়তা থাকবে। ১৭০-১৮০ রান একটি প্রতিযোগিতামূলক স্কোর হবে এবং টসজয়ী অধিনায়ক প্রথমে ফিল্ডিং বেছে নিতে পারেন। শিশিরের ফলে দ্বিতীয় ইনিংসে বোলিং কঠিন হবে।

উভয় দলের কম্বিনেশন

দিল্লি ক্যাপিটালস

ফিল সল্ট একটি ম্যাচে হাফ সেঞ্চুরি করলেও, বাকী তিন ইনিংসে এক অঙ্কের স্কোরে আউট হয়েছেন। তাঁকে বাদ দিয়ে উইকেটকিপিংয়ের দায়িত্ব দেওয়া হতে পারে সরফরাজ খানকে। আগের ম্যাচে চোটের কারণে মিচেল মার্শ খেলতে না পারলেও, আসন্ন ম্যাচে একাদশে ফিরে আসার সম্ভাবনা রয়েছে তাঁর। বোলিংয়ের সময়ে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলবেন খলিল আহমেদ।

সম্ভাব্য একাদশ: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), সরফরাজ খান (উইকেটকিপার), মিচেল মার্শ, মণীশ পান্ডে, রাইলি রসৌ, অক্ষর প্যাটেল, আমান হাকিম খান, রিপাল প্যাটেল, অনরিখ নর্কিয়া, কুলদীপ যাদব, ইশান্ত শর্মা।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

আগের ম্যাচে তিন নম্বরে অনুজ রাওয়াতকে খেলানোর পরিকল্পনা ব্যর্থ হয়েছিল। ডিসির বিরুদ্ধে সুয়াশ প্রভুদেসাইকে খেলিয়ে দেখতে পারে আরসিবি। মিডল অর্ডারে অন্তর্ভুক্তি হতে পারে হার্ড-হিটার মনোজ ভান্ডাগের। মহম্মদ সিরাজকে বোলিংয়ের সময়ে খেলিয়ে, ব্যাটিং একাদশের বাইরে রাখা হতে পারে।

সম্ভাব্য একাদশ: ফাফ ডু প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, সুয়াশ প্রভুদেসাই, গ্লেন ম্যাক্সওয়েল, মাহীপাল লোমরোর, মনোজ ভান্ডাগে, দীনেশ কার্তিক (উইকেটকিপার), ওয়ানিন্দু হাসারাঙ্গা, কর্ণ শর্মা, হার্শাল প্যাটেল, জশ হ্যাজেলউড।

হেড-টু-হেড

ম্যাচ – ২৯ | দিল্লি ক্যাপিটালস – ১০ | রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর – ১৮ | অমীমাংসিত – ১

সম্প্রচারের বিবরণ

ম্যাচের সময় – ভারতীয় সময় সন্ধ্যা ৭:৩০

টিভি সম্প্রচার – স্টার স্পোর্টস নেটওয়ার্ক

লাইভ স্ট্রিমিং – জিওসিনেমা অ্যাপ

close whatsapp