নিউ জিল্যান্ড বনাম ভারত টি-২০: স্কোয়াড, সময়সূচী, কেন্দ্র এবং যাবতীয় বিবরণ
তিন ম্যাচের সিরিজে ভারতের নেতৃত্বে থাকছেন হার্দিক পান্ডিয়া
আপডেট করা - Nov 16, 2022 8:20 pm

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এর পর, ভারত তাদের পরবর্তী সিরিজের জন্য নিউ জিল্যান্ড সফর করেছে। কিউয়িদের বিরুদ্ধে সাদা বলের দ্বিপাক্ষিক সিরিজের লড়াই শুরু হবে শুক্রবার, ১৮ই নভেম্বর। মেন ইন ব্লু এবং কিউইরা উভয়েই সদ্য সমাপ্ত আইসিসি ইভেন্টের সুপার ১২ পর্বে তাদের নিজেদের গ্রুপে শীর্ষে থাকলেও, দুই দলই সেমি-ফাইনালে হারের সম্মুখীন হয়েছে।
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ ও মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে চলা আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর দিকে নজর রেখে উভয় দলই এখন টি-টোয়েন্টিতে নতুনভাবে অভিযান শুরু করার কথা ভাববে। ১৮, ২০ এবং ২২শে নভেম্বর তিনটি টি-টোয়েন্টি খেলা হবে যথাক্রমে ওয়েলিংটন, মাউন্ট মাউঙ্গানুই ও নেপিয়ারে।
নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, কেএল রাহুলসহ অনেক সিনিয়র খেলোয়াড়কে বিশ্রাম দেওয়ায় ভারত একটি দ্বিতীয় সারির দল নিয়ে মাঠে নামবে। ভারতীয় টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেবেন তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তীব্র গতির পেসার উমরান মালিককে সুযোগ দেওয়া হয়েছে। টি-২০ বিশ্বকাপের দলে না থাকা দুই উইকেটকিপার সঞ্জু স্যামসন ও ঈশান কিষাণ নিউ জিল্যান্ড সফরে স্কোয়াডের অংশ।
পেস আক্রমণকে শক্তিশালী করার জন্য মহম্মদ সিরাজকে নির্বাচিত করা হয়েছে। স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে থাকছেন ওয়াশিংটন সুন্দর। বাঁ-হাতি রিস্ট-স্পিনার কুলদীপ যাদবকে সংক্ষিপ্ততম ফর্ম্যাটে নিজের জায়গা শক্ত করার সুযোগ দেওয়া হয়েছে।
চঅন্যদিকে, ব্ল্যাক ক্যাপস তাদের টি-২০ বিশ্বকাপের স্কোয়াডে খুব বেশী পরিবর্তন করেনি। উল্লেখযোগ্যদের মধ্যে ট্রেন্ট বোল্ট ও মার্টিন গাপ্টিল এই সিরিজের অংশ নন। নেতৃত্ব দেবেন তাদের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। টি-২০ বিশ্বকাপে বিশেষ সুযোগ না পাওয়া অ্যাডাম মিল্ন, মাইকেল ব্রেসওয়েলদের দিকে নজর থাকবে।
নিউজিল্যান্ড বনাম ভারত টি-২০ সিরিজ সম্পর্কে বিস্তারিতভাবে জানুন
স্কোয়াড
নিউ জিল্যান্ড
কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে (উইকেটকিপার), লকি ফার্গুসন, ড্যারিল মিচেল, অ্যাডাম মিল্ন, জেমস নিশ্যাম, গ্লেন ফিলিপ্স, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ইশ সোধি, ব্লেয়ার টিকনার।
ভারত
হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ঋষভ পান্ত (সহ-অধিনায়ক ও উইকেটকিপার), শুবমান গিল, ঈশান কিষাণ, দীপক হুডা, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ, ভুবনেশ্বর কুমার, উমরান মালিক।
নিউজিল্যান্ড বনাম ভারত টি-২০ সিরিজের সূচী
১ম টি-২০ – ১৮ই নভেম্বর, স্কাই স্টেডিয়াম, ওয়েলিংটন
২য় টি-২০ – ২০শে নভেম্বর, বে ওভাল, মাউন্ট মাউঙ্গানুই
৩য় টি-২০ – ২২শে নভেম্বর, ম্যাকলিন পার্ক, নেপিয়ার
নিউ জিল্যান্ড বনাম ভারত টি-২০ সিরিজের সম্প্রচার এবং লাইভ স্ট্রিমিং বিবরণ
ভারতে টিভিতে নিউ জিল্যান্ড বনাম ভারত সিরিজের কোনো সরাসরি সম্প্রচার হবে না। সফরের সমস্ত ম্যাচ অ্যামাজন প্রাইম ভিডিওতে লাইভ স্ট্রিম করা হবে।